মাসকাওয়াথ আহসানের ধারাবাহিক নভেলা, প্রণব মুখুজ্জের অভিধান (সপ্তবিংশ পর্ব)

৭ পঠিত ০ ... ১ ঘন্টা ২৬ মিনিট আগে

 

15 (47)

রাজনীতিক শেরে বাংলা ও সোহরাওয়ার্দীর মৃত্যুর পরে ভাসানীই হয়ে দাঁড়িয়েছেন পাকিস্তান রাজনীতির এক্স ফ্যাক্টর। ভাসানী ও শেখ মুজিব করাচিতে যান রাজনীতির একটা গুরুত্বপূর্ণ চাল দিতে। রাশেদ খানও সেখানে যান তাঁদের সঙ্গী হয়ে।

জিন্নাহ হাউসে ফাতেমা জিন্নাহর সামনে বসে ভাসানী বলেন, আপনার কাছে একটি বিশেষ অনুরোধ নিয়ে এসেছি। আপনি কথা দিন, আপনি এ অনুরোধ ফেলবেন না।

ফাতেমা জিন্নাহ বলেন, আপনি আগে ভালো করে নাশতা করুন; তারপর আলাপ করা যাবে।

সোহরাওয়ার্দী নেই। কিন্তু তাঁর দুই শিষ্য শেখ মুজিব ও রুকাইয়া জাফরি উৎসুক হয়ে বসে। মুজিব ও রুকাইয়া সোহরাওয়ার্দীর সঙ্গে ট্রেনে করে পূর্ববঙ্গ চষে বেড়িয়েছেন রাজনীতি শিখতে। সৈয়দ আমীর আলীর নাতনি রুকাইয়ার বিয়ে হয়েছে করাচিতে এক খ্যাতিমান সাংবাদিকের সঙ্গে। রুকাইয়া রাজনীতিতে সক্রিয়। তাঁর বাবাও পূর্ববঙ্গে রাজনীতি করেছেন।

রাশেদ খান ও এজাজ সিদ্দিকি পাশাপাশি বসেন। এজাজ সিদ্দিকি রাশেদ খানের ছোট ছোট প্রশ্নের জবাবে সোহরাওয়ার্দীর আশাভঙ্গের দিনগুলোর গল্প করছেন। সোহরাওয়ার্দীর প্রধানমন্ত্রীত্ব চলে যাওয়ার পর প্রায় প্রতিটি সাঁঝেই এজাজের বাবা আর চাচার সঙ্গে গল্প করতে আসতেন। কখনো কখনো ফোন করতেন। এজাজের বাবাকে না পেলে বলতেন, বোলো, গুমনাম ফোন করেছিল। ও যেন কলব্যাক করে।

ভাসানী ধীরে ধীরে খাওয়া শেষ করে নামাজ পড়তে যান। রুকাইয়া অস্থির হয়ে মুজিবকে বলেন, উনি কথাটা পাড়তে এত সময় নিচ্ছেন কেন!

মুজিব উত্তর দেন, এটা মওলানা সাহেবের আর্ট অব পলিটিকস।

নামাজ সেরে এসে ভাসানী দুম করে বলে বসেন, পাকিস্তানের গণতন্ত্র ফেরাতে আপনাকে আমরা নেত্রী মানছি। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আইয়ুব খানের বিরুদ্ধে লড়বেন আপনি।

ফাতেমা জিন্নাহ চমকে গিয়ে বলেন, আমাকে তো রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়েছে এরা। আমি আর জড়াতে চাই না এতে।

শেখ মুজিব বলেন, আপনি কায়েদে আজমের বোন, আপনি চাইলেই কি রাজনীতি আপনাকে ছাড়বে!

