ভোটের কালিকে বয়ফ্রেন্ডের নামের ট্যাটু ভেবে ভুল বোঝাবুঝি, বাসর রাতে ভাঙল বিয়ে

৪৪ পঠিত ... ১৫:২৪, এপ্রিল ০১, ২০২৬

নির্বাচন শেষ হয়েছে মাসখানেক আগে। ঈদের কেনাকাটা, সেমাইয়ের দাওয়াত সবই শেষ, কিন্তু শেষ হয়েও হইলো না শেষ আঙুলের সেই ‘ভোটের কালি’। এই অবিনশ্বর কালি এখন অনেকের কাছেই গলার কাঁটা, বিশেষ করে নতুন বিবাহিত দম্পতিদের কাছে।
সম্প্রতি এক তরুণী কান্নায় ভেঙে পড়ে আমাদের জানান এক মর্মান্তিক কাহিনী। ঈদের পরদিন মহা ধুমধামে তার বিয়ে হয়েছিল। কিন্তু বাসর রাতেই আনন্দের বদলে শুরু হয় সিআইডি লেভেলের ইনভেস্টিগেশন। তরুণী জানান, বাসর রাতে স্বামী যখন আমার হাত ধরল, আমি ভাবলাম সে বুঝি রোমান্টিক কোনো কবিতা বলবে। কিন্তু সে আমার তর্জনীর দিকে তাকিয়ে ড্রাগন ফায়ার চোখে গর্জে উঠল—কে এই জসিম?
তরুণী অবাক হয়ে দেখেন, আঙুলে লেগে থাকা ভোটের কালির অবশিষ্টাংশ এক মাসের ঘষাঘষিতে অস্পষ্ট হয়ে অনেকটা ‘J’ বা ‘জ’ অক্ষরের মতো হয়ে আছে। বরের দাবি, এটা কালি নয়, বরং এক্স-বয়ফ্রেন্ড জসিমের নামের প্রথম অক্ষর! বরপক্ষ তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয়, যে মেয়ে বাসর রাতেও পুরোনো প্রেমিকের নামের ট্যাটু মুছে আসতে পারে না, তার সাথে ঘর করা অসম্ভব।
কান্নাভেজা কণ্ঠে তরুণী আরও বলেন, আমার জীবনে কোনোদিন জসিম নামের কেউ ছিল না। এমনকি আমার মহল্লায় জসিম বলতে শুধু একজন মাছ বিক্রেতা আছেন যার বয়স পঁচাত্তর। এখন এই অস্পষ্ট কালির দাগ দেখে যদি কেউ লিপি রিডিং করতে চায়, আমি কোথায় যাব?
এই ঘটনার পর ভুক্তভোগী তরুণী এখন ইউসুফ সরকারকে চিঠি লেখার প্রস্তুতি নিচ্ছেন। চিঠির বিষয়বস্তুও ঠিক করা হয়েছে—ভোটের কালির স্থায়িত্ব কমানো অথবা বিয়ের কাবিননামায় ভোটের কালিকে ট্যাটু হিসেবে গণ্য না করার বিশেষ ধারা সংযুক্তি।
তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোট দিয়েছিলাম দেশের ভবিষ্যতের জন্য, জানতাম না সেই কালি আমার নিজের ভবিষ্যৎই ঘষে তুলে দেবে। এখন হাত ধুতে ধুতে চামড়া উঠে যাচ্ছে কিন্তু জসিম... থুড়ি, ভোটের কালি উঠছে না!
এদিকে পাড়া-প্রতিবেশীরা বলছেন ভিন্ন কথা। জনৈক বড়ভাই মন্তব্য করেন, আসলে দোষ কালির না, দোষ হলো অতিরিক্ত ফর্সা হাতের। কালি যদি একটু কালো হাতে লাগত, তবে সেটাকে তিল ভেবে বর হয়তো খুশিই হতো!
শেষ খবর পাওয়া পর্যন্ত, তরুণী এখন সাবান কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলার কথা ভাবছেন। কারণ তাদের বিজ্ঞাপনে বলা হয়েছিল—এক চুটকিতেই সব দাগ সাফ, অথচ জসিম মার্কা এই ভোটের কালির কাছে ডজনখানেক লাক্স আর ডেটলও হার মেনেছে।

৪৪ পঠিত ... ১৫:২৪, এপ্রিল ০১, ২০২৬

Top