বাজারে এলো আড়ং ব্র্যান্ডের গরু, পাওয়া যাবে ধানমন্ডি আউটলেটে

পঠিত ... ১ ঘন্টা ২১ মিনিট আগে

 

বাজারে এলো আড়ং ব্র্যান্ডের গরু, পাওয়া যাবে ধানমন্ডি আউটলেটে

প্রতি ঈদেই আলোচনায় আসে একটি নাম: আড়ং। এবার থাকবে না, তাই কি হয়! কল্পনার অবসান ঘটিয়ে রাজধানীর ধানমন্ডি আউটলেটে এবার আড়ং নিয়ে এলো তাদের ব্র্যান্ডের নতুন আইটেম, গরু: ভড়ং!

মানে, আড়ংয়ের সব গরুর কোডনাম ‘ভড়ং’! এমনকি দরকষাকষির মান্ধাতা আমল পেরিয়ে এবার গরুর গায়ের বাংলা কিউআর কোড স্ক্যান করলেই দেখা যাবে দাম, বয়স, দাঁতের সংখ্যা, পরিবার, মালিকের নাম, জন্মনিবন্ধন আছে কি না ইত্যাদি।

এই গরুর খবর আড়ংয়ের ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পরপরই সার্ভার জ্যাম হয়ে গেছে বলে শোনা যাচ্ছে।

অ্যাশ হবে? সাইজ কত? লং? পিংক নাই? অ্যাসথেটিক ভাইব দরকার, হবে? শিংয়ের রং পার্পল হবে? লেজে নীল ফোঁটা ফোঁটা আছে? অফার নাই? কসাই? আচ্ছা, কেটে গুছিয়ে দিতে পারবেন? এমন শত শত প্রশ্নে ওয়েবসাইটে গিট্টু লাগায় ধারণা করা হচ্ছে, ঈদের আগে আর সাইটে ঢোকা যাবে না। তাই এখন মানুষ হুমড়ি খেয়ে পড়ছে তাদের ফেসবুক পেজে।

সবচেয়ে দারুণ খবর হচ্ছে, এই গরু নিতে আড়ং লঞ্চ করেছে নতুন ব্যাগ। এই ব্যাগ বিক্রির টাকায় কেনা হবে আরেকটি ব্যাগ, আর সেই আরেকটি ব্যাগ বিক্রির টাকায় কেনা গোবরসার লাগানো হবে পদ্মে।

আড়ংয়ের মার্কেটিং হেড অবিশ্বস্ত সূত্রে বলেন, জাতি সত্যি সত্যি এবার গোবরে পদ্মফুল দেখতে যাচ্ছে।

এদিকে ধানমন্ডি আউটলেটে থাকা ভড়ংগুলোর আচরণে বিরক্তিভাব লক্ষণীয়; কেউ মাথায় বা পিঠে থাবড়া দিলেই চোখ গরম করছে। এক বিশেষজ্ঞের মতে, আসলে ব্র্যান্ডের গরু, তার ওপর ইনট্রোভার্ট! কথা কম বলায় এদের বিরক্ত হওয়ার পরিমাণ বেশি! তা ছাড়া তারা ব্যাড টাচ বোঝে!

শোনা যাচ্ছে, আড়ংয়ের পাশাপাশি ইয়োলো, টপ টেন, দর্জিবাড়ির মতো অন্যান্য ব্র্যান্ডও গরু লঞ্চের পাশাপাশি ছাগল, দুম্বা কিংবা মহিষ লঞ্চ করার চেষ্টা করছে। থাকতে পারে নানা অফারও।



পঠিত ... ১ ঘন্টা ২১ মিনিট আগে

Top