পৃথিবীতে এমন একটা পাপ আছে, যেটার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন। আপনি যদি হাজার কোটি টাকা দুর্নীতি করেন, অন্যের অধিকার নষ্ট করেন, নিজের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য নিরীহ মানুষ খুন করেন, আপনার মতাদর্শের বাইরের মানুষকে আটকে রেখে দিনের পর দিন অত্যাচার করেন, গুম করেন, নির্যাতন করেন, ধর্ষ*ণ করেন, দেশের টাকা পাচার করেন, তাহলে আপনার যে পাপ হবে, সেটার জন্য আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন। কিংবা বেশি হলেও আখিরাতে আপনাকে শাস্তির মুখোমুখি হতে হবে। কিন্তু এমন একটা পাপ আছে, যেটার কোনো ক্ষমা নেই। আপনি যতই প্রায়শ্চিত্ত করেন, এই ভয়াবহ পাপের শাস্তি আপনি দুনিয়াতেই পাবেন। আপনাকে পেতেই হবে। এমনই ভয়ংকর সেই পাপ। সেই পাপের কথা চিন্তা করে ভয়ে আমার শরীর কাঁপছে, আতঙ্কে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে।
সেই ভয়াবহ পাপ হলো ২০২৪ সালের জুলাইতে ফেসবুকের প্রোফাইল পিকচার লাল করা। সেই ভয়ংকর পাপীদের আলাদা নামও আছে। লালবদর। আপনি যতই নামাজ, রোজা, হজ করেন না কেন, যত কান্নাকাটিই করেন না কেন, জুলাইতে প্রোফাইল পিকচার লাল করার কোনো ক্ষমা নেই।
আপনি একবার এই পাপ করে ফেললে বাকি জীবন আপনাকে এর অভিশাপ বহন করে যেতে হবে। পেতে হবে কঠিন থেকে কঠিন শাস্তি। আপনি বৃষ্টিতে ভিজলেন, আপনার জ্বর হলো, আপনি ভাববেন জ্বরের কারণ বৃষ্টি। কিন্তু আপনি ভুল। আপনার জ্বর হয়েছে জুলাইতে লাল প্রোফাইল দেওয়ার কারণে। আপনার ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক হয়েছে। ডাক্তার বলবে আপনার লাইফস্টাইলে সমস্যা, খাবারে সমস্যা। কিন্তু আসল কারণ ডাক্তার বলবে না। আপনি ওইদিন প্রোফাইল লাল না করলে আজ সুস্থ থাকতেন। রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন, রং সাইডে আসা সিএনজি আপনাকে ধাক্কা দিল, কারণ ওই একই। লাল প্রোফাইল। আপনার অফিসে যেতে দেরি হচ্ছে, বাস মিস করলেন অল্পের জন্য। আপনি সাড়ে তিনশো টাকা দিয়ে তরমুজ কিনলেন, বাসায় এনে কেটে দেখলেন সাদা। আপনার প্রজেক্ট ক্লায়েন্টের পছন্দ হলো না, আপনার বিল আটকে গেল, হাঁটতে হাঁটতে হঠাৎ আপনার স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেল, বেশি ভাজাপোড়া খেয়ে গ্যাসে পেট ফুলে গেল, কিংবা ধরেন কাপড় ইস্ত্রি করতে গিয়ে কাপড় পুড়ে গেছে, সবকিছুই ঘটছে আপনার জুলাইতে করা কঠিন ওই পাপের কারণে। কী, শুনে খুব ভয় লাগছে? আফসোস হচ্ছে? এখন আর কিছু করার নেই। আপনার দ্বারা ভুল হয়ে গেছে। এখন সেই ভুলের শাস্তি আপনাকে মৃত্যু পর্যন্ত পেয়ে যেতে হবে। এটাই বাস্তব।
এই যে আজ কারিনা কাইসার মেয়েটা লিভার ফেইলিউর নিয়ে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে। অনেকে অনেক কিছু ভাবছে। কেউ বলছে মদ খেয়ে হয়েছে, কেউ বলছে দূষিত ফুচকা খেয়ে, কারও ধারণা অতিরিক্ত ওজনই কারণ। আমি একটু খোঁজ নিয়েই আসল কারণ জানতে পারলাম। সে জুলাইতে প্রোফাইল লাল করেছিল। আহারে! এখন জীবন দিয়ে হয়তো সেই পাপের প্রায়শ্চিত্ত করা লাগবে। গত দুই বছরে বহু মানুষ প্রোফাইল লাল করার জন্য মারা গেছে, হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে, তিনবেলা ওষুধ খাচ্ছে, পঙ্গু হয়ে হুইলচেয়ারে দিন কাটাচ্ছে।
পৃথিবীর সবথেকে শক্তিশালী ধর্ম আওয়ামী ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের প্রথম লাইনই হলো, উন্নয়নের কসম। হে মানবসন্তান, তোমরা প্রোফাইল পিকচার লাল কোরো না। দুনিয়া ও আখিরাতে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।
আওয়ামী ধর্মের মহাপুরুষরা আমাদেরকে প্রতিনিয়ত চোখে আঙুল দিয়ে আমাদের পাপের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আমরা এতটাই নাদান, তারপরও আমরা বুঝতে পারছি না। তারপরও আমরা আওয়ামী ধর্মের ছায়াতলে এখনো নিজেদেরকে সমর্পণ করছি না। আফসোস।
তাদের দেখেও তো আমরা বুঝতে পারতাম। জুলাইয়ের পর থেকে আওয়ামী ধর্মের কোনো অনুসারী মারা যায়নি, অসুস্থ হয়নি, হাসপাতালে যায়নি, এক্সিডেন্ট করেনি। তাদের জীবনে শুধু শান্তি আর শান্তি। প্রোফাইল পিকচার কালো করার কারণে তারা নির্বাণ লাভ করেছে।
আসুন ভাই ও বোনেরা। আমরা যারা জেনে না জেনে, বুঝে না বুঝে জুলাইতে এই ভুল করে ফেলেছিলাম, তারা বেশি বেশি কান্নাকাটি করি, ক্ষমা চাই, আপাকে ফিরিয়ে আনার জন্য ফেসবুকে লেখালেখি করি। জানি, এতেও মাফ পাব না। তারপরও যদি শাস্তি একটু কম হয়, সেটাই আমাদের জন্য মঙ্গলময়।



পাঠকের মন্তব্য