ডিপস্টেটকে যুক্তরাস্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা দিলেন ডোলান ট্রাম

৭৫ পঠিত ... ১০ ঘন্টা ১৫ মিনিট আগে

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্দার আড়াল থেকে প্রকাশ্যে এলো যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ডিপস্টেট। ফ্লোরিডার মার-এ-লাগো থেকে দেওয়া এক জরুরি ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিপস্টেটকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করেছেন।

প্রেসিডেন্টের এই ঐতিহাসিক ঘোর পষণার হোয়াইট হাউসের লনে এখন সাজ সাজ রব। ট্রাম তার ভাষণে বলেন, সবাই বলত ডিপস্টেট বলে কিছু নেই। আমি আজ প্রমাণ করলাম এটি শুধু আছেই না, বরং এটি আমাদের সবচেয়ে বড় এবং ক্ষমতাধর রাজ্য হতে যাচ্ছে। এটি হবে একটি বিশাল রাজ্য, সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড়;হয়তো টেক্সাসের চেয়েও বড়, তবে অবশ্যই অনেক বেশি গোপনীয়।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই নতুন অঙ্গরাজ্যের কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা থাকবে না। তবে এর ভার্চুয়াল রাজধানী হবে পেন্টাগনের নিচের একটি গোপন বেসমেন্ট। ডিপস্টেট রাজ্যের নাগরিকদের কোনো চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না, তবে তাদের প্রভাব কিবোর্ডের প্রতিটি ক্লিকে এবং কফির কাপের আড্ডায় অনুভূত হবে।

রাজ্যের বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো:

  • রাজ্য সংগীত: একটি যান্ত্রিক গুঞ্জন (হামিং সাউন্ড), যা সাধারণ মানুষের কানে পৌঁছাবে না।
  • রাজ্য পাখি: ড্রোন (যাকে দূর থেকে দেখলে মনে হবে এটি সব দেখছে)।
  • আদর্শ বাণী: আমরা আছি, কিন্তু আমরা নেই।

প্রেসিডেন্টের এই ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ওয়াশিংটনের ক্যাপিটল হিল এলাকায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ কর্মকর্তা কফির কাপে চুমুক দিয়ে বলেন, এতদিন লুকিয়ে কাজ করতে হতো, এখন অন্তত অফিস আইডি কার্ডে ‘ডিপস্টেট নাগরিক’ লিখে ঘুরতে পারব। পেনশন সুবিধাটা ঠিকঠাক পেলেই হলো।

তবে বিরোধীরা বলছেন ভিন্ন কথা। জনৈক বিশ্লেষক আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যদি ৫১তম অঙ্গরাজ্য হিসেবে ডিপস্টেট স্বীকৃতি পায়, তবে নির্বাচনী মানচিত্রের রং কী হবে? গভীর নীল নাকি অদৃশ্য কোনো রং?

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি এই নতুন রাজ্যের জন্য একজন  গভর্নর নিয়োগ দেবেন। তার মতে, এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের বেকারত্ব এক ধাক্কায় শূন্যে নেমে আসবে। কারণ, যারা এতদিন বেকার দাবি করতেন, তারা আসলে সবাই ডিপস্টেটের গোপন কর্মচারী হিসেবে নিবন্ধিত হবেন।

ভাষণের শেষ পর্যায়ে ট্রাম চওড়া হাসি দিয়ে বলেন, Make Deep State Great Again

৭৫ পঠিত ... ১০ ঘন্টা ১৫ মিনিট আগে

Top