এলাকাবাসী দ্বারা নিরবচ্ছিন্নভাবে ইভটিজিং সম্পন্ন হতে দেওয়ার মাধ্যমে ধর্ষককে সাহস যোগানো। পর্যাপ্ত সাহস পাওয়ার পর ধর্ষণ সম্পন্ন। এলাকা হালকা উত্তেজিত হয়।
ধর্ষক কয়েকদিন গা ঢাকা দেয়। এরপর সুযোগ বুঝে আত্মপ্রকাশ করে আবারও এলাকাবাসীর দ্বারা সাহস সঞ্চার করে নতুন শিকার টার্গেট করে।
ধর্ষণের ঘটনা ফাঁস হয়। গ্রামের মুরুব্বি, মাতব্বর টাইপ লোক ধর্ষকের সাথে মেয়েটিকে বিয়ে দিয়ে বাকি জীবন ধর্ষণ করার সুযোগ করে দেয়।
ধর্ষণ হয়। সমাধানের দায়িত্ব নেয় এলাকার পাতি নেতা, মেম্বার। এরপর তারাও মেয়েটিকে ধর্ষণ করে।
একটু বড় ঘটনা। চেয়ারম্যান পর্যন্ত যায়। চেয়ারম্যান সাহেব ধর্ষকের কাছ থেকে লাখ টাকা নিয়ে ধর্ষিতাকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়। ধর্ষক লাখ টাকা জমিয়ে অন্য কাউকে ধর্ষণ করে।
পুলিশ কেস হয়। পুলিশ ধর্ষকের কাছ থেকে লাখ টাকা নিয়ে ধর্ষিতাকে ভালোভাবে ধমকিয়ে, শাসিয়ে চুপ করিয়ে দেয়। ধর্ষক বুক ফুলিয়ে এলাকায় যায়। এবং...
আরেকটু বড় ঘটনা। পত্র-পত্রিকায় মাঝের পেজের নিচের দিকেও কোনো এক কোণায় ছোট করে খবর আসে। দুইটা ফলোআপ নিউজ হয়। এরপর উপরের যেকোনো একভাবে সমাধান হয়।
রাষ্ট্রীয় আলোচনায় আসা ঘটনা। হইহই রইরই। ধর্ষক গ্রেফতার হয়। ১০ দিন ধরে পত্রিকাগুলোর ফলোআপ নিউজ। ঘটনা ঠান্ডা। একমাস পর ধর্ষকের জামিন।
আরও বড় ঘটনা। রাষ্ট্রীয় ইস্যু হয়ে যায়। ১ মাসের ফলোআপ নিউজ পত্রিকাগুলো। রাষ্ট্রবাদী হয়ে মামলা করে। কিন্তু তদন্তে ধর্ষকের লেশও খুঁজে পাওয়া যায় না।
আরও বড় ঘটনা। আলোচনা পার্লামেন্টে যায়, দ্রুত বিচারের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ আসে। বিচার হয়। কঠিন বিচার। দেশবাসী খুশি হয়ে বছরখানেক পর ভুলে যায়। আরও একবছর পর ধর্ষকের জামিন হয়ে যায়। এই খবরও পত্রিকার মাঝের পাতার নিচের দিকে কোনো এক ছোট কোণায় ছাপা হয়।
এবং...



পাঠকের মন্তব্য