বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশে সবচেয়ে ভয়াল মাদকের নাম ইয়াবা। 'বাবা' নামে এটি ছড়িয়ে পড়েছে সমাজের বিভিন্ন স্তরে বিশেষ করে তরুণদের মাঝে। সারা দেশে ইয়াবার মূল যোগান আসে মুলত মায়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের সর্বদক্ষিণের এলাকা টেকনাফ থেকে। আর ইয়াবার সাথে জড়িয়ে সবচেয়ে বেশি যে নামটা শোনা যায়, তিনি কক্সবাজার-৪ আসন থেকে ২০০৮ এবং ২০১৪ দুই মেয়াদে সাংসদ হিসেবে দায়িত্ব পালন করা সাংসদ আবদুর রহমান বদি। নিঃসন্দেহে টেকনাফ-উখিয়া এলাকার সবচেয়ে আলোচিত ও সমালোচিত মানুষ তিনি। একাধিকবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের একাধিক মাদক ব্যবসায়ীর তালিকার শীর্ষে এসেছে আবদুর রহমান বদির নাম।
সম্পদের তথ্য গোপনের মামলায় আত্মসমর্পণের পর কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদিকে কারাগারে প্রেরণ করা হয়।
# এমপি বদি কারামুক্ত
৩০ অক্টোবর, ২০১৪ (বিডিনিউজ)
দুর্নীতি দমন কমিশনের করা সম্পদের তথ্য গোপন সংক্রান্ত মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর কারাগার থেকে ছাড়া পান কক্সবাজারের সংসদ সদস্য আব্দুর রহমান বদি।
# ইয়াবা পাচার: বদির স্বজন গ্রেপ্তার
১৩ ডিসেম্বর, ২০১৪ (বিডিনিউজ)
ইয়াবা পাচারে জড়িত হিসেবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা তালিকার তিন নম্বর ব্যক্তিকে মং মং সেনকে (মমসী) টেকনাফ থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হন। গ্রেপ্তার মং মং ওই এলাকার সংসদ সদস্য আবদুর রহমান বদির সৎ মায়ের বোনের ছেলে।
# বদির ভাইয়ের বাড়ি থেকে রোহিঙ্গা আটক
১৪ ডিসেম্বর, ২০১৪ (বিডিনিউজ)
ইয়াবা পাচারকারী তালিকায় থাকা বদির দুই ভাই মো. শফিক ও মো. ফয়সালকে আটক করতে টেকনাফে তাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে শফিক ও ফয়সালকে না পাওয়া গেলেও বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে অবস্থান করা মিয়ানমার নাগরিক মো. শামসুল আলমকে পাওয়া যায়।
# তিন তালিকাতেই সাংসদ বদি
১৮ জুন, ২০১৫ (প্রথম আলো)
মানব পাচার, ইয়াবা ও রোহিঙ্গাদের বৈধকরণ—এই তিন অপরাধমূলক কর্মকাণ্ডে টালমাটাল পর্যটন শহর কক্সবাজার। সরকারের খাতায় এই তিন অপরাধেরই প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নাম এসেছে কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাংসদ আবদুর রহমান বদির। সঙ্গে ছিলেন তার ছয় ভাইসহ ২৬ জন কাছের ও দূরের আত্মীয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা টেকনাফের শীর্ষ ৭৯ মানব পাচারকারীর তালিকায় সাংসদ বদির নাম ছিল ১ নম্বরে। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে এই তালিকা করা হয়। একই বছরের ডিসেম্বরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে আরেকটি তদন্ত হয়। তাতে সাংসদের আট আত্মীয়কে মানব পাচারকারী হিসেবে চিহ্নিত করা হয়।
এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকায়ও সাংসদ বদিকে মাদকের মূল পৃষ্ঠপোষক বলা হয়। ওই তালিকায় তার ১৭ জন আত্মীয়ের নাম আছে।
# প্রকৌশলীকে পেটালেন এমপি বদি
১২ আগস্ট, ২০১৫ (বিডিনিউজ)
