আমার চোখে এক দফার ঘোষক

১৮ পঠিত ... ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে

 

আমার এক দফার ঘোষক অনেকে। তারিখ মনে নাই। এক দফা আমি প্রথম শুনি সলিমুল্লাহ খানের মুখে। সলিমুল্লাহ খান সেদিন কোনো ইতিহাস না টেনেই বলেছেন, এরা এই হত্যার বিচার করবে না। কারণ এরাই হত্যাকারী। বর্তমান সরকারকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে।

এরপর নানান উৎকণ্ঠায় কয়েকদিন গেল। ২ তারিখ রাতে ফেসবুকে মাহাতাব রশীদের বুলেটের আঘাতে ৯ দফার ১ দফা হয়ে যাওয়ার কার্টুন দেখি। এই কার্টুন ছিল আমার দ্বিতীয় এক দফার ঘোষক।

একটা ছবির কথা মনে আছে। মেট্রোরেলের নিচে। খুব সম্ভবত টিবিএস-এর কোনো ফটোগ্রাফারের তোলা। দ্রোহযাত্রার একটা ব্যানার। লাল লাল অক্ষরে লেখা, স্বৈরাচার নিপাত যাক। এই ছবিটা আমি এরপর দেখি। এটা আমার তৃতীয় এক দফার ঘোষক। এরপর জানতে পারি, আনু মোহাম্মদ দ্রোহযাত্রায় এক দফা ঘোষণা করেছেন।

বাসায় যাই না ১৮ জুলাইয়ের পর থেকে। ৩ তারিখ সকালে যেতেই হলো। সকালে বাসায় গিয়ে কিছু জিনিসপত্র নিয়ে আসব। এরপর বিকালে শহীদ মিনারে যাব। এরপর কাজিনের বাসায়। বাসে করে যাওয়ার সময় ঝাঁক ঝাঁক ছেলেমেয়েকে দেখলাম হাতে স্প্রে নিয়ে ধানমন্ডির রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এখানে-সেখানে দেয়ালে দেয়ালে লিখে দিচ্ছে, ১ দফা, ১ দাবি পুলিশের গাড়ি দেখলে চোখের পলকে পালিয়ে যাচ্ছে। এরা আমার চতুর্থ এক দফার ঘোষক।

৩ তারিখে শহীদ মিনারে সমাবেশে গেলাম। পরিচিত অনেককেই ফেসবুকে দেখলাম, শহীদ মিনারে আসার কথা জানাচ্ছেন। পুলিশ কয়েকদিন আগে থেকেই ফোন চেক করছিল। ফোন নিই নাই। শহীদ মিনারে ঘুরছিলাম। আমাদের সঙ্গে eআরকিতে কাজ করা এক ছোটবোনকে দেখলাম, ওর ফ্রেন্ডদেরসহ হাতে 'এক দফা' লেখা একটা ব্যানার নিয়ে ছবি তুলছে। হাঁটতে হাঁটতে একটা বন্ধুদের গ্রুপ পেয়ে গেলাম। তারাও এক দফা ঘোষণা করল।

সেদিন শহীদ মিনারের চারপাশে লাখ লাখ মানুষ। কিছুক্ষণ পরপর ছোট ছোট মিছিল আসছিল ছাত্রছাত্রীদের।

এক দফা, এক দাবি, হাসিনা তুই কবে যাবি।

নাহিদের বক্তৃতা আমি শহীদ মিনারে শুনি নাই। সন্ধ্যার দিকে বাসায় চলে গেছিলাম। বাসায় গিয়ে জানতে পারি, শিক্ষার্থীরা এক দফার ঘোষণা দিয়েছে। নাহিদের বক্তব্য বাসায় গিয়ে মোবাইলে দেখেছি।

তারেক রহমানের কথাও আমার তখন মনে নাই। কেন যেন উনি আমার মানসপটে ছিলেনই না। বরং আমি অনেক বেশি কনসার্ন ছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলছেন, তা নিয়ে।

এক দফার কোনো আলাদা ঘোষক নাই। আমরা নানান জন, নানান জায়গা থেকে এক দফার ঘোষণা করছিলাম।

এখন আপনারা যারা এক দফার ঘোষক হইতে চান, তারা প্লিজ একটা রেসলিং রিলে প্রতিযোগিতায় নামুন। যে জিতবে, সে-ই এক দফার ঘোষক।

১৮ পঠিত ... ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top