শেয়ার করুন, যেন প্রধানমন্ত্রীর নজরে আসে

৩৫ পঠিত ... ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে

দুদিন আগে একটা ভিডিও চোখে পড়ল।

নাটকীয় কায়দায় একজন বলে যাচ্ছেন একটি শিশু নির্যাতনের কথা। ভুক্তভোগী পরিবারের দু-একজন কান্নাকাটি করছে। ভিডিওর ব্যক্তিটি শিশুটির পাশবিক নির্যাতনের কথা জানাচ্ছেন ফেসবুকে ঠিক এভাবে—‘আপনারা এই ভিডিওটি অনেক শেয়ার করুন, অনেক শেয়ার করুন, যেন প্রধানমন্ত্রীর নজরে আসে!’

রামিসা হত্যা মামলার দ্রুত রায় জনমনে স্বস্তির পাশাপাশি কয়েকটি প্রশ্নও ছুড়ে দিয়েছে। একটি স্বাধীন, সার্বভৌম দেশের নাগরিক হিসেবে এই প্রশ্নগুলোর উত্তর ভাবা কিংবা খোঁজা—কোনোটাই অপরাধ নয় বৈকি।

দ্রুত বিচার পেতে—

ধর্ষিতা বেঁচে থাকলে কি কেসটা হালকা হয়ে যায়? কম গুরুত্ব, কম কাভারেজ পায় গণমাধ্যমেও? কিংবা কাভারেজ পেলেও ফেসবুকে না আসলে কি বিচারে গতি আসে না? মৃত্যু কি দ্রুত বিচারের পূর্বশর্তের মাপকাঠিতে বাঞ্ছনীয়? সেটা হলেও কতটা ভয়ংকরভাবে মরতে হবে? আবগারি শুল্কের মতো একটা স্ল্যাব করে দিলে ভালো হয়।

ধর্ষণ হয়ে যাওয়ার পর ধর্ষিতার খবর, ছবি কি ফেসবুকে প্রথমে একটা ‘গা-শিরশির-করা’ কায়দায় প্রচার করতে হবে? রিল? নাকি শুধু মায়াবী ছবি হলেই চলবে?

বয়স নিশ্চয়ই একটা ব্যাপার? একটা শিশুর ঘটনা যতটা মানবিক, একটা মানসিক ভারসাম্যহীন, রাস্তায় পড়ে থাকা কারও সঙ্গে দফায় দফায় চলা রাতভর নির্যাতনে মরে যাওয়া মেয়েটার নিভে যাওয়া প্রাণ নিশ্চয়ই ততটা ‘টাচি’ নয়। তার তো আর কান্নাকাটি করার মতো আত্মীয়স্বজনও নেই।

হ্যাশট্যাগ নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ! দেশের মানুষ ফেসবুকে হ্যাশট্যাগ ঠিকমতো ব্যবহার করে না বলেই সরকারের বুঝতে অসুবিধা হয় কোন বিচারটা আজ-কালের মধ্যে শেষ করতে হবে, আর কোনটাতে নজর দেওয়া জরুরি নয়।

কোনো অপরাধের দ্রুত বিচার হয়ে গেলে ঝুলে থাকা কেসগুলোর আয়ুষ্কাল নিয়ে সন্দেহ জাগে। তবে কি প্রধানমন্ত্রীর সবার বাড়িতে বাড়িতে যাওয়া হয়নি বলেই দ্রুত বিচার হচ্ছে না?

ইস্যু > ভাইরাল > ক্ষোভ > তদন্ত > দ্রুত তদন্ত > বিচার > রায় > ভুলে যাওয়া… সিকোয়েন্সটা ঠিক আছে তো?

তবে আমরা আশাবাদী, একদিন দেশের সবার হাতে ফেসবুক থাকবে, সবসময় ডাটা কানেকশন থাকবে। অপরাধ হলেই ফেসবুকে জিডির রিল বানানো হবে, আর ভিকটিমের বাড়ির সামনে লাইভ হবে মামলার সমতুল্য। প্রশাসনের কাজ কতটা সহজ হবে, একবার ভেবে দেখুন!

 

৩৫ পঠিত ... ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top