১.
তন্দ্রা কাল ফোনে কাঁদছিল! ওর শাশুড়ি ওর শরীর নিয়ে ওকে যা-তা বলেছে!
তন্দ্রা আমার খালাতো বোন। সমবয়সী। ও আজীবনই হালকা-পাতলা গড়নের। তিন নম্বর বেবিটা হওয়ার পর থেকেই পোস্ট-ডেলিভারি নানা জটিলতায় তার পেট ফুলে আছে!
বারবার বলার পরও ওর বর ওকে ডাক্তার দেখায়নি। এদিকে তিনটা অলমোস্ট সেইম বয়সের বাচ্চা নিয়ে সে নাজেহাল! বাচ্চাদেরই প্রপার কেয়ারের সময় হয় না, নিজেকে দেখবে সে কখন?
দুদিন আগে তন্দ্রা টের পেয়েছে তার বরের অ্যাফেয়ার চলছে। সেটা নিয়ে তুমুল গ্যাঞ্জাম হয়েছে। তার বর সম্পর্কের কথা অস্বীকার করেনি। তারপর কাল ওর শাশুড়ি এসেছিলেন ওর ফ্ল্যাটে। এমনিতেই যতবারই তিনি আসেন, ততবারই তন্দ্রাকে তার শরীর নিয়ে কিছু না কিছু নেগেটিভ কথা বলে যান। এবার বলেছেন, পেট তো না, ঢোল! শরীরের যে দশা বানায় রাখছ! এইজন্যই তো আমার ছেলে বাইরে নজর দিছে। পুরুষ মানুষ ঘরের বউ অ্যাট্রাকটিভ হইলেও নানা জায়গায় ঘোরে। আর তোমার তো এই ছিরি! ছেলে আমার বাইরে তাকাবে না তো কী করবে? তোমার দিকে কি তাকাইতে ইচ্ছা করে?
তন্দ্রা কাঁদছিল! আমি এপাশে চুপ করে ছিলাম!
২.
বডি শেমিং ব্যাপারটা আমাদের সমাজে একেবারেই ডালভাত। কত রকমভাবে, কত কারণে আর কত উদ্দেশ্যে যে বডি শেমিং করা যায়, সেটা আমাদের সমাজে না থাকলে বোধহয় বোঝা যাবে না!
আমি ছোটবেলা থেকেই গোলগাল। আব্বার এক কলিগের ফ্যামিলির সাথে আমাদের খুব মেলামেশা ছিল। সেই কলিগের ওয়াইফ মানে সেই আন্টি আমাকে দেখলেই আম্মাকে কিছু না কিছু বলতেন। প্রায় সময়ই বলতেন,
ভাবি, আপনি একে এখনো খেতে দেন? কী করবেন ভবিষ্যতে একে নিয়ে?
আম্মা আমতা আমতা মুখে হাসতেন। মেয়েটা মোটা হওয়ায় লোকের একটা কথাও মাটিতে পড়ত না। আম্মা মুখ বুজে সব শুনে যেতেন! এই দোষ তো তারও যে মেয়েটা তার মোটা!
আমাদের সমাজে মেয়েদের শরীর যেন পাবলিক প্রপার্টি! যে কেউ, যখন খুশি, যেভাবে খুশি যেকোনো কথাই এই একটা ব্যাপারে বলে যেতে পারে! আর মেয়েদের শরীর নিয়ে কথা বলাটাই যেন একটা নিয়ম। তা সে মোটাই হোক আর চিকনই হোক, লম্বাই হোক কি খাটো, কালো হোক বা ফর্সা, কথা বলা চাই-ই!
এই বডি শেমিংয়ের ব্যাপারটা টোটালটাই কোনো না কোনোভাবে পুরুষতান্ত্রিক মানসিকতার সাথে কানেক্টেড! এমন মোটকা মেয়ে, একে বিয়ে করবে কে? আল্লাহ, কী লম্বা, বর খুঁজে পাওয়া যাবে না তো! কালো মেয়ে, বিয়ে দিতে কী যে বিপদে পড়তে হবে! ইস, কী চিকন, বর হাতিয়ে খুঁজে পাবে না তো! এসব কথা অহরহই আমরা শুনতে থাকি! যেন মেয়েদের লাইফের মোটো একটাই। এনিহাউ বিয়ে করে ফেলতে পারা। আর মেয়েটার শরীরটাই পুরো মানুষটা। শরীরের বাইরে আর কিচ্ছু নাই!
বডি শেমিংয়ের শুরুটা হয় সেই ছোটবেলা থেকেই। এত মোটা কেন, কোন আড়তের চাল খাও, টাইপ কিছু অতি থার্ডক্লাস জোকস ছড়ানো আমাদের সমাজের বাতাসে! ছোটবেলা থেকেই মেয়েদের বডিটাইপ, গায়ের রঙ, হাইট এগুলো নিয়ে বাবা-মায়ের, আত্মীয়-স্বজনের, পাড়া-প্রতিবেশীর, পরিচিত-আধা পরিচিত-অপরিচিত সবার মাথাব্যথা, কথা আর রিগ্রেশনের যেন শেষ নেই! যেন একটা মেয়ের সুন্দর চেহারা বা ভালো ফিগার থাকল না তো কিছুই থাকল না!
