বিপদ কখনো বলে-কয়ে আসে না, বিশেষ করে যারা একই সাথে দুই নৌকায় পা দিয়ে চলছেন! ধরা খাওয়ার হাত থেকে বাঁচতে এবং নিজের ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখতে এই বিশেষ গাইডলাইনটি মেনে চলতে পারেন। জনস্বার্থে অভিজ্ঞদের পক্ষ থেকে কিছু জরুরি টিপস!
১। পাবলিক প্লেসে ঘুরাঘুরির সময় হাত ধরাধরি করে ঘুরবেন না।
২। ডেটে গেলে নিজের এলাকা, নিজের অফিসের এলাকা, পার্টনারের এলাকা ও পার্টনারের অফিসের এলাকা এড়িয়ে চলুন।
৩। রেস্টুরেন্টে কিংবা আউটডোরে ডেটে গেলে খেয়াল রাখুন, আশেপাশে কোনো ফুড ভ্লগার কিংবা ট্রাভেল ভ্লগার আছে কি না। যদি থাকে, তাহলে পাশাপাশি না বসে মুখোমুখি বসুন ও নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ক্যামেরা থেকে একেবারে দূরে থাকতে পারলেই ভালো।৪। মাস্ক, সানগ্লাস ও ক্যাপ পরে চলাফেরার অভ্যাস করুন।
৫। কোনো উৎসবে ঘুরতে গেলে মোবাইল জার্নালিস্ট এড়িয়ে চলুন।
৬। যারা কালচারাল ঘরানার মানুষ, তারা ডেটের ক্ষেত্রে বেঙ্গল বই, ছায়ানট, শিল্পকলা, বেইলি রোড মহিলা সমিতি, বিশ্বসাহিত্য কেন্দ্র, যাত্রাবিরতি, আলোকি এড়িয়ে চলুন। যারা মদখোর, তারা লোকি, লেকশোর, সেরেনা, র ক্যানভাস, ওয়েস্টিনে ডেটে যাবেন না। যারা ফুডি, তারা ক্রিমসন কাপ, নর্থ অ্যান্ড, গ্লোরিয়া জিন্স, লিদোহ, তাবাক, জাভা হাউজ—এইসব এড়িয়ে চলুন।
৭। দেশের বাইরে ঘুরতে গেলে একই সময়ে দুজন ছবি আপলোড দেবেন না। একজনের অন্তত ৬ মাস পর আরেকজন ছবি আপলোড দেবেন।
৮। নিজের একটা অল্টারনেটিভ পরিচয়পত্র বানিয়ে রাখুন। রাস্তায় পরিচিত কারও সঙ্গে দেখা হয়ে গেলে তাকে না চেনার ভান করুন ও পরিচয়পত্র দেখিয়ে বোঝান যে আপনি আসলে তার পরিচিত কেউ নন।
৯। ফেসবুক, ইন্সটাগ্রামে একজন আরেকজনকে আনফ্রেন্ড করে রাখুন। কোনো ধরনের ইন্টারঅ্যাকশনে যাবেন না।
১০। নিজেদের রোমান্টিক সময়ের ছবি তুলে কোথাও সেভ করে রাখবেন না। ছবি না তুললেই ভালো।
১১। পার্টনারকে ধর্মের ভাই বা ধর্মের বোন বানিয়ে ফেলতে পারেন। একদম ঝুঁকিমুক্ত।
১২। অতি আহ্লাদি হয়ে ম্যাচিং করে জামাকাপড় পরবেন না।
আরও কোনো সতর্কতামূলক পরামর্শ থাকলে অভিজ্ঞরা জনস্বার্থে জানিয়ে যাবেন।



পাঠকের মন্তব্য