মাননীয় মন্ত্রী, আপনাকে আমরা হারাতে চাই না!

১ পঠিত ০ ... ১ ঘন্টা ৫ মিনিট আগে

21 (41)

 

মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সমীপেষু,

আজ সকাল থেকেই আমার ছাদবাগানের টবটায় একটা অদ্ভুত কাণ্ড ঘটছে। একটা চড়ুই পাখি আপ্রাণ চেষ্টা করছে একটা খালি প্লাস্টিকের চায়ের কাপের ভেতর তার নীড় বাঁধতে। কিন্তু হালকা বাতাসের ধাক্কায় প্রতিবারই তার ছোট্ট সংসারটা মাটিতে লুটিয়ে পড়ছে। আর সে আবার নতুন উদ্যমে খড়কুটো কুড়াতে শুরু করছে।

আপনাকে এই চিঠিটা লিখতে গিয়ে বারবার আমাদের দেশের সাধারণ মানুষের কথা মনে পড়ছে। তারাও প্রতিদিন সকালে বেঁচে থাকার নতুন আশা নিয়ে ঘর থেকে বের হয়। তারপর হঠাৎ কোনো বাস, লরি বা ডাম্প ট্রাকের নিচে পড়ে তাদের রক্তে পিচঢালা রাস্তা লাল হয়ে যায়।

আমি জানি, আপনি বিশাল সব মেগা প্রকল্প, ফ্লাইওভার আর পিচঢালা রাস্তার মসৃণতার হিসাব রাখতে গিয়ে বেশ ব্যস্ত সময় পার করেন। তাই হয়তো রাস্তার এই রক্তের লাল রং আপনার চোখে পড়ার সুযোগ পায় না।

কিন্তু গত মাত্র তিন দিনের হিসাবটাই যদি ধরি, ২ নভেম্বর কুমিল্লা মহাসড়কসহ দেশের বিভিন্ন জায়গায় ষোলোটিরও বেশি তাজা প্রাণ ঝরে গেল। ৩ নভেম্বর সীতাকুণ্ডে বেপরোয়া লরির ধাক্কায় বাস উল্টে ২১ বছর বয়সী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মুশফিরাত চিরদিনের মতো নীরব হয়ে গেলেন। আর আজ ৪ নভেম্বর সকালেই মিরপুর বেড়িবাঁধে অটোরিকশা ও বাসের সংঘর্ষে চারজন মারা গেলেন।

এগুলো অবশ্য সংবাদপত্রের পাতায় আসা বিশ-বাইশটা সংখ্যার গল্প মাত্র। দু-একদিন আলোচনা হবে, তারপর আমরা নতুন কোনো খবর নিয়ে ব্যস্ত হয়ে পড়ব। শুধু যাদের ঘরের মানুষগুলো আর ফিরবে না, তাদের কাছে ঘটনাগুলো কোনোদিন পুরোনো হবে না। আর যেসব প্রাণের খবর সংবাদপত্র পর্যন্ত পৌঁছায় না, সেগুলোর হিসাব তো বাতাসেই মিলিয়ে যায়।

ঘর থেকে বের হলে এখন ভয় করে। প্রতিদিন একটা চিন্তা মাথায় ঘোরে, আজ রাতে সুস্থ শরীরে ঘরে ফিরতে পারব তো? নাকি কোনো বেপরোয়া গাড়ির বাম্পারে লেগে কালকের পত্রিকার কোণার ছোট্ট একটা সংবাদের অংশ হয়ে যাব!

আমাদের দেশে আবহাওয়ার পূর্বাভাস থেকে শুরু করে ফলনের খবর, সবই পাওয়া যায়। শুধু নিশ্চিতভাবে জানা যায় না, আজ দিনশেষে বাড়ি ফেরা হবে, নাকি মর্গে।

তাই মাননীয় মন্ত্রী, আপনার কাছে খুব আকুল একটা মিনতি। আপনি দয়া করে সাবধানে, ভিআইপি প্রটোকল মেনে রাস্তায় চলাফেরা করবেন। রাস্তায় কী পরিমাণ দুর্ঘটনা ঘটে, সে সম্পর্কে আপনার বোধহয় তেমন ধারণা নাই।

আপনাকে আমরা হারাতে চাই না।

আপনি ভালো থাকুন, সাবধানে থাকুন। আর সম্ভব হলে এই অভাগা চড়ুই পাখিগুলোর মাথার ওপর একটু নিরাপত্তার ছায়া দেওয়ার ব্যবস্থা করুন।

ইতি,
এক ভীত ও আশঙ্কিত সাধারণ নাগরিক

১ পঠিত ০ ... ১ ঘন্টা ৫ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top ​