সবাইকে সিদ্ধ ডিম খাওয়ালেও আপা এলে প্লিজ ডিম চপ খাওয়াবেন: নয়নের উদ্দেশ্যে এক আওয়ামী কর্মী

২৩ পঠিত ০ ... ৫ ঘন্টা ১৯ মিনিট আগে

 

4 (34)

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক আতিথেয়তার সংস্কৃতি চালু করেছেন যুবদল নেতা নয়ন। বিরোধী দলের নেতাকর্মীদের ধরে এনে ডিম, কফিসহ নানান আপ্যায়নের ব্যবস্থা করছেন তিনি। অবশ্য আপ্যায়ন শেষে পুলিশে সোপর্দ করার বিষয়টিও থাকছে প্যাকেজের অংশ হিসেবে। নয়নের এই ব্যতিক্রমী আতিথেয়তায় মুগ্ধ হয়ে এবার তাঁর কাছে বিশেষ আবদার জানিয়েছেন এক আওয়ামী কর্মী। তার আবদার, সবার জন্য সিদ্ধ ডিমের ব্যবস্থা থাকলেও শেখ হাসিনা দেশে ফিরলে যেন মেন্যুতে একটু পরিবর্তন আনা হয়।

ওই কর্মীর ভাষ্য, নয়ন ভাইয়ের মতো মানবিক নেতা খুব কম দেখেছি। আগে বিরোধী দলের লোকজনকে ধরলে মাইরধর করা হতো, এখন অন্তত ডিম খাওয়ানো হয়। রাজনীতিতে এমন পরিবর্তন সত্যিই প্রশংসনীয়। আমি ভাইয়ের বিগ ফ্যান। নিজেও ওনার কাছে ধরা খেতে চাই। সুযোগ পেলে এক কাপ কফিও খাব। তবে তাঁর মূল আপত্তি ডিমের পদ নিয়ে। তিনি বলেন, আমাদের মতো সাধারণ কর্মীদের সিদ্ধ ডিম খাওয়ালে সমস্যা নেই। কিন্তু আপা তো দলের নেত্রী, ওনার একটা আলাদা স্ট্যাটাস আছে। তাই নয়ন ভাইয়ের কাছে অনুরোধ, আপা এলে প্লিজ ডিম চপ খাওয়াবেন। বড় নেতাদের জন্য একটু স্পেশাল আয়োজন থাকা উচিত।

শোনা যাচ্ছে, নয়নের আপ্যায়ন ব্যবস্থাপনায় ভবিষ্যতে একটি মেন্যু কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে। যেখানে সাধারণ কর্মীদের জন্য সিদ্ধ ডিম, মাঝারি পর্যায়ের নেতাদের জন্য ডিম অমলেট এবং হেভিওয়েট নেতাদের জন্য ডিম চপ রাখা হতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, আপা দেশে ফিরলে ডিম চপের সঙ্গে টমেটো সস দেওয়া হবে, নাকি পুদিনার চাটনি? এ বিষয়ে অবশ্য নয়ন সাহেবের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

২৩ পঠিত ০ ... ৫ ঘন্টা ১৯ মিনিট আগে

Top ​