তীব্র গরমের কারণে জনজীবন অতিষ্ঠ হওয়ায় গত কয়েকদিন ধরে বেশ চাপের মুখের ছিলেন দেশের আপামর সামার লাভাররা। কেউ কেউ তো একটি বিশেষ দলের টেকনিক ফলো করে গুপ্ত অবস্থায়ও ছিলেন। তবে কালকের বৃষ্টির পর গরম কমে আসায় গুপ্ত বেশ ছেড়ে বের হচ্ছেন তারা। এমনকি তোপের মুখ থেকে বাঁচানোর জন্য বৃষ্টিকে ধন্যবাদ জানিয়েছে সামার লাভার সমাজ।
এক সামার লাভার বৃষ্টিকে উদ্দেশ্য করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ধন্যবাদ বৃষ্টি আপা, big fan। খুব বাঁচাইলেন। সামনের দিনগুলোতে এভাবে পড়লে আমরাও শান্তিতে থাকব। আপনার এ প্লাসও কেউ ঠেকাতে পারবে না।
বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো সাধারণ বৃষ্টি নয়, এটি ছিল জনজীবন রিস্টার্ট প্যাকেজ ২.০। এদিকে সামার লাভার সমাজ ইতিমধ্যেই দাবি তুলেছে গরম বেশি হলে যেন নিয়মিত বৃষ্টি আপার সাথে কোলাবরেশন করা হয়, নইলে তারা আবার গুপ্ত অবস্থায় যেতে বাধ্য হবে। সরকারিভাবে এখনো কিছু বলা না হলেও, সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে, পরের গরমে বৃষ্টিকে জাতীয় হিট রিলিফ হিরো হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি উঠতে পারে।


