মাসকাওয়াথ আহসানের ধারাবাহিক নভেলা প্রণব মুখুজ্জের অভিধান (ত্রিংশ পর্ব)

৭ পঠিত ০ ... ৩ ঘন্টা ৪৪ মিনিট আগে

 

 

 

শেখ মুজিবের মুক্তির দাবিতে পয়সারহাটের স্কুল-কলেজের ছাত্ররা পথে নামে। ঢাকায় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হলে তার অভিঘাত সারা পূর্ব পাকিস্তানে ছড়িয়ে পড়ে। তারা শিক্ষা, শিল্প, স্বায়ত্তশাসন ও ভোটাধিকারসহ জনগণের বিভিন্ন দাবি দিয়ে সাজিয়েছিল তাদের ১১ দফা।

পয়সারহাটের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হতে থাকে। গওহরডাঙ্গা থেকে ট্রেনে করে পুলিশবাহিনী এসে টহল দিতে থাকে বাজার এলাকা ও স্কুল-কলেজের আশপাশে। পুলিশকে বিন্দুমাত্র ভয় না পেয়ে ছাত্ররা তাদের বিক্ষোভ মিছিল অব্যাহত রাখে। আওয়ামী যুব সংগঠনের নেতা আক্কাছ মিছিলটার সামনে দাঁড়িয়ে স্লোগান দেয়, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। আইয়ুবশাহীর পতন চাই।

এইভাবে কয়েকদিন মিছিল চলার পর আক্কাছ পুলিশের টার্গেটে পরিণত হয়। ঢাকায় আসাদ শহীদ হয়েছেন, এ খবর ছড়িয়ে পড়তেই পয়সারহাটের মিছিল উত্তুঙ্গ হয়। পুলিশ বন্দুক তাক করলে আক্কাছ বুক পেতে দেয়। বুকের রক্ত দিয়ে যেন সে লিখে দিয়ে যায়, এবার আইয়ুব খানকে যেতে হবে।

ঢাকায় বিক্ষুব্ধ জনতা সরকারি ভবন ও সরকার সমর্থিত পত্রিকায় আগুন দেয়। দৈনিক পাকিস্তান, মর্নিং নিউজ ও পয়গাম অফিস ভস্মীভূত হয়। রেডিও-টিভিতে রবীন্দ্রসংগীত নিষিদ্ধকারী খাজা শাহাবুদ্দীনসহ বেশ কয়েকজন মন্ত্রীর বাড়িতে আগুন দেওয়া হয়।

প্রণব মুখুজ্জে কলা ও সংস্কৃতি কেন্দ্রে ঘোষণা করেন, দেখেছো রবীন্দ্রনাথের শত্রুর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এভাবে রবীন্দ্রনাথ বিমূর্ত থেকে মূর্ত হয়ে উঠলেন। তোমরা আজ সারাদিন রবীন্দ্রনাথকে উদযাপন করবে গানে গানে। ছায়ানটের ছেলেমেয়েরা গাইতে থাকে,

মুক্ত করো ভয়,
আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়।
দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো,
নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানো।

ছাত্রদের বিক্ষোভের মুখে অবশেষে আইয়ুবশাহী শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয়। ছাত্রেরা মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেয়।

৬৫ সালের যুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক সংকট জন-অসন্তোষ বাড়িয়ে তুলেছিল। এরপর ছয় দফার দাবিতে আন্দোলন আর ৬৮-৬৯ সালের গণ-অভ্যুত্থানের মুখে দুর্বল হয়ে পড়েন আইয়ুব খান। তারই প্রিয়ভাজন জুলফিকার আলী ভুট্টো ৬৫-এর যুদ্ধকে ঘিরে ভারতের সঙ্গে চুক্তি-সংক্রান্ত বিষয়ে ক্ষুব্ধ হয়ে পররাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে পাকিস্তান পিপলস পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন।

শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ আর ভুট্টোর নেতৃত্বে পিপলস পার্টি, উভয়েই আইয়ুবের ওপর পদত্যাগের চাপ সৃষ্টি করে। সেনাবাহিনীর মাঝেও আইয়ুবকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল। আবার গুরুতর শারীরিক অসুস্থতাও ছিল তার। ফলে তিনি পদত্যাগ করে শাসনভার সেনাপ্রধান ইয়াহিয়া খানের হাতে হস্তান্তর করেন।

রাশেদ খান ঢাকার ৩২ নম্বরে যান শেখ মুজিবের সঙ্গে দেখা করতে। শেখ মুজিব তাকে নিয়ে দুপুরের খাবার খেতে খেতে বলেন, উই উইল গো বাই দ্য বুক। গণতন্ত্রই পাকিস্তান রাষ্ট্রের সমাধান। আমরা নির্বাচন চাইব। জনগণের ভোটেই পাকিস্তানের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

এদিকে প্রণব মুখুজ্জে অধ্যক্ষ আজিজুল হককে বলেন, মুজিবের মতলব বোঝা দায়। গণ-অভ্যুত্থানে যে মোমেন্টাম তৈরি হয়েছিল, সেখান থেকেই এটা স্বাধীনতা সংগ্রামে রূপ নিতে পারত। আমার তো আর দেরি সয় না; ক'দিনই বা বাঁচব। আমি এই বাংলার মাটি বাংলার জলকে মুক্ত দেখতে চাই। সীমান্তবিহীন বাংলা চাই। এপার বাংলা-ওপার বাংলা আবার কী! আমি চাই এক বাংলা; যেমনটি ছিল, ঠিক সেরকম। এখন চলুন দেখি, শহীদদের শ্রদ্ধা জানিয়ে আসি।

শহীদ মিনারের সামনে গিয়ে দাঁড়ান পণ্ডিত মশায়। চারটে গাঁদা ফুল রেখে কিছুক্ষণ ঝিম মেরে দাঁড়িয়ে থাকেন।

এর মধ্যে রঞ্জু, মতি, ধনঞ্জয়, চিত্তরঞ্জন, মুকুল শর্মা, বিজয়া ম্যাডাম ধীরে ধীরে এসে দাঁড়ান। স্কুলের ছাত্র-ছাত্রীরাও এসে দাঁড়ায়। প্রণব মুখুজ্জে কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই তো বাইশ বছর আগেও আমাদের গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু ছিল। সোনার বাংলাকে শ্মশান বানানোর খলনায়ক ওই জিন্নাহ। তোমরা কখনো তাকে ক্ষমা করবে না। বায়ান্ন, বাষট্টি, ছেষট্টি, ঊনসত্তর আমাদের বাংলা মায়ের ছেলেরা ভাষার জন্য, শিক্ষার জন্য, ছয় দফার জন্য, পাকিস্তানের রাহুমুক্তির জন্য প্রাণ দিয়েছে। পয়সারহাটের মোখলেছ ও আক্কাছও প্রাণ দিয়েছে। বাংলা আমাদের মা। বাঙালি জাতি পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

কান্নায় ভেঙে পড়েন প্রণব মুখুজ্জে। তিনি ছায়ানটের ছেলেমেয়েদের গাইতে ইশারা করেন। তারা সমবেত কণ্ঠে গায়,

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে—
ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি॥
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে—
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥

 

২৯তম পর্বের লিংক

 
৭ পঠিত ০ ... ৩ ঘন্টা ৪৪ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top ​