ক্রিশ্চিয়ানো রোনালদো [এদুয়ার্দো গ্যালিয়ানো যে লেখাটা কখনো লিখে যাননি]

৭৩ পঠিত ... ১৮:২৫, জুন ২৪, ২০২৬

স্পোর্টিং লিসবন থেকে দেশ ছাড়ার মুহূর্তে তার জ্বালানি ছিল উচ্চাভিলাষ। দেখতে দেখতেই, স্কটিশ এক দীক্ষাগুরুর হাত ধরে ইংল্যান্ড চলে এল তার বুটের তলায়। অহমে ভর করে সে তখন—অরণ্য থেকে উঠে আসা এনকিদুর মতোই—প্রতিপক্ষ হিসেবে খুঁজে নিল একজন আধা-দেবতা গিলগামেশকে। সেই লড়াইয়ে বহুবার সে জিতে গেছে ওই গিলগামেশের বিপক্ষে, আর ফুটবলের সর্বকালের সেরা দ্বৈরথ দেখতে পেয়ে বছরের পর বছর তখন হেসেছে স্পেনের মাঠের ঘাস।

বহুবার, রক্ত-মাংসের শরীর যতটা পারে, তার চেয়েও বেশি সে সম্ভব করেছে ঔদ্ধত্য নামের পঙ্খীরাজে চড়ে। এমনকি এক পায়ে সে যখন দাঁড়িয়েছে ডাগআউটে, তখনও তার দেশ জিতে নিয়েছে ইউরোপের মুকুট। আর্জেন্টাইন ওই গিলগামেশকে আরও ছাড়িয়ে সে তখন লাফ দিয়েছে ইতালিতে গিয়ে, তার সামনে নত হয়েছে গোটা পৃথিবী।

তবু এক সন্ধ্যায় ঘুম ভেঙে সে আবিষ্কার করেছে, দীর্ঘদিনের পথের সাথী গিলগামেশের ছায়া হঠাৎ আরও দীর্ঘ হয়ে গেছে লুসাইল স্টেডিয়ামে। আর কখনো নাগাল পাবে না জেনেও সেই চিরতরুণ তবু সেটাকে খুঁজে গেছে পেনাল্টি বক্সের প্রহেলিকাময় অরণ্যে, ক্লান্ত ও নশ্বর পায়ে।

৭৩ পঠিত ... ১৮:২৫, জুন ২৪, ২০২৬

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top