২০১৪ আর ২০১৮- দুই বিশ্বকাপেই বেলজিয়াম প্রত্যাশিত স্বর্ণ জয়ের বেশ কাছাকাছি এসে ফিরে গেলো খালি হাতে। খেলোয়াড় আর সমর্থক, সবার হতাশা ঘেরা চাউনি ধরা পড়েছে ফটোসাংবাদিকদের ক্যামেরায়। বেলজিয়াম দু’বেলাতেই খালি হাতে ফিরলেও ২০১৪ সালে ভাগ্যের শিঁকে ছিড়েছিল এক সমর্থকের। বেলজিয়ান ‘রেড ডেভিল’-এর শিং মাথায় চড়িয়ে স্টেডিয়ামে খেলা আসা অ্যাক্সেল ডেসপিগেলারের স্মিত হাসিতে নিজ দলকে সমর্থনের ছবি কেড়ে নেয় সব পুরুষ ফুটবলভক্তের আকর্ষণ। আর সেই ছবি ভাইরাল হওয়ায় তিনি পেয়ে যান বিশ্বখ্যাত প্রসাধনী প্রতিষ্ঠান ল’রিয়ালের মডেল হবার সুযোগ!

সৌভাগ্যবতী বলতেই হয় অ্যাক্সেলকে! স্টেডিয়ামের আরও হাজার হাজার সমর্থকদের মধ্যে তার ছবিটিই নজর কাড়ে সবার, ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়াগুলোতে। ল’রিয়াল তাই এই সুযোগে লুফে নেয় বেলজিয়ান এই সুন্দরীকে, তাই দেশে ফিরেই তিনি পেয়ে যান ল’রিয়ালের সাথে কাজ করার চুক্তি। মাঠে আর্জেন্টাইন বাহিনীর কাছে নিজের দল পরাজিত হলেও, নিজের উৎফুল্লতার প্রদর্শনে তিনি চলে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে, সোশ্যাল মিডিয়াতেও তার সুন্দর চাউনি আর গড়ন নিয়ে প্রশংসা কম হয়নি।

অবশ্য সুপ্রসন্ন ভাগ্য বেশিদিন টেকেনি তার। ফেসবুকে একটি মৃত প্রাণির সামনে রাইফেল নিয়ে দাঁড়িয়ে হাস্যরত ছবি পোস্ট করার কিছুদিন পর অ্যাক্সেলের সাথে চুক্তি বাতিল করে ল’রিয়েল। অবশ্য ঠিক এক মাস পরই চেনা রূপে হাজির হন বেলজিয়ামের প্রিয় ক্লাব দল ব্রাগের খেলায় বিশেষ অতিথি হয়ে।

রাশিয়া বিশ্বকাপে দলের সমর্থনে দেখা যায়নি এই সুন্দরীকে। পুরোদস্তুর এই মডেল এখন ব্যস্ত আছেন নিজের কাজ নিয়ে, যদিও ফেইসবুকে তার ডিসেম্বর মাসে সর্বশেষ ব্যস্ততা নির্দেশ করে- বেলজিয়ামের বিশ্বকাপ জয়ের মত তিনিও এখন সবকিছুতে অমাবস্যার চাঁদ হয়ে আছেন।


পাঠকের মন্তব্য