পুরুষতান্ত্রিক এই সমাজে আমরা নানা ধরনের 'বাণী' শুনে থাকি। তার মাঝে কিছু কিছু বানীর পরিবর্তন এখন সময়ের দাবী। ফেসবুক পেইজ 'মেয়ে' প্রকাশ করেছে এমনই কিছু পরিবর্তিত 'বাণী'। eআরকির পাঠকদের জন্য তুলে ধরা হলো তাদের ফেইসবুক পোস্টে প্রকাশীত সেইসব বাণীগুলো।
১# সকল নারী মা-বোন নন। তবে সকল মা-বোনই নারী। সম্পর্ক নির্বিশেষে সকল নারীকে মানুষ হিসেবে সম্মান করলে আপনার মা-বোনও সম্মান পাবেন। কিন্তু নারীমাত্রই আপনার মা কিংবা বোন হতে ইচ্ছুক নাও হতে পারেন। একজন নারী মা কিংবা বোন না হলেও তিনি মানুষ, তিনি ব্যক্তি। একজন ব্যক্তি হিসেবে আপনি নিজে যতটুকু সম্মান আশা করেন ঠিক ততটুকু সম্মান দিন। এর বেশি সম্মান দিতে হবে না

২# ধূমপানের কোনো জেন্ডার নাই। ধূমপান দিয়ে মেয়েদের চরিত্র-ব্যবচ্ছেদ বন্ধ করুন

৩# দুঃখ সবারই হয়। কান্না সবারই পায়। জেন্ডার দিয়ে আবেগ নিয়ন্ত্রণ করা আর কতদিন?

৪# রাগ সবারই হয়। তবে বেশি রাগ করা ভালো না

৫# মেয়ে বলে সিট ছেড়ে দেওয়ার কিংবা আলাদা লাইন দেওয়ার দরকার নাই। শুধু মেয়েদের গায়ে উঠে যাইয়েন না। এমনকি মেয়েরাও মেয়েদের গায়ে উঠে গিয়ে বইলেন না, 'সমস্যা কী? আপনিও মহিলা, আমিও মহিলা।' কারণ জেন্ডার যা-ই হোক, সবারই সম্মানজনক শারীরিক দূরত্বের প্রয়োজন হয়। আর হ্যাঁ, বয়স্ক, গর্ভবতী কিংবা শারীরিক প্রতিবন্ধকতাসম্পন্ন ব্যক্তির জন্য জায়গা/লাইন ছেড়ে দিয়েন। জেন্ডার যা-ই হোক না কেন।এটা মানবিকতা।

৬# সংসার স্বামী-স্ত্রী দুজনের। সংসারের কাজ নারী পুরুষ সকলের। এখানে কেউ বস না, কেউ সাহায্যকারী না!

৭# দাম্পত্যে দুজন মানুষ পরস্পরের সঙ্গী, বন্ধু, সহযাত্রী। এখানে কেউ কারো অভিভাবক নন, কেউ কারো অধীন নন।

৮# আপনার উপার্জন গুরুত্বপূর্ণ কাজে ব্যয় না করলে সেই উপার্জন কখনোই গুরুত্বসহকারে দেখা হবে না।



পাঠকের মন্তব্য