বাংলা থিয়েটারের শুরু হয়েছিল আজকে এই রাশিয়ানের হাত ধরে

১৪ পঠিত ০ ... ২ ঘন্টা ৪৪ মিনিট আগে

 

5 (24)

 

১৭৯৫ সালের ৫ নভেম্বর। কলকাতার ক্যালকাটা গেজেটে একটা বিজ্ঞাপন প্রকাশিত হলো। বিজ্ঞাপনে জানানো হচ্ছে, কলকাতায় নতুন একটা থিয়েটার চালু হতে যাচ্ছে। নাম ‘বেঙ্গলী থিয়েটার’। আর এই থিয়েটার তৈরি করছেন রাশিয়া থেকে আসা এক ভদ্রলোক, গেরাসিম লেবেদেফ।

মজার ব্যাপার হলো, লেবেদেফ নিজে বাঙালি না, এমনকি ভারতীয়ও না। রাশিয়া থেকে কলকাতায় এসে বাংলা ভাষা শিখছেন, বাংলা সংস্কৃতির প্রতি আগ্রহী হইছেন, তারপর ভাবলেন একটা বাংলা থিয়েটারই খুলে ফেলি। যেই ভাবা সেই কাজ! কলকাতার ২৫ নম্বর ডোমতলায় (বর্তমান এজরা স্ট্রিট) তৈরি করলেন নিজের থিয়েটার।

প্রথম নাটক হিসেবে বেছে নিলেন ইংরেজি কমেডি ‘দ্য ডিসগাইজ’। তবে সরাসরি ইংরেজিতে নয়, বাংলায় অনুবাদ করে নাম দেওয়া হলো ‘কাল্পনিক সংবদল’। এই কাজে তাকে সাহায্য করেছিলেন তার বাংলা শিক্ষক গোলোকনাথ দাস। অর্থাৎ রাশিয়ান পরিচালকের সঙ্গে বাঙালি শিক্ষকের যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে বাংলা থিয়েটারের নতুন অধ্যায়।
আর এখানেই ছিল আসল চমক। শুধু বিদেশি নাটক বাংলায় অনুবাদ করেই ক্ষান্ত হননি লেবেদেফ। নাটকের সাজসজ্জা, গান সবকিছুতেই দেশীয় সংস্কৃতি রাখলেন। এমনকি মঞ্চে নারী অভিনেত্রীদেরও অভিনয়ের সুযোগ দিলেন। এখনকার দিনে এটা খুব স্বাভাবিক মনে হলেও, ১৭৯৫ সালের কলকাতায় ব্যাপারটা মোটেও স্বাভাবিক ছিল না। তখন মঞ্চে নারী অভিনেত্রী দেখাটাই ছিল বড় ঘটনা।

২৬ নভেম্বর ক্যালকাটা গেজেটে আবার বিজ্ঞাপন বের হলো। এবার নাটকের টিকিটের দামও জানানো হলো। বক্স ও পিটের টিকিট আট সিক্কা টাকা, আর গ্যালারির চার টাকা। নাটক শুরু হবে রাত আটটায়। মানে, তখনও থিয়েটার দেখতে গেলে টিকিট কেটে যেতে হতো। শুধু ফেসবুকে পোস্ট দেখে রিভিউ দেওয়ার সুযোগ ছিল না!
অবশেষে ২৭ নভেম্বর ১৭৯৫ সালে মঞ্চস্থ হলো ‘কাল্পনিক সংবদল’। ইউরোপীয় মঞ্চের নিয়মে ভারতীয় ভাষায় অভিনীত প্রথম আধুনিক নাটক হিসেবে এটি বাংলা নাটকের ইতিহাসে জায়গা করে নেয়। পরে ১৭৯৬ সালের ২১ মার্চ নাটকটি আবারও মঞ্চস্থ হয়েছিল। এর মধ্যে মলিয়েরের ‘লাভ ইজ দ্য বেস্ট ডক্টর’ নাটকের বাংলা রূপান্তরও মঞ্চে এনেছিলেন লেবেদেফ।

তবে সব গল্পের শেষটা সিনেমার মতো হয় না। লেবেদেফের থিয়েটারও বেশিদিন টেকেনি। নানা সমস্যা, আর্থিক সংকট আর এক অগ্নিকাণ্ডের কারণে একসময় বন্ধ হয়ে যায় তার স্বপ্নের থিয়েটার।

কিন্তু একটা ব্যাপার ভাবার মতো। বাংলা থিয়েটার নিয়ে যখন বাঙালিরা সেভাবে উদ্যোগী হয়ে ওঠেননি, তখন রাশিয়া থেকে আসা একজন মানুষ কলকাতায় এসে বাংলা ভাষায় থিয়েটার করছেন, বাঙালি শিক্ষককে সঙ্গে নিচ্ছেন, দেশীয় গান ব্যবহার করছেন, আবার নারী অভিনেত্রীদেরও মঞ্চে আনছেন। বলা যায়, বাংলা থিয়েটারের দরজায় প্রথম দিককার জোরালো ধাক্কাটা দিয়েছিলেন একজন রুশ ভদ্রলোক। ইতিহাসেরও মাঝে মাঝে বেশ অদ্ভুত কাস্টিং হয়!

১৪ পঠিত ০ ... ২ ঘন্টা ৪৪ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top ​