আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। তবে গত তিনটি নির্বাচনে নিয়মিতভাবে অংশগ্রহণ করা একটি গুরুত্বপূর্ণ ভোটার শ্রেণি এবার ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ায় চরম হতাশায় ভুগছে বলে জানা গেছে। ওই শ্রেণিটি হচ্ছে মৃত ভোটার সমাজ।
গত কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগের জন্য রাতের ভোট এবং মৃত ভোটারদের সক্রিয় অংশগ্রহণ একটি প্রতিষ্ঠিত রীতি হয়ে উঠলেও এবারের নির্বাচনে তাদের কোনো ভূমিকা না থাকায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মৃত ভোটাররা। নাগরিক হিসেবে তাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ায় বিভিন্ন কবরস্থানে ইতোমধ্যে বিক্ষোভ শুরু হয়েছে।
সরেজমিনে কবরস্থানে গিয়ে দেখা যায়, কয়েকজন মৃত ভোটার কবরে শুয়ে শুয়েই প্ল্যাকার্ড ধরে রেখেছেন, যেখানে লেখা ‘মরেও ভোট দিতে পারি না, এই দেশ কোন পথে?’ কেউ কেউ আবার গণকান্না কর্মসূচি পালন করছেন। এক মৃত ভোটার গানের সুরে সুরে আমাদের বলেন, আঁপাঁ ছিঁলোঁ, ভোঁটেঁ আঁমাঁদেঁর ছাঁপাঁ ছিঁলোঁ, আঁজঁ আঁপাঁ নেঁইঁ, ভোঁটেঁ আঁমাঁদেঁরঁ ছাঁপাঁ নেঁইঁ।
এদিকে মৃত ভোটার সমাজের এক অনানুষ্ঠানিক মুখপাত্র দাবি করেছেন, নির্বাচন কমিশন তাদের সঙ্গে কোনো ধরনের সংলাপে বসেনি এবং ব্যালট বাক্সে কবরস্থানভিত্তিক বুথ চালুর বিষয়েও কোনো উদ্যোগ নেয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত ভোটার সমাজ তাদের ভোটাধিকার পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।