রুকাইয়া অনুরোধ করেন, আপনি না করবেন না! এই সেনাশাসন তো অনির্দিষ্টকালের জন্য চলতে দেওয়া যায় না।

এজাজ মুজিব আর রুকাইয়াকে দেখিয়ে বলেন, উনারা আপনার নির্বাচনী প্রচারণার পুরোটা দেখবেন, আপনি শুধু হ্যাঁ বলুন, অনুগ্রহ করে।

রাশেদ খান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, পূর্ব পাকিস্তানে আপনাকে জেতানোর সর্বোচ্চ চেষ্টা করব আমরা।

ভাসানী বলেন, আসুন, আমরা সবাই উনার প্রার্থিতার কল্যাণের জন্য একটু প্রার্থনা করি।

প্রেসিডেন্ট নির্বাচনে আইয়ুব খানের বিরুদ্ধে ফাতেমা জিন্নাহ প্রার্থী হচ্ছেন, আর ভাসানী তাঁকে প্রার্থী হতে উদ্বুদ্ধ করেছেন; এ খবর মিডিয়ায় এসে গেলে আইয়ুব খান ভাসানীর সঙ্গে যোগাযোগ করেন, মওলানা সাহেব, আমিও যেন আপনার দোয়া থেকে বঞ্চিত না হই।

আইয়ুব খান জনগণের সরাসরি ভোট স্থগিত করে ৮০ হাজার বেসিক ডেমোক্র্যাট আর ইলেক্টোরাল কলেজ ব্যবস্থা চালু করায় সম্মিলিত বিরোধী দলের প্রার্থী ফাতেমা জিন্নাহর জেতা কঠিন ছিল। আওয়ামী লীগ, কাউন্সিল মুসলিম লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল মিলে সম্মিলিত বিরোধী দল গঠিত হয়। তারা সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সরাসরি ভোটের দাবি জানায়।

সমস্ত বাধাবিপত্তি অতিক্রম করে শেখ মুজিব ফাতেমা জিন্নাহর পক্ষে পুরো পশ্চিম পাকিস্তানে নির্বাচনী প্রচারণা চালান। রাশেদ খান পূর্ব পাকিস্তানে ফিরে ফাতেমা জিন্নাহর পক্ষে প্রচারণা চালান।

পয়সারহাটে কলা ও সংস্কৃতি কেন্দ্রে প্রণব মুখুজ্জে বেঁকে বসেন। বলেন, যে জিন্নাহ অখণ্ড ভারত ভেঙে দিয়েছে, তার বোনের পক্ষে তোমরা কেউ নির্বাচনী প্রচারণায় যাবে না। তোমরা দেখেছ কি, ঠিকই ভাসানী-মুজিব গিয়ে ফাতেমা জিন্নাহর পাশে দাঁড়িয়েছে। ওরা এই অভিশপ্ত মুছলমানের পাকিস্তান টিকিয়ে রাখতে একাট্টা। পয়সারহাটের রাশেদ খানও পাক্কা মুছলমান।

রঞ্জু, মতি ও জগন্ময় তোতাপাখির মতো বলে ওঠে, ডানপন্থী রাশেদ খান, অন্তরে তার পাকিস্তান।

প্রেসিডেন্ট নির্বাচনে ফাতেমা জিন্নাহ হেরে গেলেও পূর্ব পাকিস্তান আর করাচিতে তিনি সর্বোচ্চ ভোট পান। সম্মিলিত বিরোধী দল আইয়ুব খানের বিরুদ্ধে নির্বাচনী কারচুপি ও বলপ্রয়োগের অভিযোগ তোলে।

অনেকটা বিজয়ীর বেশে উর্দু শিক্ষক রজব আলী কলা ও সংস্কৃতি কেন্দ্রের সামনে ঘুরে ঘুরে তাঁর জনপ্রিয় চারণকবিতা বলেন, ছি ছি ছি ঘৃণা, হুইস্কিখোর জিন্না।

মধুমতীর আলো পত্রিকায় রজব আলীকে এ যুগের সূর্যসেন অভিধায় ভূষিত করে কলাম লিখে ফেলেন বর্ধমান থেকে এক কাপড়ে পালিয়ে আসা অধ্যক্ষ আজিজুল হক।

 

২৬ তম পর্বের লিংক

৭ পঠিত ০ ... ১ ঘন্টা ২৬ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top ​