উখিয়া উপজেলা পরিষদের সহকারী প্রকৌশলীকে মারধর ও গালাগালির অভিযোগ আসে বদির বিরুদ্ধে।
# বদির ইয়াবা পাচারের প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
৩ সেপ্টেম্বর, ২০১৫ (বিডিনিউজ)
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় ইয়াবা পাচারের হোতা হিসেবে আব্দুর রহমান বদির নাম এলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, ‘এই সংসদ সদস্যের বিরুদ্ধে এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি।’
‘অনেকের নাম আছে। অনেকে ইমোশনালি নাম দেয় যে এটা হতে পারে। এটা হতে পারে, বা হতে পারে না, তা তো তদন্তের বিষয়। তদন্তে প্রমাণ তো পেতে হবে,’ তিনি আরও বলেন ‘অনেকের নামই আছে। কিন্তু তার (বদি) সংশ্লিষ্টতার প্রমাণ পাইনি।’
# দুর্নীতি মামলায় সাংসদ বদির বিচার শুরু
৮ সেপ্টেম্বর, ২০১৫ (বিডিনিউজ)
প্রায় ১১ কোটি টাকার সম্পদের তথ্য গোপনের মামলায় কক্সবাজারের আলোচিত সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিচার শুরুর আদেশ দেয় আদালত।
# ইয়াবা নিয়ে চ্যালেঞ্জ দিলেন বদি
২ জানুয়ারি, ২০১৬ (এনটিভি অনলাইন)
এক সাক্ষাৎকারে আবদুর রহমান বদি ইয়াবার দোষ সাংবাদিকদের ঘাড়ে চাপিয়ে দেন। বদি বলেছিলেন, ‘ইয়াবা ১০ টাকা দামের আছে। ইয়াবা ১৫ টাকা দামের আছে, ইয়াবা ২০০ টাকা দামের আছে। ২০০ টাকা দামের ইয়াবাগুলো ধরা হলো, ১০ টাকা দামের ইয়াবাগুলো সাংবাদিকদের কাছে বিক্রি করা হলো। সাংবাদিকরা ভাইয়েরা এগুলো নিয়ে চিটাগাংয়ে বিক্রি করছেন। একটু খবর নেন। আমার কথা যদি মিথ্যা হয়! খবর নেন। আমি চ্যালেঞ্জ ঘোষণা করছি। কোনো ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে যদি কথা বলেছি, এক কাপ চা খেয়েছি, আমার মোবাইল নম্বর ট্র্যাকিং আছে, এ রকম যদি ট্র্যাকিং থাকে সেটা প্রমাণ করতে পারলে জাতীয় সংসদের পবিত্রতা রক্ষার্থে জনগণের কাতারে চলে আসব।’
# আমি সৎ, ব্যবসা করে খাই: এমপি বদি
২৯ জুন, ২০১৬ (বিডিনিউজ)
বদির বিরুদ্ধে করা দুদকের অবৈধ সম্পদ অর্জনের মামলার বিচারকাজ চলাকালে আদালতে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বদি বলেন ‘আমি খেলাপিও না, জ্ঞাত আয়বহির্ভূত কোনো সম্পদও আমি অর্জন করিনি। আমি কোনো অন্যায় করিনি। আমি নির্দোষ; সৎ ব্যবসায়ী, ব্যবসা করে জীবিকা নির্বাহ করি।’
#সৌদি নাগরিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকে সাংসদ বদিও: বিজিবি
৩১ জুলাই, ২০১৬ (বিডিনিউজ)
কক্সবাজারের টেকনাফে আটক করা হয় দুই সৌদি নাগরিককে। বিজিবি জানায়, তাদের সঙ্গে বৈঠকে এক আরএসও নেতাসহ স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিও উপস্থিত ছিলেন।
# দুর্নীতির দায়ে সাংসদ বদির কারাদণ্ড
২ নভেম্বর, ২০১৬ (বিডিনিউজ)
সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০১৪ সালে সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলায় বদিকে দুর্নীতির দায়ে তিন বছরের কারাদণ্ড এবং দশ লাখ টাকা জরিমানা করে আদালত।
# সাংসদ বদি জামিনে মুক্ত
২০ নভেম্বর, ২০১৬ (বিডিনিউজ)
১৮ দিন কারাবাসের পর মুক্তি পান সম্পদের তথ্য গোপনের মামলায় দণ্ডিত সংসদ সদস্য আবদুর রহমান বদি।
