এবারের সর্বনিম্ন সালামি ধার্য করা হয়েছে ৫০০ টাকা! সেই সঙ্গে এই সালামি বিকাশের মাধ্যমে দ্রুততম সময়ে আদায় করার জন্য যার যার অবস্থান থেকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।
প্রতিবারের মতো এবারও জাতীয় সালামি জোটের কাছ থেকে সালামি সংক্রান্ত ঘোষণার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। নতুন সরকারের অধীনে সংস্কারের ভিত্তিতে কত সালামি নির্ধারণ করা হবে, তা নিয়ে সবার মধ্যে ছিল তুমুল উৎসাহ ও কৌতূহল।
অবশেষে কিছুক্ষণ আগে এক সংবাদ সম্মেলনে জাতীয় সালামি জোটের কেন্দ্রীয় আহ্বায়ক, তরুণ প্রজন্মের প্রতিনিধি নাসিরুদ্দিন আব্বাস এ ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, কিছু মুরুব্বি আছেন যারা ব্যাংক ও বিকাশে প্রচুর টাকা জমা করে রাখেন, কিন্তু ঈদ এলে ছোটদের হাতে ১০–২০ টাকার নোট গুঁজে দিয়ে তাদের প্রাপ্য সালামি থেকে বঞ্চিত করেন। তিনি বলেন, ২০ টাকায় এখন লেবুও পাওয়া যায় না!
সংবাদ সম্মেলনে পার্টির আহ্বায়ক আরও বলেন, সালামি আমাদের অধিকার! বছরে এক–দুবার আমরা সালামি আদায়ের সুযোগ পাই। সেটাও মেরে দেওয়া সরাসরি মানবাধিকারের লঙ্ঘন।
আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবার যারা সালামি না দিয়ে শুধু দোয়া দিয়ে পার পেতে চাইবেন, তাদের প্রোফাইল লিংক, নাম-ঠিকানা আমাদের অফিসিয়াল পেজ থেকে প্রকাশ করে দুদক ও ইনকাম ট্যাক্স অফিসে অভিযোগ করা হবে।
তিনি আরও বলেন, অনেকেই ক্যাশ টাকা ও নতুন নোটের সংকটের অজুহাত দেখিয়ে কেটে পড়ার চেষ্টা করেন। তাই এসব এড়াতে এবার সালামি শুধুমাত্র বিকাশে গ্রহণ করার আহ্বান জানানো হলো।
সবশেষে তিনি এ বছরের সর্বনিম্ন সালামি ধার্য করে দেন। এবার জাতীয় সালামি ফাউন্ডেশন থেকে ঘোষণা করা হয়েছে—সর্বনিম্ন ৫০০ টাকার কমে কেউ সালামি দিতে পারবে না। দেশের চলমান মূল্যস্ফীতি ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সালামির হার নির্ধারণ করা হয়েছে। তবে কেউ চাইলে ৫০ হাজার টাকাও দিতে পারবেন।
নতুন এই সালামি রেট নিয়ে সবার মধ্যে আনন্দ ও ইতিবাচক মানসিকতা লক্ষ্য করা গেছে।



পাঠকের মন্তব্য