বিশ্বজুড়ে ‘নাজিয়ারা’

২৫ পঠিত ... ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে

 নাজিয়া! কী দারুণ ড্রাম বাজায়! কিন্তু কী আশ্চর্য! নাজিয়ার ড্রাম বাজানোটা মানুষের চোখেই পড়লো না! চোখে পড়লো হিজাব! কমেন্টবক্সে শুরু হলো ছিঃ ছিঃ রব, হিজাব পরা মেয়ে কেন ড্রাম বাজাবে! ধর্ম গেলো! জাত গেলো! সমাজও গেলো!

অথচ হিজাবের সাথে তো ড্রাম বাজানোর কোনো বিরোধ নেই! হিজাব পরেও একজন মেয়ে ড্রাম বাজাতে পারে, আবার হিজাব না পরেও বাজাতে পারে!

নাজিয়ার ঘটনা শুধু বাংলাদেশেই না, নানান দেশেই এমন ঘটনা আছে। তবে হিজাবি মেয়েরা দমে যায়নি। তারা হিজাব পরেই হেঁটে চলেছে নিজের স্বপ্নের পথে।

শুধু বাংলাদেশেই না, বিশ্বের নানান প্রান্তে এমন ‘নাজিয়া’রা ছড়িয়ে-ছিটিয়ে আছে। চলুন, তাদের নিয়ে জানা যাক—

 

১. ভয়েস অফ বাসেপ্রোট:

ফিন্ডা মার্স্যা, উইডি রহমাওয়াতি ও সিরি আয়েশা, তিন বন্ধু। তারা হিজাব পরেন, আবার ব্যান্ডও করেন! এই-সেই ব্যান্ড না, রীতিমতো হেভি মেটাল ব্যান্ড। গিটার আর ড্রামের তালে মঞ্চে মঞ্চে ঘুরে তারা বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। পারফরম্যান্সে মুগ্ধ না এমন সঙ্গীতপ্রেমী খুঁজে পাওয়া মুশকিল। ইউটিউবে এই হিজাবি ব্যান্ডের ফলোয়ার ৪ লাখ ২১ হাজারের বেশি। ইউরোপ, আমেরিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে তারা গান গেয়েছেন।

 

২. মোনা হায়দার:

 মোনা একজন সিরীয়-আমেরিকান মুসলিম শিল্পী, র‍্যাপার, কবি ও সমাজকর্মী। তিনি আলোচনায় আসেন তাঁর অভিষেক গান “হিজাবি” দিয়ে। গানটিতে হিজাব পরা নারীদের ক্ষমতায়ন এবং বর্ণবাদী আচরণের প্রতিবাদ উঠে এসেছে। বিলবোর্ড ম্যাগাজিন গানটিকে ২০১৭ সালের অন্যতম সেরা প্রতিবাদী গান এবং সর্বকালের সেরা ২৫টি নারীবাদী সঙ্গীতের একটি হিসেবে স্বীকৃতি দেয়। তাঁর ইউটিউব চ্যানেলে প্রায় ১,৪৫,০০০ সাবস্ক্রাইবার রয়েছে।

 

৩. আলিয়া শারিফ:

 তিনি র‍্যাপার, হিপ-হপ শিল্পী, চলচ্চিত্র নির্মাতা এবং সামাজিক কর্মী। আমেরিকার হিপ-হপ জগতে সুপরিচিত এই হিজাবি শিল্পী ‘দ্য হিজাবি ক্রনিকলস’-এর প্রতিষ্ঠাতা। আত্মপরিচয়, ধর্মীয় বিশ্বাস, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক অবিচারের বিষয়গুলো তিনি তাঁর শিল্পে তুলে ধরেন। কেনড্রিক লামার এবং ইয়াসিন বে (মস ডেফ)-এর মতো শিল্পীদের সঙ্গে মঞ্চ শেয়ার করেছেন তিনি।

 

৪. ইউনা:

 পুরো নাম ইউনালিস বিনতি মাত জারাই সিনক্লেয়ার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই পপ তারকা হিজাব পরে গিটার ও অ্যাকোস্টিক যন্ত্র বাজিয়ে বিশ্বমঞ্চে আলোড়ন সৃষ্টি করেছেন। তাঁর গান ‘ক্রাশ’ বিলবোর্ড চার্টে স্থান পেয়েছে।

