মাসকাওয়াথ আহসানের ধারাবাহিক নভেলা প্রণব মুখুজ্জের অভিধান (ঊনত্রিংশ পর্ব)

৭ পঠিত ০ ... ৩ ঘন্টা ২০ মিনিট আগে

11 (29)

৬ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলন শুরু হলে পয়সারহাটে প্রায় প্রতিদিনই রাশেদ খানের নেতৃত্বে মিছিল হতে থাকে। পুলিশ প্রায় প্রতিদিনই মিছিলটিকে দাঁড়িয়ে দেখে। মিছিলে পয়সারহাটবাসীর অংশগ্রহণ বাড়তে থাকে। এভাবে মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হলে একদিন পুলিশ ফাঁকা ফায়ার করে। তাতেও কেউ ভ্রুক্ষেপ না করলে পুলিশ মিছিলে গুলি চালায়। মাটিতে লুটিয়ে পড়ে মোখলেছ। বিক্ষোভে ফেটে পড়ে মিছিলকারীরা। মোখলেছের মৃতদেহ সামনে রেখে সবাই প্রতিজ্ঞা করে, ছয় দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে।

শ্যামাপদর সম্পাদনায় প্রকাশিত যুগের বার্তা পত্রিকায় ছয় দফার স্বপক্ষে কলাম লিখতে থাকে রাশেদ খান, বাতেন, মফিজ, কল্পনা ও সুলতানা। অন্যদিকে মুকুল শর্মা সম্পাদিত মধুমতীর আলো পত্রিকায় প্রণব মুখুজ্জে, অধ্যক্ষ আজিজুল হক, রঞ্জু, মতি ও জগন্ময় এপার বাংলা-ওপার বাংলার মিলনের গল্প লিখতে থাকে। বঙ্গভঙ্গ রদের পর থেকে দেশ বিভাগের আগে পর্যন্ত অখণ্ড বঙ্গের লোকেরা কী মধুর সময় পার করেছে, তার কোমল স্মৃতিচারণে মধুমতীর আলো পেলব হয়ে ওঠে।

কৃষ্টি সংসদের বৈঠকে কল্পনা সবাইকে বলে, আমরা পাকিস্তানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই লড়ছি। আর মুখুজ্জে বাবুর লক্ষ্য এই সুযোগে তাঁর অখণ্ড ভারত প্রতিষ্ঠা। আমার বাবা হচ্ছে সেই লোক, উর্দুকে পাকিস্তানের লিঙ্গুয়া ফ্রাংকা করতে চাইলে যে ক্ষেপে ওঠে, আর হিন্দিকে ভারতের লিঙ্গুয়া ফ্রাংকা করতে চাইলে মোলায়েম স্বরে বলে, যথার্থ হয়েছে।

সুলতানা মন্তব্য করে, একেকজন মানুষ একেক রকম বিশ্বাস নিয়ে বেঁচে থাকে। ব্রিটিশ ভারতে উনি ভালো ছিলেন, ফলে অখণ্ড ভারত উনার কল্পনার স্বর্গভূমি। আর আমরা লড়ছি বৈষম্যের বিরুদ্ধে; স্বায়ত্তশাসন আমাদের লক্ষ্য। সেটা কেবল নিজেদের নয়, পশ্চিম পাকিস্তানের চারটি প্রদেশের মানুষের জন্যও। প্রত্যেকের ভাষার অধিকার, সাংস্কৃতিক অধিকার, ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার প্রতিষ্ঠার আগে আমরা থামব না।

শ্যামাপদ আলোচনা করে, দুই দশকে যে সংখ্যক স্কুল-কলেজ-মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, কলকারখানা তৈরি হয়েছে, সবচেয়ে বড় ব্যাপার জমিদারি ব্যবস্থা উচ্ছেদের ফলে কৃষক ও মেহনতি মানুষের নিজের জমি হয়েছে; তাতে ব্রিটিশ ইন্ডিয়ার তুলনায় অপেক্ষাকৃত ভালো আছে দেশের জনগণ।

রাশেদ খান উত্তর দেয়, সেনাশাসনের চেয়ে নিকৃষ্ট গণতান্ত্রিক শাসন ভালো; কারণ তাতে জনগণের অংশগ্রহণ থাকে। ব্রিটিশ রাজের মতো পাঞ্জাব রাজ তো আমাদের নিয়তি হতে পারে না। আর একটা-দুটো ভালো কাজ কি ব্রিটিশ রাজও করেনি? নিজেদের প্রয়োজনে হলেও তারা যে রেলপথ স্থাপন করেছে, তা তো দেশের মানুষের যাতায়াত সহজ করেছে; কিন্তু ওই নিয়ে কি খুশি থাকার কোনো উপায় ছিল!

বাতেন এসে খবর দেয়, শেখ মুজিবের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছে। তিনি গ্রেপ্তার হয়ে গেছেন। আইয়ুব সরকারের অভিযোগ, পূর্ব পাকিস্তানের কিছু লোক আগরতলায় গিয়ে ভারতের কাছ থেকে অর্থ ও অস্ত্র সাহায্য নিয়ে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে বৈঠক করেছে।

রাশেদ খান বলে, আমরা ব্রিটিশ ভারত থেকে স্বাধীন হতে পাকিস্তানের সাহায্য নিয়েছি; পাকিস্তান থেকে স্বাধীন হতে ভারতের সাহায্য তো নিতেই পারি। কিন্তু মুজিব ভাই তো গোটা পাকিস্তানের জন্য গণতান্ত্রিক আন্দোলন করছেন। ভাসানি ও মুজিবের সঙ্গে আমি গোটা পশ্চিম পাকিস্তানে ঘুরেছি। পশ্চিম পাকিস্তানের রাজনীতিক ও নাগরিক সমাজ জমিদারি ব্যবস্থা উচ্ছেদ ও সেনাশাসনের অবসান ঘটানোর লক্ষ্যে ভাসানি ও মুজিবের রাজনৈতিক নেতৃত্বের ওপর আস্থা রেখেছেন। গণতান্ত্রিক পদ্ধতির বাইরে তাঁরা যাবেন না। যা করবেন গণতান্ত্রিক উপায়েই করবেন। তরুণদের কেউ কেউ হয়তো শর্টকাট খুঁজতে আগরতলা গিয়ে থাকতে পারে। আমাদের বাতেনও যেমন একবার কলকাতা গিয়েছিল। কিন্তু পিণ্ডির দখলমুক্ত হয়ে দিল্লির দখলে যাওয়ার আশঙ্কা বুঝে বাতেন ফিরে এসেছে।

সুলতানা বলে, তুমি শুধু পুরোনো কথা তুলে বাতেনকে খোঁটা দেবে না তো।

শ্যামাপদ সবাইকে প্রস্তাব দেয়, জরুরি ভিত্তিতে 'আগরতলা ষড়যন্ত্র মামলা'র বিরুদ্ধে কলাম লিখতে হবে। শেখ মুজিবকে জেল থেকে মুক্ত করতে হবে।

২৮তম পর্বের লিংক

৭ পঠিত ০ ... ৩ ঘন্টা ২০ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top ​