এরপর মেয়েটা পড়ার গণ্ডিতে ঢোকে। সেখানেও বডি শেমিং চলছে। তারপর আসে বিয়ের সময়। আমাদের সমাজের একটা মেয়ে এই একটা সময়ে যে পরিমাণ বডি শেমিংয়ের বা ট্রলিংয়ের শিকার হয়, তা দেখেও বিশ্বাস করা কষ্টকর! যেন সে কোনো মানুষ না, বরং বাজারের আলু-পটল বা অন্য কোনো পণ্য! তাকে ওজন করে, হাইট মেপে, গায়ের রঙ চেক করে, হাঁটিয়ে, আগা-পাশ-তলা উল্টেপাল্টে না দেখে ঘরে তুলে ফেললে সারাজীবনের জন্য ঠকে যেতে হবে!
তারপর বিয়েটা যদি হয়েই যায়, তাহলে তো মেয়েটার ‘সরকারি মাল, দরিয়া মে ডাল’-এর মতো অবস্থা! শরীরে চেঞ্জ আসলেই কথা শুরু! বাবু হয়ে গেলে তো গেলোই! ঘরের অ্যাট্রাকশন নেই, সো বর বাইরে তাকাবে! সেটার দায়ভারও মেয়েদেরই। ঘরে অ্যাট্রাকশন না থাকলে বাইরে তো তাকাতেই হয়!
বলছি না যে সব পুরুষই এমন। বেশিরভাগই নন হয়তো। কিন্তু তাদের ভেতরেও এমন পুরুষ আছে, সেজন্য আছে ভুক্তভোগী নারীও। পরকীয়া না করলেও স্ত্রীর বডি শেমিং করছেন না, এমন পুরুষ কমই আছে বোধহয়!
৩.
এইবার একটু ইতিহাস কপচাই! আজকের বডি শেমিংয়ের এই অভ্যাস কিন্তু একদিনে তৈরি হয়নি। আবার একদম পৃথিবীর শুরু থেকেই এটা শুরু হয়নি। তাহলে কীভাবে এলো এই বডি শেমিং?
প্রায় ২৫,০০০ বছরের পুরনো 'ভেনাস অব উইলেন্ডর্ফ'-এর মতো মূর্তিগুলোর দিকে তাকালে বোঝা যায় যে প্রাচীনকালে ভরাট ও স্থূল শরীরকে উর্বরতা এবং টিকে থাকার সামর্থ্যের প্রতীক হিসেবে দেখা হতো। প্রাচীন মিসর ও গ্রিসেও সৌন্দর্যের ধারণা আজকের মানদণ্ডের চেয়ে আলাদা ছিল।
প্রাচীন যুগে খাদ্যনিরাপত্তা ছিল একটা বড় ব্যাপার। নিয়মিত খাবার পাওয়াটাই ছিল বিলাসিতা। তাই ভরাট শরীরকে মনে করা হতো ধনী আর সচ্ছলতার প্রতীক। অন্যদিকে, রোগা চেহারা ছিল দারিদ্র্য ও অসুস্থতার সিম্বল। এমনকি ভিক্টোরিয়ান যুগেও এই সিস্টেমই চালু ছিল!
সৌন্দর্য ও শরীর নিয়ে কটাক্ষ বা 'বডি শেমিং' আধুনিক রূপ নিতে শুরু করে মূলত ১৮শ শতকের শেষভাগ থেকে ২০শ শতকের মধ্যে। সেই সময়টায় সমাজব্যবস্থা, শিল্পায়ন এবং ভোগবাদ দ্রুত বদলে যাচ্ছিল।
উৎপাদনব্যবস্থার শুরু ও খাদ্যব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সৌন্দর্যের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে। আর শুরু হয় শরীরের ওজন বা গড়ন নিয়ে নৈতিক ও সামাজিক বিচার!
