পৃথিবির বিখ্যাত কিছু কাউ ফেস্ট

পঠিত ... ৬ ঘন্টা ৫৮ মিনিট আগে

গত কয়েকদিন ধরে গরু নিয়ে খুব একটু খাটাখাটুনি করতে হচ্ছে। সামনে কোরবানির ঈদ তো, গরু নিয়েই কারবার। তা ঘটনা হচ্ছে, সারাদিন গরুর সাথে কাটানোর কারণেই নাকি অতিরিক্ত স্ট্রেসের কারণেই কে বলবে, রাতে অদ্ভুত অদ্ভুত সব গরুকেন্দ্রিক স্বপ্ন দেখা শুরু করেছি। একটু শেয়ার করি, কী বলেন?

রানিং অব দ্য বুলস, স্পেন

একদিন দেখলাম স্পেনের পাম্পলোনা শহরে আমি। ঘুরছি-ফিরছি, গুনগুন করে গান গাইছি। আমার চারপাশেই উৎসবের আমেজ। ঐতিহ্যবাহী সান ফার্মিন উৎসব চলছে। এই উৎসবেরই সবচেয়ে রোমাঞ্চকর অংশটা গরুকেন্দ্রিক। প্রতিদিন সকালে শহরের সরু রাস্তাগুলোতে শত শত সাহসী মানুষ ক্ষুব্ধ ষাঁড়ের সামনে দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। পুরো আয়োজনটি মাত্র দুই থেকে তিন মিনিটের হলেও এটি বিশ্বজুড়ে প্রবল জনপ্রিয় একটি রোমাঞ্চকর দুঃসাহসিক ইভেন্ট। আমি দেখলাম আমিও এই ষাঁড়দের সামনে জীবনবাজি রেখে দৌড়াচ্ছি, আমিও এক দুঃসাহসী ম্যাটাডোর! খালি টেনশন একটাই, একটু এদিক-ওদিক হলেই কিমা!

জালিকাট্টু, ভারত

আরেকদিন দেখি যে, তামিলনাড়ুতে কার ক্ষেতে দাঁড়িয়ে যেন আখ খাচ্ছি। স্বপ্ন তো, নিজের ক্ষেতও হতে পারে, ঠিক মনে নেই! তা সেই সময় সেখানেও চলছে উৎসব। নাম যার পঙ্গাল। দক্ষিণ ভারতে, বিশেষ করে তামিলনাড়ুতে, পঙ্গাল উৎসবের সময় ‘জালিকাট্টু’ নামের ঐতিহ্যবাহী খেলা চলে। এটি মূলত একটি ষাঁড় বশ করার খেলা, যেখানে অংশগ্রহণকারীরা ষাঁড়ের কুঁজ ধরে তার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এটি তাদের বীরত্ব প্রদর্শনের একটি প্রাচীন মাধ্যম। তা আমিও ঘুমের মধ্যেই খেলে আসলাম সেই খেলা। বেজায় পরিশ্রম, কিন্তু মজা আছে!

বুল ফাইটিং, থাইল্যান্ড

থাইল্যান্ড যেদিন গেলাম, সেদিন আমি দর্শক। দক্ষিণ থাইল্যান্ডে, বিশেষ করে সামুই ও ফুকেট দ্বীপে, ষাঁড়ের লড়াই বেশ জনপ্রিয়। তবে এখানে কোনো টরেডোর বা মানুষের সঙ্গে ষাঁড়ের লড়াই হয় না, বরং দুটি ষাঁড় একে অপরের মুখোমুখি হয়। আর তাদের চারপাশে মানুষ জমায়েত হয়ে এই লড়াই দেখে আনন্দ নেয়। ঐতিহ্যবাহী এই গ্রামীণ আয়োজনে বিনোদনের পাশাপাশি স্থানীয় সংস্কৃতির গভীর ছাপ রয়েছে।

করোলেজা, কলম্বিয়া

একবার স্বপ্ন দেখে আত্মারাম খাঁচাছাড়া হয়ে গেল! দেখলাম আমি এক ষাঁড়ের সামনে দাঁড়ানো, সেটা আমাকে শিং দিয়ে গুঁতোতে আসছে। জায়গাটা কলম্বিয়া। উৎসবটার নাম করোলেজা। কলম্বিয়ার ক্যারিবীয় অঞ্চলে এই উৎসবটি খুবই জনপ্রিয়। অস্থায়ী কাঠের বেষ্টনীর ভেতরে মানুষ এবং ষাঁড়কে ছেড়ে দেওয়া হয়। অংশগ্রহণকারীরা ষাঁড়কে উত্যক্ত করে এবং তাদের শিংয়ের সামনে নিজেদের ক্ষিপ্রতা ও সাহস পরীক্ষা করে। জান নিয়ে খেলা আর কী!

গরুর গাড়ি দৌড়, থাইল্যান্ড ও এশিয়া

আমাদের দেশের গ্রামীণ বিনোদন হিসেবে গরুর গাড়ির দৌড় আমি স্বপ্নে দেখিনি, নানা-দাদাদের কাছে গল্প শুনেছি। বেশ জনপ্রিয় ছিল এ খেলা। কৃষিকাজে ব্যবহারের পাশাপাশি ফসল তোলার মৌসুমে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হতো।

মজার ব্যাপার হচ্ছে, থাইল্যান্ড ও কম্বোডিয়াতেও এই খেলার প্রচলন আছে। তারাও উৎসবের আমেজেই এই খেলা খেলে থাকে।

কারাবাও ফেস্টিভ্যাল, ফিলিপাইন

সেদিন স্বপ্নে আমি হয়ে গেলাম এক ফিলিপিনো কৃষক। আমার আছে দুটো বিশ্বস্ত ‘কারাবাও’। কারাবাও হচ্ছে জলমহিষ। ফিলিপাইনে কৃষকদের বিশ্বস্ত সঙ্গী এই মহিষ বা কারাবাওকে সম্মান জানাতে একটি উৎসব পালিত হয়। এ উৎসবে মহিষগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজানো হয় এবং বিভিন্ন মজাদার কুচকাওয়াজ ও খেলায় অংশ নেওয়া হয়।

সবই ঠিক আছে। স্বপ্নে স্বপ্নে বহু জায়গায় ঘোরাও হলো, বহু কিছু দেখাও হলো। কিন্তু এখন ভয় একটাই। যদি কোরবানি চলে যাওয়ার পরও এই গরুওয়ালা স্বপ্ন আমি দেখেই যেতে থাকি? যদি ‘এই পথ যদি না শেষ হয়’–এর মতো এই স্বপ্নও যদি না শেষ হয়?

 

পঠিত ... ৬ ঘন্টা ৫৮ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top