আরেক রহমানকে টক্সিক বস উপাধি দিলেন সরকারি কর্মকর্তারা

৮০ পঠিত ... ২২ ঘন্টা ৪৯ মিনিট আগে

সরকারি কর্মকর্তাদের একাংশের কাছে টক্সিক বসের অপর নাম যেন আরেক রহমান। এমনভাবে সিস্টেম পরিচালনা করছেন যে সরকারি কর্মকর্তারা ভুলেই যাচ্ছেন তারা সরকারি চাকরি করেন। এই ক’দিনেই সরকারি চাকরি যেন কর্পোরেট চাকরির মতো হয়ে গেছে। সময়মতো অফিসে না ঢুকলেই ক্যামেরা নিয়ে হাজির হচ্ছেন সাংবাদিকরা। সকাল সকাল যে কেউ ফ্রেশ মাইন্ড নিয়ে অফিসে আসবে, তারও সুযোগ নেই। পারলে নিজের মতো করে সবাইকে ছুটির দিনেও অফিস করান। এমন পরিস্থিতিতে এসে আরেক রহমানের এই কর্পোরেটগিরির জন্য ‘টক্সিক বস’ উপাধি দিয়েছেন সরকারি কর্মকর্তারা।

গতকাল ভার্চুয়াল প্ল্যাটফর্ম স্কাইপে সারা দেশের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা একত্র হয়ে বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কীভাবে এসব কাটিয়ে ওঠা যায়, সরকারি চাকরির কর্পোরেটকরণ থেকে মুক্তি দিতে নিজেদের মধ্যে বিস্তর আলাপের পাশাপাশি তাদের বস কীভাবে ধীরে ধীরে টক্সিক হয়ে উঠছেন, সে বিষয়েও কানাঘুষা করেন। সর্বশেষে তারা আরেক রহমানকে টক্সিক বস উপাধি দেন।

ইয়ার্কির পক্ষ থেকে এক সরকারি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার জন্য রাত ১০টায় কল দিলে তিনি বিরক্তি নিয়ে জানান, তিনি ঘুমাতে যাচ্ছেন। এখন না ঘুমালে কাল সকালে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে হবে। তাদের সঙ্গে কথা বলতে চাইলে সকালে ফোন করে যেন তাকে জাগিয়ে কথা বলা হয়। একটু গাইগুঁই করে যা শোনা গেছে, তাতে সকাল সকাল অফিসে যাওয়ার মতো কঠিন কাজ যদি সরকারি চাকরিতে থাকে, তাহলে সরকারি চাকরি আর সরকারি চাকরি থাকে না কোনোভাবেই। তারা কোর্টে গিয়ে সরকারি চাকরির সংজ্ঞা নিয়ে একটি পিটিশন করার কথাও ভাবছেন, যাতে সরকারি চাকরি বেসরকারির মতো না হয়ে যায়।

এদিকে বেসরকারি চাকরিজীবীরা ফেসবুকে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে লিখছেন, কেমন লাগে এখন? খুব তো সরকারি চাকরি, সরকারি চাকরি করতেন আপনারা! এখন তো বুঝছেন টক্সিক ওয়ার্কপ্লেস আসলে কেমন হয়? বসকে তেল মারার জন্য দাঁড়িয়ে থাকবেন, আর বস তার আশেপাশের লোকজনকে বলবে— ওদের কি কোনো কাজ নেই? এখনো সময় আছে, সরকারি চাকরি ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে জয়েন করুন।

আরেক রহমানের সঙ্গে কথা বলার জন্য যথেষ্ট চেষ্টা করা হলেও এখনো আমরা এই বিষয়ে তার মতামত পাইনি। খোঁজ নিয়ে জানা গেছে, ভোর ৮টায় তার সঙ্গে স্কাইপে ইন্টারভিউ শিডিউল না নিলে তিনি কাউকেই ইন্টারভিউ দেন না। ভাগ্য ভালো, আমরা বেসরকারি চাকরি করি। আমাদের বস এতটা টক্সিক না যে ৮টায় শিডিউল নিয়ে ইন্টারভিউ দিতে বাধ্য করবেন।

৮০ পঠিত ... ২২ ঘন্টা ৪৯ মিনিট আগে

Top