দেশে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে অবশেষে চালু হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত Gupto University (GU)। দীর্ঘদিন ধরেই দেশে আলবটরদের অবদান অবমূল্যায়িত হচ্ছিল বলে অভিযোগ ছিল বিভিন্ন মহলে। অবশেষে সেই অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে এই যুগান্তকারী উদ্যোগ। সংশ্লিষ্টরা বলছেন, এতদিন যেসব প্রতিভা ফেসবুক কমেন্ট সেকশন আর ইনবক্সের অন্ধকারে পড়ে ছিল, এখন তারা পাবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং সনদপত্র।
জানা গিয়েছে, সবাই ভর্তি হতে পারলেও ভর্তির ক্ষেত্রে আলবটরদের জন্য বিশেষ কোটা ব্যবস্থা থাকবে বিশ্ববিদ্যালয়টিতে। প্রাথমিকভাবে মবোলজি, মুনাফেকিজম, প্রোপাগান্ডা স্টাডিজ এবং Slang স্টাডিজ নামে চারটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করবে বিশ্ববিদ্যালয়টি।
এই বিশ্ববিদ্যালয় চালুর খবর জানার পর থেকেই আলবটর সমাজে বইছে উৎসবের আমেজ। অনেকেই নিজেদের প্রোফাইল পিকচার বদলে Future GU Graduate ফ্রেম লাগাতে শুরু করেছেন। এক আলবটর ভাই নিজের গুপ্ত আইডি থেকে আমাদের জানান, এতদিন তারা নিজেরাই চেষ্টা করে গুজব ছড়ালেও কোনো সিলেবাস বা গাইডলাইন ছিল না, ফলে কাজটা অনেক সময় এলোমেলো হয়ে যেত। এখন বিশ্ববিদ্যালয় খুলে যাওয়ায় তারা আশা করছেন, সবকিছু হবে নিয়মতান্ত্রিক এবং আন্তর্জাতিক মানের।
আরেক আলবটর ভাই নিজের গুপ্ত আইডি থেকে আমাদের বলেন, ভেবেই ভালো লাগছে, শুধু আমাদের ট্যালেন্ট বিকাশের জন্য একটা গোটা বিশ্ববিদ্যালয় খুলে ফেলা হলো। আশা করছি, বছরখানেকের মধ্যেই বাংলার প্রতিটি ঘরে মববাজ, গুজববাজ আর প্রোপাগান্ডা শিল্পী থাকবে। তবে একটা চুমু স্টাডিজ বিভাগ থাকলে বেশ ভালো লাগতো; আমি ইমরান হাশমির বিরাট ভক্ত।


