অসুস্থ আসলে কারা?

৩১৩ পঠিত ... ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে

হয়তো, যদি, মনে হয়, হতে পারে… একটা জীবন্ত প্রাণীর মৃত্যুর ঘটনায় এসব প্রিফিক্স/সাফিক্স ব্যবহার করা অন্য দেশে কতটা বাঞ্ছনীয়, সেটা সহজেই অনুমেয়; কিন্তু আমাদের দেশে এটাকে অনেক আগেই নরমালাইজ করা হয়েছে। অনেক নৃশংস ঘটনাতেও আমাদের দৌড় ওই আফসোসের স্বর, সঙ্গে ‘আহ্!’-এর হালকা মিশেল।

আমরা প্রাণী বিশেষজ্ঞ নই; কখন কোন প্রাণী কোথায়, কীভাবে, কেমন আচরণ করে, তার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা শতভাগ বৈজ্ঞানিকভাবে দিতে পারব না।

সুরের তালে তাল মিলিয়ে ধরে নিলাম, একটি অসুস্থ কুকুর একাধিক মানুষকে নাকি আঁচড় দিয়েছে, কামড় দিয়েছে। পানিতে পড়ে যাওয়ার পর কুকুরটা বাঁচার জন্য কতটা প্রাণপণ চেষ্টা করছিল, তা বোঝা যায়, মুখ উঁচিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা দেখে। ভিডিওটি দেখার সময় একবারও কি আপনি অবচেতনভাবে জোরে নিঃশ্বাস নিয়ে তার শ্বাসকষ্ট অনুভব করেননি?

পানিতে পড়ে কুকুরটি চিৎকার করল না,
দৌড় দিতে পারল না,
কী হয়েছিল তার?

হয়তো আত্মগ্লানিতে পুড়ছিল; আহা, কয়েকজনকে আঁচড় দেওয়া ঠিক হয়নি। মাজারের এই ভিনদেশি কুমির, ধলাপাহাড়ের কাছে জীবন্ত প্রাণী বলি দেওয়ার অনেক ভিডিও ফেসবুকে চাইলেই দেখা যায়।

একটু ভিউ, লাইক, কমেন্ট, শেয়ারের পেছনে মানুষের অবদান নেহাত কম নয়। সঙ্গে আছে ‘মানত’ ও অজ্ঞাত প্রবণতা। কারও বিশ্বাসকে আমরা ‘কুসংস্কার’ কিংবা ‘অন্ধ’ বলতে চাই না।

কিন্তু একটি প্রাণ, তা সে কুকুর হোক কিংবা বিড়াল, তার মূল্য যদি আমাদের কাছে না থাকে, তবে মানুষকেও আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারব না।

বহির্বিশ্বে দেখবেন, বাচ্চাদের বড় করার ক্ষেত্রে প্রায় সব ঘরেই একটি পোষা প্রাণী রাখা হয়, যাতে তাদের মধ্যে ‘মূল্যবোধ’ প্রাকৃতিকভাবে গড়ে ওঠে।

সকল ধর্মেই পশুপ্রেমকে মর্যাদার চোখে দেখা হয়েছে।

সবকিছু ছাপিয়ে, সমস্ত দোষ কুকুরটির ওপর দিয়েও, একটি গ্লানি আমাদের থেকে যায়।

এতগুলো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখে গেল, ভিডিও করল… একজনও একবার ভাবল না, দয়া দেখাল না… গালাগাল করতে ‘কুত্তা’ শব্দটি ব্যবহারে আমাদের বোধহয় ভাবা উচিত।

৩১৩ পঠিত ... ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top