আপনার মেয়ে কি অনেক হাসিখুশি? প্রফুল্ল? সবসময় আনন্দে থাকে? শৈশবের উচ্ছ্বলতা কি আপনার মেয়ের জীবনকে আনন্দে ভরিয়ে দিচ্ছে? তাহলে এখনই সময় বাল্যবিবাহ দিয়ে আপনার মেয়ের জীবনটা ধ্বংস করে দেওয়ার। বাল্যবিবাহের মাধ্যমে কীভাবে আপনার মেয়ের ভবিষ্যৎ সফলভাবে নষ্ট করবেন, জেনে নিন।
১। কিছু বুঝতে শেখার আগেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে দিয়ে তার শৈশবটাকে ধ্বংস করে দিতে চাইলে বাল্যবিবাহ দিন।
২। দ্রুত গর্ভধারণের মাধ্যমে তার শারীরিক ক্ষতি নিশ্চিত করতে চাইলে তাকে দ্রুত বাল্যবিবাহ দিন! সঙ্গে বোনাস হিসেবে থাকছে মৃত্যুঝুঁকিও।
৩। মেয়ের পড়াশোনা ও সুন্দর ক্যারিয়ারের স্বপ্নগুলোকে অঙ্কুরেই বিনাশ করে তাকে অন্যের ওপর নির্ভরশীল করে তুলতে চাইলে দ্রুত বিয়ে দিন।
৪। তার শারীরিক ও মানসিক বিকাশের পথ বন্ধ করে দিয়ে অপরিপক্ব বয়সেই তাকে রান্নাবান্না আর গৃহস্থালির চাপে পিষ্ট করতে চাইলে বাল্যবিবাহ দিন।
৫। পারিবারিক সহিংসতার শিকার হওয়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে এবং নিজের অধিকার সম্পর্কে কথা বলার শক্তি কেড়ে নিতে চাইলে তার বাল্যবিবাহ নিশ্চিত করুন।
৬। কৈশোরের আনন্দ আর বন্ধুদের সঙ্গে কাটানোর সময়টুকু কেড়ে নিয়ে তাকে চার দেয়ালের মাঝে বন্দি করে ফেলতে চাইলে দ্রুত বিয়ে দিন।
৭। অপরিণত বয়সে মা হওয়ার ফলে একটি রুগ্ন ও পুষ্টিহীন প্রজন্মের জন্ম দিতে চাইলে বাল্যবিবাহ দিন।
৮। মেয়ের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব পুরোপুরি ধ্বংস করে তাকে সারাজীবনের জন্য একটা বোঝা হিসেবে তৈরি করতে চাইলে বাল্যবিবাহ দিন।
৯। নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ না দিয়ে তাকে সারা জীবন আর্থিক অনিশ্চয়তা ও অভাবের মুখে ঠেলে দিতে চাইলে দ্রুত বিয়ে দিন।
১০। আইন অমান্য করে এবং সামাজিক অপরাধে লিপ্ত হয়ে নিজের মেয়ের সুন্দর ভবিষ্যৎ নিজ হাতে অন্ধকার করে দিতে চাইলে তাকে বাল্যবিবাহ দিন।



পাঠকের মন্তব্য