প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানাবিধ কার্ড বিতরণ শুরু করেছেন দেশনেতা তারেক রহমান। এবার তাই দেশনেতাকে ফলো করে ফিফা প্রেসিডেন্টের কাছে বিশ্বকাপে পেনাল্টি কার্ড চালুর আহ্বান জানিয়েছে আর্জেন্টিনা ফ্যানরা।
ঢাকার এক আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সভাপতি বলেন, আমরা হিসাব করে দেখেছি, একটা পেনাল্টি কার্ড থাকলে ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত গোল না হলেও সমস্যা নেই। শেষ ১০ মিনিটে কার্ড দেখিয়ে দুইটা পেনাল্টি নিয়ে নিলেই হলো টানা দ্বিতীয় বিশ্বকাপ নিশ্চিত। যদি আপনাদের দ্বারা কার্ড দেওয়া সম্ভব না হয়, দেশনেতাকে ফিফা প্রেসিডেন্ট করে দিন, উনি আসলেই কার্ডের ব্যবস্থা করে দেবেন।
অন্যদিকে ফিফা প্রেসিডেন্ট বিষয়টিতে দুঃখ প্রকাশ করে বলেন, যখন তোমার কেউ ছিল না, আপন ছিলাম আমি; এখন তোমার কাপ হয়েছে, পর হয়েছি আমি। ডিয়ার আর্জেন্টিনা ফ্যানস, তোমাদের কার্ড কেন লাগবে? কার্ড ছাড়া পুরো বিশ্বকাপ জুড়ে পেনাল্টি দিলাম, আর এখন দেশনেতাকে তোমরা ফিফা প্রেসিডেন্ট বানাতে চাও, বেইমানের বেইমান।
এদিকে ফিফা দপ্তরে হঠাৎ করেই নাকি কার্ড সংক্রান্ত ফাইলের চাপ বেড়ে গেছে। এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা আগে শুধু হলুদ আর লাল কার্ড সামলাতাম। এখন শুনছি পেনাল্টি কার্ড, সুপার পেনাল্টি কার্ড, এমনকি ‘ডেভেলপমেন্ট কার্ড’ চালুরও প্রস্তাব এসেছে। প্রিন্টারই তো সামলাতে পারছি না।
পুরো বিষয়টি নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি GOAT মেসি। তবে তিনি নিজের ফেক টুইটার অ্যাকাউন্ট থেকে চঞ্চল চৌধুরীর আমারে ফাঁসাইস না কইলাম মিমটি পোস্ট করেন।


