বাংলাদেশের রাজনীতিতে বালুর ট্রাকের ইতিহাস

৫৭ পঠিত ... ১০ ঘন্টা ১৬ মিনিট আগে

দেশের রাজনীতিতে বিরোধীদলকে আটকাতে ২০১৩ সালে সামনে আসে বালুর ট্রাক। তখন খালেদা জিয়াকে আটকাতে আওয়ামীলীগ সরকার বালুর ট্রাকের উপরই ভরসা রেখেছিল। একই ভরসা রাখা হয়েছিলো ২০১৫ সালে। এবার ২০২৬ সালে এসে আবারও কামব্যাক দিলো বালুর ট্রাক। চলুন জেনে আসা যাক, বাংলাদেশের রাজনীতিতে কবে, কীভাবে বালুর ট্রাকের আগমন ও কামব্যাক।

 

১. ২০১৩: খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক 

২০১৩ সালের ডিসেম্বরের শেষ দিক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ডাক দিলেন মার্চ ফর ডেমোক্রেসির। কথা ছিল জনগণ আর নেতারা রাজপথে নামবেন। কিন্তু তৎকালীন সরকার হয়তো ভাবল, গণতন্ত্র রক্ষা করার আগে গুলশানের রাস্তা মেরামত করাটা বেশি জরুরি!

ফলে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার ঠিক বাইরে রাতেই অলৌকিকভাবে হাজির হলো কয়েকটা বালুর ট্রাক। বিরোধী নেত্রী গাড়িতে উঠে বের হবেন, অমনি ড্রাইভাররা চাবি হারিয়ে বা ইঞ্জিন নষ্ট হওয়ার অজুহাত দেখিয়ে গায়েব। রাজনীতির ইতিহাসে সম্ভবত সেটাই প্রথম ঘটনা, যেখানে বিশ্বনেতারা খেয়াল করলেন যে যেকোনো আন্দোলন স্তব্ধ করে দিতে কোনো বড় রাজনৈতিক মতাদর্শ লাগে না, কেবল চার-পাঁচ ট্রাক বালুই যথেষ্ট!

 

২. ২০১৫: কার্যালয়ের সামনে নির্মাণসামগ্রীর স্থায়ী বন্দোবস্ত

২০১৫ সালের শুরুর দিকে রাজনৈতিক উত্তাপ যখন তুঙ্গে, তখন বালুর ট্রাক তার পার্ট-টু নিয়ে ফিরে এলো। এবার স্থান গুলশানের রাজনৈতিক কার্যালয়। আগেরবার যদি ছিল ট্রায়াল রান, এবার যেন পুরোপুরি হোম ডেলিভারি! কার্যালয়ের সামনে সারি সারি ট্রাক এমনভাবে পার্ক করা হলো, যেন ভেতরে কোনো রাজনৈতিক দলের কার্যালয় নয়, বড় কোনো ফ্ল্যাট প্রজেক্টের কাজ চলছে।

জিজ্ঞেস করলে প্রশাসন জানায়, এগুলো তো নিরাপত্তার জন্য ও সড়ক সুরক্ষার জন্য রাখা। সাধারণ মানুষ হাসবে না কাঁদবে বুঝতে পারত না! একজন সাবেক প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী ভেতরে অবরুদ্ধ, আর বাইরে বালু ও ইটভর্তি ট্রাক পাহারা দিচ্ছে, এমন প্রাকৃতিক ও পরিবেশবান্ধব নিরাপত্তা ব্যবস্থা পৃথিবীর আর কোনো দেশের রাজনীতিতে দেখা গেছে কি না সন্দেহ!

 

৩. ২০২৬: এনসিপির সমাবেশের পথে বালুর ট্রাকের কামব্যাক

সময় বদলাল, রাজনৈতিক প্রেক্ষাপট বদলাল, এমনকি সরকারও বদলে গেল, পাশাপাশি দেশের রাজনীতিতে ঐতিহ্যবাহী বালুর ট্রাকও কামব্যাক দিলো! ২০২৬ সালে এসে হবিগঞ্জের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা মুখোমুখি হলেন সেই ঐতিহাসিক ঐতিহ্যের। নিরাপত্তাবাজেট কম থাকায় এবার আর ট্রাকে বালু ছিল না, শুধুই ট্রাকই ছিল।

রাস্তার মাঝখানে আড়াআড়ি দাঁড় করিয়ে রাখা হলো পুরোপুরি খালি বালুর ট্রাক! দৃশ্যটি দেখে মনে হচ্ছিল, প্রশাসন হয়তো ভেবেছে, অতীতে তো বালু দেখিয়ে আটকে রেখেছিলাম, এবার না হয় বালুর অবয়ব বা খালি ট্রাকের ভয় দেখিয়েই আটকে দিই! বালু তো কেবল একটি রূপক বা প্রতীকমাত্র, আসল উদ্দেশ্য তো রাস্তা ব্লক করা!

বালু ছাড়া খালি ট্রাকের এই উদ্ভাবনী প্রয়োগ প্রমাণ করে যে, বাংলাদেশের রাজনীতিতে রাজপথ বন্ধ করার কৌশলগুলো দিন দিন কতটা স্মার্ট ও বাজেট-ফ্রেন্ডলি হয়ে উঠছে!

৫৭ পঠিত ... ১০ ঘন্টা ১৬ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top