 

৫. বুঙ্গা

 মালয়েশিয়ার জনপ্রিয় হিপ-হপ ও র‍্যাপ শিল্পী এবং অভিনেত্রী বুঙ্গা (নুর আয়ু ফাতিনি মোখতারি) হিজাব পরে পারফর্ম করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন। তিনি মালয়েশিয়ার ঐতিহ্যবাহী পোশাক (বাজু কুরুং) পরে লাইভ ব্যান্ড ও আধুনিক বাদ্যযন্ত্রের তালে র‍্যাপ পরিবেশন করেন। তাঁর ইউটিউব চ্যানেলে প্রায় ১৫ হাজার সাবস্ক্রাইবার রয়েছে।

 

৬. শিলা আমজাহ:

 তিনি একজন জনপ্রিয় পপ গায়িকা, গীতিকার এবং বহুবাদ্যযন্ত্র শিল্পী। চীনের বিখ্যাত রিয়েলিটি শো “আই অ্যাম এ সিঙ্গার”-এ অংশ নিয়ে হিজাব পরিহিত স্টাইল ও অসাধারণ কণ্ঠ দিয়ে আন্তর্জাতিক দর্শকের মন জয় করেন। তিনি প্রায় ১০টি ভাষায় গান গাইতে পারেন। ২০১৮ সালে ফোর্বস তাঁকে এশিয়ার ‘৩০ আন্ডার ৩০’ তালিকায় অন্তর্ভুক্ত করে। তাঁর ইউটিউবে ৪,৩৩,০০০-এর বেশি অনুসারী রয়েছে।

 

৭. ঘালিয়া চাকের:

 সিরীয় বংশোদ্ভূত এই শিল্পী দুবাইয়ে বড় হয়েছেন। তিনি R&B, হিপ-হপ, ইলেকট্রোপপ, ইন্ডি ও জ্যাজের মিশ্রণে গান করেন। আরবি, ইংরেজি, ফরাসি ও স্প্যানিশসহ একাধিক ভাষায় গান গাইতে পারেন। তিনি ড্রামস, গিটার ও পিয়ানো বাজাতে পারদর্শী, এমনকি দারবুকাও বাজান। তিনি নিজের গান নিজেই লেখেন ও সুর করেন। ইউটিউবে তাঁর ফলোয়ার ৩,৭৭,০০০-এর বেশি।

 

৮. মায়াম মাহমুদ:

 মিশরের প্রথম হিজাবি র‍্যাপার ও নারী অধিকার কর্মী। মাত্র ১৮ বছর বয়সে একটি ট্যালেন্ট শোতে পারফর্ম করে জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর গানের কথায় নারীর অধিকার ও যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসে। ২০১৪ সালে তিনি লন্ডনে “ইনডেক্স আর্টস পুরস্কার” অর্জন করেন।

 

৯. নেমা হাসান:

 নেমাহসিস নামেও পরিচিত এই ফিলিস্তিনি-কানাডিয়ান শিল্পী টরন্টোভিত্তিক গায়িকা ও সুরকার। তাঁর “Verbathim” অ্যালবামের জন্য ২০২৫ সালে জুনো অ্যাওয়ার্ডসে ‘অল্টারনেটিভ অ্যালবাম অফ দ্য ইয়ার’ এবং ‘ব্রেকথ্রু আর্টিস্ট অফ দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেন। তাঁর ইউটিউব চ্যানেলে ৬৫,০০০-এর বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

 

১০. নীলম হাকিম:

 ভোগ অ্যারাবিয়ায় ফিচার হওয়া এই কৃষ্ণাঙ্গ মুসলিম র‍্যাপার লস অ্যাঞ্জেলেসভিত্তিক শিল্পী। তাঁর তীক্ষ্ণ লিরিক ও রাজনৈতিক বক্তব্য ডিডি ও এরিকাহ বাদুর মতো বড় শিল্পীদেরও দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি স্ট্রিট-স্মার্ট হিপ-হপ ও হাই-ফ্যাশন মডেস্ট স্টাইলের মিশ্রণে বিশেষভাবে পরিচিত।

 

২৫ পঠিত ... ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top