ইফতার খেয়ে ভাবছিলাম আর পনেরোটা রোজা গেলেই আমি ইফতারের সময় সংযম করা শুরু করবো। এতো ইফতারি খাওয়া স্বাস্থ্যের জন্য ঠিক না।
সেই সময় মোবাইলে ফোন আসলো। ট্রু কলারে দেখাচ্ছে
লাভলী।
আমি ভাবছি এটা কোন লাভলী?
ইদানিং এই নামে এক মহিলা নাকি সবাইকে ফোন দিয়ে
চাকরি দিবে বলে। ইংলিশে কথা বলে। সবার
বেতন ডলারে ঠিক করে।
আমি ঠিক করেছি ধরেই ইংলিশে কথা বলা শুরু করবো। আর বেতনের অংক নিয়ে মহিলার সঙ্গে মূলামূলি করবো।
প্লিজ সিস্টার গিভ মি ফাইভ থাউসেন্ড ডলার পার মান্থ এটলিস্ট। ভেরি গুড ইংলিশ আই নো।
ফোন ধরতেই শুনি লাভলী বলছে
সুলায়মান ভাই।
চিন্তাধারা চেঞ্জ হলো।
ভাবলাম সুলায়মান সুখনকে কেউ খুঁজছে। তাকে কিছু মোটিভেশন দেই।
ইয়েস প্লিজ। আই এম পই পই সুলায়মান।
ভাইয়া কি বলছেন? আমি লাভলী। গতকাল আপনার টেইলার্সে জামা বানাতে দিয়ে গিয়েছিলাম।
আমার মন খুশীতে নেচে উঠলো। এই দেশে নায়িকা শাবানার পর কেউ যদি টেইলার্স হতে চেয়েছে তা হচ্ছে আমি।
এই দেশে সুন্দরী মেয়েদের মুখের উপর না বলার ক্ষমতা শুধু টেইলার মাস্টারদের আছে।
আমি খুব ভাব নিয়ে বললাম
জি দ্রুত বলুন। খুব ব্যস্ত আছি।
ভাইয়া আপনি যে মাপ বলেছেন। তাতে মনে হচ্ছে জামাটা টাইট হবে। জামার মাপ দুই ইঞ্চি বাড়িয়ে দিন।
না। সম্ভব না।
মানে কি?
হবে না আপা। জামা বানানো হয়ে গিয়েছে। আপনাকে আবার নতুন জামা কিনে দিতে হবে। এখন ঈদের আগে নতুন অর্ডার নিতে পারবো কিনা বুঝতে পারছি না। ওয়েটিং লিস্টে থাকতে হবে আপনাকে।
কি বলছেন ভাইয়া। আমি না গতকাল জামা দিয়ে গেলাম। আজকেই বানানো শেষ। আপনি বললেন ঈদের আগের রাতে জামা ডেলিভারি দিবেন। আর একদিনে কিভাবে শেষ হয়।
আসলে আপু আমি আজকের কাজ কালকের জন্য ফেলে রাখি না। সাইজ অনুযায়ী জামা কাটা শেষ। দেরী করে আমার কারিগররা। তাই আপনার জন্য একটা বিগ নো।
ভাইয়া আপনি আমাকে চিনতে পারছেন না। আমি কমিশনার বজলুর বোন লাভলি।
আপু স্বয়ং ট্রাম্প কিংবা পুতিনের ফোন আসলেও আমাদের পক্ষ থেকে নো। মোদী-জির ফোন আসলেও এ বিগ নো। যদি বলেন মিসাইল দিয়ে আমার দোকান উড়িয়ে দিবেন। তার পরেও স্ট্রেইট নো। সুলায়মান টেইলার্স কাউকে কেয়ার করে না।
ফোন রেখে মনটা ফুরফুরা লাগা শুরু করলো । আহা জীবনে কত স্বপ্ন ছিলো মেয়েরা আমাকে অনুরোধ করবে আর আমি বলবো নো।
আরেকটা মেয়ের ফোন।
ভাইয়া আমি ঈশিতা। গতকাল আমার জামার ডেলিভারি নিয়েছিলাম।
অভিনন্দন। ঈদের আগে জামা হাতে বুঝে পাওয়ার জন্য।
কিন্তু ভাইয়া আমার গলাটা বড় হয়ে গিয়েছে। একটু কমিয়ে দিতে হবে।
আপু প্লাস্টিক সার্জনের সঙ্গে যোগাযোগ করুন। গলা উনারা হয়তো ছোট বড় করতে পারবেন।
ভাইয়া আমার গলা না। আমার জামার গলা।
দেখুন আপু আমরা ঈদের আগে এতটাই ব্যস্ত। এটা আমাদের পক্ষে সম্ভব না। আপনি ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করুন। উনারা সম্ভবত ফ্রি আছেন। দেখুন আপনার গলা বড় করে জামার সঙ্গে এড-জাস্ট করে দিতে পারে কিনা।
ফোন রেখে দিলাম।
আরেকজনের ফোন
ভাইয়া আমি সিমি। আমার সুহুরের ড্রেস কি হয়েছে?
নাউজুবিল্লা আপু। আমরা কোন বিদেশী প্রাণীর ড্রেস বানাই না। মানুষের ড্রেস বানিয়েই সময় পাচ্ছি না। আবার কোন প্রাণীর নাম মুখে নিলেন?
ভাইয়া সেহরি খেতে যাওয়ার ড্রেস। সুহুরের ড্রেস।
ও। জী আপু। কাজ চলছে। পিঠ কি খোলা রাখবো?
কি বলছেন ভাইয়া পিঠ খোলা রাখবেন কেন? সুহুরের ড্রেস পিঠ খোলা রাখলে কেমন লাগবে?
ভোর রাতের শীতল বাতাসের স্পর্শ পেলেন পিঠে। ভালো লাগবে। জলীয়বাষ্পের স্পর্শে মন ভাল থাকবে।
ভালো হবে? এটা কোন ডিজাইন ভাইয়া?
নিউ সুহুর বাতাস ডিজাইন।
দিন ভাইয়া। ভাল হলেই হলো।
এরমধ্যে দেখি এক লোক ফোন দিয়েছে।
ভাই আপনি কে?
আমি কে মানে? এটাতো স্বয়ং সক্রেটিস বের করতে পারেন নি। তাই উনি বলেছিলেন নো দাই-সেলফ। আগে নিজেকে জানো। আমি ঈদের আগে ভীষণ ব্যস্ত। নিজেকে জানার সময় নেই।
ভাই আমি টেইলার সুলায়মান। আমার রশিদে একটা ডিজিট উল্টাপাল্টা হয়ে গিয়ে আপনার নাম্বার হয়ে গিয়েছে। আপনি আমার কাস্টমারকে কি বলেছেন। কমিশনার বজলু ভাই আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠিয়েছেন। ভাই আপনি আসেন। আমাকে বাঁচান।
উহু। সুন্দরীদের ড্রেস বানাবেন, মাপ নিবেন। আর এতটুকু ঝামেলা নিবেন না। তারপর নিজেই বললাম
এই নাম্বারটি বর্তমানে খালি আছে। এটা পরবর্তীতে কখন কে ব্যবহার করবে তার ঠিক নাই।
কয়দিন ফোন বন্ধ রাখি। বজলু ভাই কোন এলাকার কমিশনার খবর নেয়ার দরকার। আমার আশেপাশের এলাকার না হলে মনে হয় সমইস্যা নাই।
সুলায়মান টেইলরের শিক্ষা হউক।
বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার বধিব পরান!



পাঠকের মন্তব্য