দোস্ত, নতুন বাসা নিছি, গুগল লোকেশন সেন্ড করে দিছি চলে আয়! মেসেজে এই টেক্সটের সাথে গুগল ম্যাপের একটা লিংক। ওপেন করতেই পুরো ম্যাপ ফোনের স্ক্রিনে। কীভাবে যেতে হবে, কয় মিনিট লাগবে, কই জ্যাম, কই রাস্তা বন্ধ- সব আছে! আবার নতুন খোলা বিরিয়ানির দোকান বা পছন্দের কোনো শপের আউটলেট খুঁজতে গেলেও ফোনের গুগল ম্যাপসই ভরসা আমাদের! কিন্তু কখনও কী ভেবেছেন এই যে ম্যাপে আপনাকে রিয়েল টাইম লোকেশন দিচ্ছে, আপনাকে রুট দেখাচ্ছে, গাড়ি চালালে ডিরেকশন দিচ্ছে- কীভাবে? মজার ব্যাপার হচ্ছে এই পুরো সিস্টেমটা কাজ করছে মহাকাশ থেকে! মানে পৃথিবীর পথ দেখানো হচ্ছে পৃথিবীর বাইরে থেকে! বুঝেন অবস্থা!
শুরুতে মানুষের রাস্তা খুঁজে দেওয়ার জন্য GPS তৈরি করা হয়নি। এর পেছনে ছিল সামরিক প্রয়োজন। অর্থাৎ, আজ আপনি যে প্রযুক্তি দিয়ে বিরিয়ানি খুঁজছেন, একসময় সেই প্রযুক্তি দিয়ে যুদ্ধক্ষেত্রে অবস্থান নির্ণয়ের পরিকল্পনা করা হয়েছিল!
GPS-এর পূর্ণরূপ Global Positioning System। এটি আমেরিকার তৈরি একটি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। ১৯৭০-এর দশকে মার্কিন সামরিক বাহিনীর প্রয়োজন মেটাতে এর কাজ শুরু হয়। ১৯৭৮ সালে প্রথম পরীক্ষামূলক GPS স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়। পরে ধীরে ধীরে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্যও খুলে দেওয়া হয়।
কিন্তু GPS কাজ করে কীভাবে?
পৃথিবীর চারপাশে GPS স্যাটেলাইটগুলো ঘুরছে। এগুলো নিয়মিত রেডিও সিগন্যাল পাঠায়। আপনার ফোনের GPS রিসিভার সেই সিগন্যাল গ্রহণ করে হিসাব করে, কোন Satellite থেকে সিগন্যাল আসতে কত সময় লাগছে।
সিগন্যাল আলোর গতিতে চলাচল করে। তাই সময়ের সামান্য পার্থক্য হিসাব করেই স্যাটেলাইট থেকে আপনার দূরত্ব বের করা সম্ভব। অন্তত চারটি স্যাটেলাইটের সিগন্যাল পেলে ফোন আপনার অবস্থান তিন মাত্রায় নির্ণয় করতে পারে। এই পদ্ধতিকে বলা হয় Trilateration।
অর্থাৎ, আকাশের কয়েকটি স্যাটেলাইট মিলে আপনার ফোনকে বলে দিচ্ছে আপনি পৃথিবীর ঠিক কোথায় আছেন!
বর্তমানে GPS-এর মূল কাঠামোয় ২৪টি স্যাটেলাইটের ব্যবস্থা রাখা হয়েছে। তবে ভালো কভারেজ নিশ্চিত করতে বাস্তবে ২৪টির বেশি স্যাটেলাইট পরিচালনা করা হয়। এগুলো পৃথিবী থেকে প্রায় ২০ হাজার ২০০ কিলোমিটার ওপরে ঘুরছে।
আরও মজার ব্যাপার হচ্ছে…
শুরুতে সাধারণ মানুষের জন্য GPS-এর অ্যাকুরেসি ইচ্ছা করে কমিয়ে রাখা হতো। একে বলা হতো সিলেক্টিভ এভেইভিলিটি। ফলে বেসামরিক ব্যবহারকারীরা তুলনামূলক কম নির্ভুল অবস্থান পেতেন। ২০০০ সালের ১ মে যুক্তরাষ্ট্র এই ব্যবস্থা বন্ধ করে দেয়। তখন থেকে সাধারণ ব্যবহারকারীদের GPS অ্যাকুরেসি অনেক বেড়ে যায়।
তবে GPS ব্যবহার করতে সবসময় ইন্টারনেট লাগে না। ফোনের GPS রিসিভার সরাসরি স্যাটেলাইট থেকে সিগন্যাল নিতে পারে। কিন্তু গুগল ম্যাপসের রাস্তার তথ্য, ট্রাফিক আপডেট বা নতুন ম্যাপ ডাউনলোড করতে ইন্টারনেট লাগে। তাই ইন্টারনেট বন্ধ থাকলেও GPS কাজ করতে পারে, যদি প্রয়োজনীয় অফলাইন ম্যাপ আগে থেকে ডাউনলোড করা থাকে।
তবে একটা অনুরোধ, GPS দেখে রাস্তা চিনবেন ঠিক আছে, কিন্তু ম্যাপের ব্লু সাইন রাস্তার পাশে দেখালেই সেখানে বাড়ি বা দোকান আছে ধরে নেবেন না। স্যাটেলাইট আপনার অবস্থান জানাতে পারে, কিন্তু আপনার এলাকার সব গলির খবর সে-ও রাখে না!
তথ্যসূত্র:
- GPS.gov
- The Aerospace Corporation — Brief History of GPS



পাঠকের মন্তব্য