আরও যারা যারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন

১৬ পঠিত ... ৩ ঘন্টা ২৩ মিনিট আগে

 

জীবনে এমন কিছু অপরাধ আছে, যার জন্য কেউই ক্ষমা করতে রাজি নন। তবে দুশ্চিন্তার কিছু নেই। কারণ, সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছে, সমাজের নির্মম কষাঘাতে যাঁতাকলে পিষ্ট আপনাকে কেউ ক্ষমা করতে পারছে না, তখন শেষ ভরসা স্বয়ং রাষ্ট্রপতি!

সম্প্রতি তিনি রাষ্ট্রপতির ক্ষমতাবলে ২০ জন এনবিআর কর্মকর্তার অপরাধ ক্ষমা করে দিয়েছেন। চলুন জেনে আসা যাক, যাপিত জীবনে আর কী কী বিষয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করা যায়।

১.  প্রেমিক/প্রেমিকা সমাজ

প্রেমে তো একটু ভুল হয়েই যায়। কখনও জন্মদিন ভুলে যায়, কখনওবা ফার্স্ট ডেটের তারিখটা। কখনোবা ভুলে যাই প্রিয় রং, প্রিয় গান। ক্ষমা চাইতে হয় প্রতিমাসে। কেউ ক্ষমা পায়, কেউ ক্ষমা পায় না!

যারা ক্ষমা পায় না, তারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান। উনি উদার মানুষ, ক্ষমায় ডিসকাউন্ট চলছে।

২. ঋণখেলাপি সমাজ

বর্তমান পরিস্থিতিতে নিত্যনতুন প্রয়োজনীয় জিনিসপত্র কিনেই তো মানুষ কূল পায় না। ঋণের টাকা মওকুফ করলে বড় উপকার হয়।

তাই ব্যাংকের ম্যানেজার যখন ফোন ধরা বন্ধ করে দিয়েছেন, তখন আর দুশ্চিন্তা কী! রাষ্ট্রপতির কাছে একটা আবেদন করেই দেখুন!

৩. অবিবাহিত সিঙ্গেল গোষ্ঠী

‘কবে বিয়ে? এখনো হয়নি? বাচ্চাই বা কবে হবে?’

‘প্রেম করছো?’—এমন প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হয়ে চক্ষুশূল হচ্ছেন আপামর পাশের বাসার আন্টি-আঙ্কেল সমাজের? তাঁদের চোখে প্রতীয়মান হচ্ছেন অপরাধীরূপে?

ভয় নেই। তাঁরা ক্ষমা না করলেও আছেন রাষ্ট্রপতি! একটিবার ক্ষমা চেয়েই দেখুন।

৪. অসহায় কাজিন

আম্মার শোকেস থেকে না বলে প্লেট নামিয়েছেন? শুধু তা-ই নয়, খেয়েছেন সেই প্লেটে ভাত?

তবে রাষ্ট্রপতি ছাড়া আপনার রক্ষে নেই। বাঁচতে হলে এখনই দৌড়ে বঙ্গভবনে চলে যান!

৫.  চুলপ্রেমী চাচাতো ভাই

চুল বড় হয়ে গেছে? এলাকায় কোনো মুরুব্বির সামনে পড়লেই দিতে হচ্ছে পজ, শুনতে হচ্ছে—‘কাটছো না কেন?’

ছ্যা ছ্যা করছে চাচা সমাজ? ক্ষমার অযোগ্য হয়ে একঘরে হয়ে যাচ্ছেন?

চাচারা ক্ষমা না করলেও আপনার জন্য আছেন স্বয়ং রাষ্ট্রপতি! তাঁর কাছে দুঃখের কথা বলুন, বলুন—‘চাই না ছিঁড়তে আর এ কেশ আমার!’

৬.  বসের ঝাড়ি খাওয়া কর্মী সমাজ

প্রতিদিন অফিসে দেরি করে আসেন, কিন্তু ইচ্ছে করে তো আর করেন না! কখনো জ্যাম, কখনো মেট্রো আসে না, কখনো উঠতে দেরি…

কিন্তু বস সব সময়ই ঝাড়ি দেন, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন না।

এবার সময় ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার। বসকে বলে দিন—

তার দিন শেষ,
রাষ্ট্রপতির বাংলাদেশ!

১৬ পঠিত ... ৩ ঘন্টা ২৩ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top