এক্সের সাথে দেখা হলে যে পরিস্থিতি কাম্য না

৩৩ পঠিত ... ৫ ঘন্টা ৩০ মিনিট আগে

প্রায় ৮ বছর পর এক্সের সাথে দেখা! তাও একটু অকওয়ার্ড সিচুয়েশনে! বর্তমান প্রেমিকা তার বান্ধবীর বাসায় নিয়ে গেছে হ্যাংআউটের জন্য! সেখানে গিয়ে দেখি, সেই বান্ধবী আর কেউ না, আমারই এক্স!

আমাকে দেখে এক্সকে কিছুটা আতঙ্কিত মনে হলো! চোখে-মুখে এক ধরনের ভয়! আমাকে চিনতে পেরেই সালাম দিল, আসসালামু আলাইকুম, ইয়া আহলাল কুবুর!

কিছু বুঝলাম না। থতমত খেয়ে ওয়ালাইকুম সালাম বললাম। এক্সের চেহারা আরও আতঙ্কিত হয়ে গেল! বিড়বিড় করে কী যেন পড়তেছে। একটু মনোযোগ দিয়ে বুঝলাম, আয়াতুল কুরসি পড়ছে!

ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি না বলছো, আমাকে ছাড়া তুমি বাঁচবে না!

কিছুটা বিব্রত হলাম! বললাম, মানে! ওইটা তো কথার কথা ছিল!

কিছুক্ষণ পর দেখলাম, তারা দুই বান্ধবী আমাকে বসিয়ে রেখে একটু আড়ালে গিয়ে কী যেন পরামর্শ করল। এরপর এসে আমাকে মিষ্টি করে বলল, চলো, বেডরুমে গিয়ে বসি!

আমিও গেলাম। বেডরুমের দরজায় যেতেই আমাকে ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল! দরজায় কান দিয়ে শুনলাম, রুমের বাইরে দুই বান্ধবী ফিসফিস করে আলাপ করতেছে—

এক্স: এই ছেলে আমার এক্স ছিল! আমাকে বলছিল, আমাকে ছাড়া বাঁচবে না। এইটা মানুষ না, ভূত!

এক্সের বান্ধবী: বলিস কী! তোকে ওইটা মিথ্যা মিথ্যাও তো বলতে পারে!

এক্স: মিথ্যা বলবে না! ও কখনোই আমার সাথে মিথ্যা বলত না! আমি নিশ্চিত, ও মারা গেছে। এটা ওর ভূত! নইলে দুনিয়াতে এত মেয়ে থাকতে ও তোর সাথেই কেন আবার প্রেম করবে! আবার হ্যাংআউটের জন্য ঠিক আমার বাসাতেই কেন ওকে আসতে হবে!

বান্ধবী: আসলেই ঠিক বলছিস! এত কিছু একসাথে মেলার কথা না!

এক্স: দেখলি না, মারা যাওয়ার কথা তোলায় কেমন ভ্যাবাচ্যাকা খেয়ে গেল!

বান্ধবী: আসলেই তো!

এক্স: হ্যাঁ! ভূত হয়ে প্রতিশোধ নিতে আসছে! ওকে সেই সুযোগ দেওয়া যাবে না!

বান্ধবী: তাহলে কী করব?

এক্স: আমরা ওকে এখানে আটকে রেখে একটা ওঝা খবর দেব! ওঝা এসে ওকে বোতলে ভরবে! যদি বেশি তেড়িবেড়ি করে, বোতলে ঢুকতে না চায়, তাহলে এই রুমের মধ্যেই আমরা ওকে সানডে-মানডে ক্লোজ করে দেব! মনে রাখবি, আমরা ওকে শেষ না করলে ও আমাদেরকে শেষ করে দেবে! পুরাই ডু অর ডাই সিচুয়েশন!

আমি এখন কী করব? কীভাবে এখান থেকে মুক্তি পেতে পারি, প্লিজ জানাবেন! একবার মুক্তি পেলে আর জীবনেও কাউকে মিথ্যা মিথ্যা বলব না, আমি তাকে ছাড়া বাঁচব না!

৩৩ পঠিত ... ৫ ঘন্টা ৩০ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top