হঠাৎ নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন রাশমিকা

পঠিত ... ১ ঘন্টা ৫৭ মিনিট আগে

বলা নেই, কওয়া নেই—হঠাৎ করেই নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন নায়িকা রাশমিকা মান্দানা। ভাত, সবজি, ভর্তা, ডাল—কোনো কিছুতেই যেন রুচি নেই তার। শুধু কি তাই! হঠাৎ হঠাৎ আনমনে দৌড়ে বিছানায় উপুড় হয়ে বালিশে মুখ গুঁজে থাকছেন, কাউকে কিছু বলছেন না।

​ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার থেকে। রাশমিকার স্বামী বিবেক দেবরকোন্ডা আছেন চরম দুশ্চিন্তায়। তিনি বারবার জিজ্ঞাসা করছেন, কী হয়েছে তোমার রাশু? রাশমিকা ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বলছেন, ওকে কি ধরে নিয়ে যাবে?

​কে? কাকে ধরবে?—জিজ্ঞেস করতেই আবার রাশমিকা বালিশে মুখ গুঁজতে দৌড় দিচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে একজন সাহায্যকারী সবসময় রাশমিকার পাশে বালিশ নিয়ে দাঁড়িয়ে থাকছেন।

​এদিকে পাপারাজ্জিরা আমির হামজার সাম্প্রতিক গ্রেফতারি পরোয়ানা জারির খবরকে বারবার 'ব্রেকিং নিউজ' হিসেবে প্রচার করছে। সেটা দেখে রাশমিকা বলছেন, ইট ব্রোক মাই হার্ট!

​ঘটনার আদ্যোপান্ত বোঝার চেষ্টা করছে মিডিয়া জগত। সম্প্রতি একটি শর্ট রিলে রাশমিকাকে বলতে দেখা গেছে, হামজা ঝুকেগা নেহি, সালা! !

একটি অনির্ভরযোগ্য সূত্র বলছে, রাশমিকা বেশ কয়েকবার কেডি পাঠকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। কেডি পাঠক তাকে কোনো ইতিবাচক আশ্বাস দিয়েছেন কিনা সেটা পাঠক সমাজকে এই মুহূর্তে জানানো না গেলেও ধারণা করা হচ্ছে রাশমিকা যেকোন সময় কুষ্টিয়া র‌ওয়ানা করে ফেলবেন। কেডি পাঠক সরাসরি কথা বলা ছাড়া নাকি কাজ করেন না।



পঠিত ... ১ ঘন্টা ৫৭ মিনিট আগে

Top