সালামির বিবর্তন: রাজদরবার থেকে পারিবারিক রেওয়াজ

পঠিত ... ৩ ঘন্টা ১৮ মিনিট আগে

5

ঈদের দিনে নগদ সালামি দেওয়ার রেওয়াজটি ঠিক কবে শুরু হলো, এ নিয়ে নিশ্চিত কোনো একক সূত্র নেই। তবে ইতিহাসের দিকে তাকালে একটি সম্ভাব্য বিবর্তনরেখা দেখা যায়!

১০ম শতাব্দীতে মিসরের ফাতিমীয় খিলাফতের সময় খলিফারা ভাবলেন, ঈদের দিন শুধু নামাজ পড়লে কি আর উৎসব জমে? তারা তখন রাজকোষের দরজা খুলে দিলেন। তবে তখন এটা ঠিক এখনকার মতো বড় ভাই-ছোট ভাই সম্পর্ক ছিল না; বরং ছিল রাজা-প্রজা সম্পর্ক। খলিফারা ছোট-বড় নির্বিশেষে সবাইকে টাকা, মিষ্টান্ন আর রেশমি পোশাক বিলোতেন। একে বলা হতো আল-রুশম বা রাজকীয় উপহার। তখন যদি আপনি কায়রোতে থাকতেন, তবে খলিফার প্রাসাদের সামনে লাইন দিয়ে দিব্যি একটা নতুন পাঞ্জাবি আর পকেট ভর্তি দিরহাম নিয়ে বাড়ি ফিরতে পারতেন!

এরপর দৃশ্যপটে এলেন মামলুক সুলতানরা। তারা বিষয়টিকে আরও একটু অফিশিয়াল রূপ দিলেন। তারা ভাবলেন, পোশাক তো সবাই দেয়, তার চেয়ে নগদ টাকা দিলে মানুষ নিজের পছন্দমতো কিছু কিনতে পারবে। এই নগদ টাকা দেওয়ার নাম হলো ঈদিয়া। তবে এখানে একটা মজার পলিটিক্স ছিল: কার পকেটে কত টাকা যাবে, তা নির্ভর করত তার সামাজিক স্ট্যাটাসের ওপর। অর্থাৎ, আপনি যদি সুলতানের খাস লোক হন, তবে আপনার কপাল খুলল, আর সাধারণ সিপাহি হলে হয়তো সামান্য কিছু জুটেছে। অনেকটা এখনকার কর্পোরেট বোনাসের মতো আরকি!

সবচেয়ে বড় টুইস্ট এল উসমানীয় আমলে। এই তুর্কিরাই মূলত সালামিকে রাজদরবার থেকে টেনে হিঁচড়ে মানুষের শোবার ঘরে বা ড্রয়িংরুমে নিয়ে এল। ১৯শ শতাব্দীর শেষের দিকে তারা ঠিক করল, সরকার কেন টাকা দেবে? এটা তো পারিবারিক বিষয় হওয়া উচিত! ব্যস, শুরু হয়ে গেল বড়দের পকেট কাটার মহোৎসব। বাবা-মা, দাদা-দাদিরা তখন থেকে ছোটদের আশীর্বাদ হিসেবে নগদ টাকা দেওয়া শুরু করলেন।

এরপর ইসলামের সওয়ারি হয়ে এই সংস্কৃতি যখন মুঘলদের হাত ধরে আমাদের এই সুবে বাংলায় পৌঁছাল, তখন বাঙালি এতে যোগ করল নিজস্ব মশলা। মুঘল বাদশাহরা আবার একটু বেশিই শৌখিন ছিলেন; তারা সোনার মোহর বা রুপোর মুদ্রা বিলোতেন। তবে বাঙালি ছোটরা খুব দ্রুত বুঝে গেল যে, পা ছুঁয়ে সালাম করলে বড়রা একটু বেশিই ইমোশনাল হয়ে পড়েন। আর এই ইমোশনের সুযোগ নিয়েই 'সালাম' শব্দটা থেকে জন্ম নিল আজকের 'সালামি'।

বিবর্তনটা লক্ষ্য করুন: শুরু হয়েছিল খলিফাদের রাষ্ট্রীয় বাজেট দিয়ে, মামলুক আমলে তা হলো মর্যাদার প্রতীক, অটোমান আমলে হলো পারিবারিক রেওয়াজ, আর ডিজিটাল বাংলাদেশে এখন সেটা এসে ঠেকেছে, ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশ-এ!

পঠিত ... ৩ ঘন্টা ১৮ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top