এরপর বিংশ শতাব্দীতে এসে একদিকে ওজন মাপার ব্যাপারটা সহজ হয়ে যায়। অন্যদিকে BMI টাইপের সূচক শরীরের ওজনকে চিকিৎসাচর্চায় নিয়ে আসে। সাথে সাথেই এটা চলে আসে সব মানুষের দৃষ্টিসীমায়! এখান থেকেই 'স্বাভাবিক' ও 'অস্বাভাবিক' শরীরের সীমানা আরও কঠোরভাবে টানা হতে থাকে।
বিংশ ও একবিংশ শতাব্দীতে এসে বডি শেমিংয়ের বিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ফ্যাশন ইন্ডাস্ট্রি, বিজ্ঞাপন, চলচ্চিত্র এবং ফাইনালি সোশ্যাল মিডিয়া।
১৯২০ সাল থেকে ‘ফ্ল্যাপার’ বা ছিপছিপে গড়নের প্রতি আকর্ষণ শুরু হয়। ‘৪০-‘৫০-এর দশকে এসে কার্ভি শরীরের প্রতি আবেদন, ‘৬০-‘৭০-এর দশকে এসে সৌন্দর্য আবার একেবারেই রোগা শরীরে জনপ্রিয় হয়।
এরপর শুরু হয় ব্যবসায়িক যুগ। বডি শেমিং এই পর্যায়ে এসে এক্সট্রিম চেহারা নেয়! ব্যবসায়িক গোষ্ঠী নিজেদের লাভের খাতিরে মানুষকে দেখায় সুন্দর হওয়ার নতুন রীতিনীতি! ডায়েট পণ্য, ওজন কমানোর ওষুধ, কসমেটিকস বা ফিটনেস সামগ্রী বিক্রির জন্য মানুষের মনে 'অপূর্ণতা' বা 'লজ্জা' তৈরি করা একটি লাভজনক ব্যবসায়িক কৌশলে পরিণত হয়।
আর উত্তর-আধুনিক যুগ তো লারেলাপ্পা! স্মার্টফোন, ফিল্টার, এডিটিং অ্যাপ এবং অ্যালগরিদম-নির্ভর সোশ্যাল মিডিয়া বডি শেমিংকে টেনে ঘরের ড্রয়িংরুম বা পাড়ার আড্ডা থেকে বের করে নিয়েছে। করে তুলেছে সার্বক্ষণিক ও বৈশ্বিক! অপরিচিত মানুষও স্ক্রিনের আড়াল থেকে সহজেই কারও চেহারা, রঙ, ওজন বা অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে কমেন্ট করে ফেলছে!
৪.
এখন আসি আরেকটা ইম্পর্ট্যান্ট টপিকে! এতক্ষণ পর্যন্ত যত কথা বললাম, তার টোটালটাই মেয়েদের নিয়ে। এমনকি বডি শেমিংয়ের যে ইতিহাস পাওয়া যায়, তাও মেয়েদের শরীরের ওপর নির্ভর করেই। সমাজে পুরুষদেরও কিন্তু বডি শেমিং হয়। কিন্তু সেটার ধরন আলাদা।
মেয়েদের ক্ষেত্রে বডি শেমিংয়ের এই ব্যাপারটা এমন হয়ে গেছে যে সেটা নারীত্বেরই একটা অংশ। নারীকে সমাজের বেঁধে দেওয়া টার্গেটে নিজের শরীরকে বেঁধে রাখতে হবে। খেয়াল করে দেখেন যে, মেয়েদেরই শুধু পুরো শরীরের একটা আইডিয়াল মাপ আছে সারা দুনিয়ায়। ছেলেদের কিন্তু নেই।
কথাটা সেখানেও না। কথাটা হচ্ছে, এই বডি শেমিংয়ের ব্যাপারটার এক্সট্রিমিটি মেয়েদেরকে কোন ভয়াবহ মাত্রায় কোণঠাসা করে ফেলছে সেখানে!
মানুষের কথা, টিজিং মেয়েদের জন্য হয়ে যাচ্ছে মানসিক অশান্তির কারণ। সেখান থেকে তৈরি হচ্ছে নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা! Eating disorder-এর মতো সমস্যাও তৈরি হচ্ছে। কিশোরীদের মধ্যে ঢুকে যাচ্ছে নিজেকে সুন্দর রাখার জন্য ডায়েটিংয়ের মানসিকতা! সমাজের কথা থেকে বাঁচার জন্য। সমাজের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য। আর না পারলে যে ট্রলিংয়ের শিকার তাকে হতে হচ্ছে, তাতে সে হয়ে যাচ্ছে ট্রমাটাইজড!
বিয়ে হয়ে গেলে, বাচ্চা হয়ে গেলে পোস্টপার্টাম সমস্যাগুলোর সাথে যুক্ত হচ্ছে মানুষের কথা! লেফট-আউট হয়ে যাওয়ার ভয়! স্বামীর অন্য নারীতে আসক্তির আতঙ্ক!
মজার ব্যাপার হচ্ছে, আমাদের সমাজে মানুষ অযাচিত পরামর্শকে 'ভালোবাসা' বা 'উদ্বেগ' ভেবে নেয়! 'তোর স্বাস্থ্যের জন্যই বলছি, একটু শুকিয়ে যা' এই অজুহাতে প্রায়ই সীমানা ছাড়িয়ে ব্যক্তিগত আক্রমণ করে। আর তার শিকার হয় নারীরা, এমনকি টিনেজার মেয়েরাও! বডি তো সবারই আছে, তাহলে ট্রোলিংয়ের শিকার মেয়েরাই কেন?
আরও মজার ব্যাপার হচ্ছে, যতখানি গুরুত্ব মেয়েদের শরীরের ব্যাপারে দেওয়া হয়, ততখানি গুরুত্ব তার মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে দেওয়া হয় না। তার মানে কি এই নয় যে, এখনো আমরা মেয়েদেরকে শুধু শরীরসর্বস্ব এক প্রাণী বলেই মনে করি, পূর্ণাঙ্গ মানুষ নয়? তাই শরীরটাই সব, বাকি মেয়েটা আছে কি নেই, সে খবরে কাজ কী?



পাঠকের মন্তব্য