দ্রুত হরমুজ খাল খনন করতে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চান ট্রাম্প

পঠিত ... ৩ ঘন্টা ১৬ মিনিট আগে

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিপাকে গোটা বিশ্ব। হরমুজ প্রণালি পুনরায় সচল করার জন্য ট্রাম্পের ‘একশো একটা’ ফন্দি-ফিকিরের কোনোটিই কাজে লাগছে না। কিন্তু সম্প্রতি তিনি এক ‘যুগান্তকারী সমাধান’ খুঁজে পাওয়ার কথা তার ‘নট অনলি ট্রুথ বাট অলসো আনসোশ্যাল’ অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

গত ১৬ মার্চ বাংলাদেশে শুরু হওয়া খাল খনন কর্মসূচি চোখে পড়েছে ট্রাম্পের। তিনি বলেন, আমি অভিভূত! ৫৩টি জেলায় একযোগে ভার্চুয়ালি খাল খনন দেখে আমি আবার আশা ফিরে পাচ্ছি। শুধু কি তাই? প্রায় এক মাসেই নাকি দেশের অর্ধেক খাল খনন শেষ! আমি আর হরমুজের আশায় থাকব না, নতুন ‘হরমুজ’ কাটব।

তিনি জোর দিয়ে বলেন যে, এ ব্যাপারে বাংলাদেশি শ্রমিক ছাড়া তিনি কারও ওপর ভরসা করতে পারছেন না। এত স্পিড পৃথিবীর আর কোনো খননকার্যে নেই। ‘অ্যান্ড এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ ইউনিক, আই ওয়ান্ট দ্যাট!’ বলেন তিনি।

তার পোস্টে এক সাংবাদিক মন্তব্য করেন, শুধু শ্রমিক আনলে কতদিনের মধ্যে বিকল্প হরমুজ খাল কাটা সম্ভব?

ট্রাম্প উত্তরে বলেন, শুধু শ্রমিক আনলেই হবে না। জনাব তারেক রহমান কোদাল হাতে হরমুজ খাল ভার্চুয়ালি উদ্বোধন না করলে কোনো কাজই হয়তো এগোবে না। তা ছাড়া তদারকির জন্য এই প্রজেক্টে ডা. জাহেদ উর রহমানকেও রাখব। হরমুজ তৈরি না হয়ে উপায় নেই। তারপর আবার আমি যতটা অনলাইনে অ্যাক্টিভ থাকি, তাতে ভিডিও কলে বা ভার্চুয়ালি একটা তরমুজ খাওয়ার সময়েই তো মনে হয় খালের সীমানা খনন করা হয়ে যাবে।

ইরানকে টিপ্পনী কেটে তিনি বলেন, ঘুঘু দেখেছ, ঘুঘুর খাল দেখনি। সবার ‘শ্রমিকদের একটি খাল খনন করার’ অঙ্ক মিললেও এই বাংলাদেশিদের খাল কাটার অঙ্ক তুমি মিলাতে পারবে না! হঠাৎ দেখবে ‘দ্য হরমুজ’  কাটা শেষ!

বাংলাদেশের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ডা. জাহেদ উর রহমান এক ভুয়া বার্তায় বলেছেন, আমরা আগেই আশা করেছিলাম এমনটা হতে পারে। তাই হরমুজ খাল কাটা অ্যাডভান্স শুরুও করে দিয়েছি। মনে হয় অর্ধেক হয়েও গিয়েছে! এইসব শ্রমিকদেরও আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো খানা দেব। ভাত, ভেন্ডি ভাজি, লাউ-চিংড়ি, ডিম ভূনা, ডাল। খাওয়ার শেষে মিষ্টি দই। খাল না কাইট্টা যাবি কই। 

 

পঠিত ... ৩ ঘন্টা ১৬ মিনিট আগে

Top