# তুমি আর নমিনেশন পাচ্ছ না: বদিকে কাদের
২ জুন, ২০১৭ (বিডিনিউজ)
টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক দিয়ে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংসদ বদিকে উদ্দেশ্য করে বলেন, ‘দুই দুইবার এমপি হইলা। কিন্তু এটুকু সামান্য ক্ষতিগ্রস্ত সড়ক ঠিক করতে পারলা না। জনগণের এই ভোগান্তির জন্য তোমার শিক্ষা পাওয়া উচিত। তোমাকে আগামীবার নমিনেশন দেওয়া হবে না।’
# আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ বদি
২০ মার্চ ২০১৭ (বিডিনিউজ)
সম্পদের তথ্য গোপন বিষয়ে দুদকের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন আব্দুর রহমান বদি।
# ওবায়দুল কাদেরকে আপ্যায়নে বদি
সেপ্টেম্বর, ২০১৭
জাতীয় নির্বাচনে সাংসদ নির্বাচিত হবার পর সংসদ ভবনে শপথ অনুষ্ঠানের পর স্বামী বদিকে পাশে রেখেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাহীন আক্তার বলেন, ‘মাদক, ইয়াবা ব্যবসাসহ সকল ধরনের অপকর্ম বন্ধ করতে যা যা করণীয়, আমি তাই করব।’
# ইয়াবা কারবারিদের আত্মসমর্পণের আহ্বান বদির
১২ জানুয়ারি, ২০১৯ (প্রথম আলো)
তালিকাভুক্ত ইয়াবা কারবারিদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে সদ্য সাবেক হওয়া সাংসদ বদি বলেন, ‘ছেলেহারা মা-বাবা, স্বামীহারা স্ত্রী ও বাবাহারা সন্তানদের কথা চিন্তা করে আপনারা আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত থাকেন। সবাইকে মিলে টেকনাফের ইয়াবার বদনাম ঘোচাতে হবে। তালিকাভুক্ত ও তালিকার বাইরে যেসব ইয়াবা কারবারি আছেন, তাঁরা সবাই আত্মসমর্পণ করুন। এ ইয়াবা টেকনাফবাসীর জন্য অভিশাপ।’
# এবার আত্মসমর্পণের সমন্বয়ক বদি
২৩ জানুয়ারি, ২০১৯ (প্রথম আলো)
আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বদি নিজেই যেন হয়ে যান সমন্বয়ক। তার বিরুদ্ধে থাকা অভিযোগ আরও একবার অস্বীকার করে বলেন, ‘ইয়াবা সিন্ডিকেট মোটা টাকা ঢেলে প্রশাসনের বিভিন্ন তালিকায় অন্যায়ভাবে আমার নাম ঢুকিয়েছিল। আমি ইয়াবা ব্যবসা করি না। যাঁরা অপরাধী, তাঁরাই এখন আত্মসমর্পণ করবেন।’
বদির তিন ভাইসহ ১০ আত্মীয় পুলিশি হেফাজতে থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাই-বোন-ভাগনে যাদের নাম এসে পড়ছে, আমি বলছি তোমরা আইনের আশ্রয় নিয়ে যাও। জড়িত আছে কি নেই, সেটা এখন বলব না। আদালতে গিয়ে প্রমাণ করতে হবে। সবার সঙ্গে কথা বলেছি। পুলিশ ধরে...বাড়ি দিলেই তো সত্য কথা বলবে।’
# টেকনাফকে ইয়াবামুক্ত করতে দোয়া চান বদি
২৬ জানুয়ারি, ২০১৯ (বাংলা ট্রিবিউন)
টেকনাফে আয়োজিত একটি দোয়া মাহফিল সভায় অতিথির বক্তব্যে আবদুর রহমান বদি বলেন, 'আজ আমরা শপথ নেবো টেকনাফকে ইয়াবামুক্ত করতে। আমি ইয়াবামুক্ত টেকনাফ করতে চায়। প্রশাসনকে সহযোগিতা করতে চায়। তবে আমার পক্ষে একা সহযোগিতা করা সম্ভব নয়, তাই সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়। আল্লাহর কাছে দোয়া করবেন যাতে উখিয়া-টেকনাফকে ইয়াবামুক্ত করতে পারি।'
পুরো ভাষণটি শুনতে-
তথ্যসূত্র: প্রথম আলো, বিডিনিউজ টুয়েন্টিফোর, সময় নিউজ, প্রিয় ডট কম, জাগো নিউজ, সমকাল, বাংলা ট্রিবিউন, এনটিভি অনলাইন, বাংলাদেশ প্রতিদিন, পরিবর্তন ডট কম।






পাঠকের মন্তব্য