নির্বাচনের দিন ঢাকা-৮ আসনের শান্তি বজায় রাখতে পাহারা দিতে আসছে সুপারম্যান, স্পাইডারম্যানসহ দুই দলীয় শান্তি কমিটি

৩০ পঠিত ... ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে

2 (1)

দেশে মহাসমারোহে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। এখানে সেখান এ মিছিল, সমাবেশের পাশাপাশি চিরাচরিত নিয়মে প্রতিদ্বন্দ্বীকে নিয়ে কথা চালাচালি সবই হচ্ছে। তবে এর মাঝে সবচেয়ে আলোচনায় আছে ঢাকা-৮ আসন। এই আসনের দুই প্রতিদ্বন্দ্বী হলেন মীর্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী। তাদেরকে নিয়ে আলোচনার শেষ নেই।

রিলসে রিলসে, ফেসবুকের ফিডে আমরা দেখতে পাচ্ছি নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন মির্জা আব্বাস গ্যাংস্টার। মীর্জা আব্বাস বলছেন নাসিরুদ্দীনকে দিয়ে আল্লাহ তার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন। এমন পাল্টাপাল্টি মতামত যেন থামছেই না। তবে এখনও গুরুতর অবস্থায় যায়নি। কিন্তু নির্বাচন যত আসন্ন ততই দুর্ঘটনা ঘটার আশঙ্কা বাড়ছে।

এগুলো চোখ এড়ায়নি আমাদের প্রিয় সব পাওয়ারফুল সুপারহিরোদেরও। তাই আসন্ন ১২ ফেব্রুয়ারী নির্বাচনের দিনে ঢাকা-৮ আসনে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেজন্য আসছে সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান, আয়রনম্যান, ক্যাপ্টেন আমেরিকাসহ সকল সুপারহিরোরা। এই আসনের শান্তি ফিরিয়ে আনতে ডিসি ইউনিভার্স ও মার্ভেল ইউনিভার্স একসাথে কাজ করবে বলেও সিদ্ধান্ত নিয়েছে। গঠিত হবে দুই দলীয় শান্তি কমিটি।

এ ব্যাপারে আমাদের সাথে ব্যক্তিগত ফোনকলে সুপারম্যান জানান, আমরা আসলে ঢাকা-৮ আসনের পরিস্থিতি নিয়ে একটু চিন্তিত। আমরা ঠিক করেছি সবাই মিলে একসাথে ঢাকা-৮ আসন পাহারা দিব। মীর্জা আব্বাস আবার গ্যাংস্টার তো…

ক্যাপ্টেন আমেরিকা নিজেই আমাদেরকে মেইল করে বলেছেন, আমি চাই আপনারা সবাইকে জানিয়ে দেন, ঢাকা-৮ আসনের কোনো ভয় নাই! আমরা সবাই আছি প্রোটেক্টিভ শিল্ড দিয়ে ঢাকা-৮ আসনের সিকিউরটির জন্য। আমরা আসছি খুব শীঘ্রই! এই ঢাকা-৮ আসনকে রক্ষা করতে আমরা ডিসি ও মার্ভেল একসাথে হয়ে দুই ভাইয়ের মতো কাজ করব।

এদিকে ঢাকা-৮ আসনের এক ভোটার এ খবর শুনে বেশ খুশি হয়ে বললেন, আমি তো বেশ টেনশনে ছিলাম, না জানি ভোটকেন্দ্রে পাটওয়ারী আর মির্জা আব্বাসের মাঝে কী ফাডাফাডিই লাগে! এখন যখন দুই দলীয় শান্তি কমিটি আসছে, আমার টেনশন দূর হয়েছে। নিশ্চিন্তে একটু ঘুমাতে পারব নির্বাচনের দিন।

৩০ পঠিত ... ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে

Top