ধান চাষ করলে বৃষ্টিতে নষ্ট হয়, তাই কৃষকদের হাওড়ে মাছ চাষ করতে বললেন উগান্ডার কৃষিমন্ত্রী

৫২ পঠিত ... ১০:৩৭, মে ০১, ২০২৬

 

হাওর অঞ্চলে বন্যা ও বৃষ্টিতে অনেক কৃষকের ধান নষ্ট হয়ে গেছে। ধান নষ্ট হলেও কৃষকদের আশার আলো দেখালেন উগান্ডার কৃষিমন্ত্রী। সংকটে পড়া কৃষকদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি এক ঐতিহাসিক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, “ধান চাষ করলে তো বৃষ্টিতে নষ্ট হবেই, এটা তো কমন সেন্স! বুদ্ধিমান মানুষ কি আর বৃষ্টির দিনে ধান চাষ করে? এখন থেকে আপনারা হাওড়ে ধানের বদলে মাছ চাষ শুরু করুন।”

মন্ত্রী মহোদয় অত্যন্ত তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করেন যে, ধান হলো একটি শুকনো পরিবেশের শস্য, যা অতিরিক্ত পানি পেলেই ডুবে নষ্ট হয়ে যায়। প্রাণশক্তিও কম! অথচ মাছকে দেখুন, একেবারে জলবান্ধব। বৃষ্টি হোক আর ঘূর্ণিঝড়, মাছকে কেউ কিছুই করতে পারবে না।

মন্ত্রী বলেন, ধান রোপণ করলে আপনাকে আকাশের দিকে তাকিয়ে থাকতে হয়, আর মাছ চাষ করলে আকাশ আপনার দিকে তাকিয়ে কাঁদলেও কোনো সমস্যা নেই। যত বৃষ্টি হবে, মাছ তত বেশি সাঁতার কাটার জায়গা পাবে। এটা তো উইন-উইন সিচুয়েশন!

কৃষিমন্ত্রীর এই নতুন তত্ত্ব অনুযায়ী, এখন থেকে কৃষকদের লাঙলের বদলে বড়শি এবং হারভেস্টারের বদলে জাল কেনার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, উগান্ডা সরকার এমন এক বিশেষ প্রজাতির মাছ উদ্ভাবনের চেষ্টা করছে, যা পানির নিচে ধান খেয়ে বড় হবে। ফলে ধান নষ্ট হলেও সেই ধানের পুষ্টি মাছের পেটে গিয়ে শেষ পর্যন্ত কৃষকের থালাতেই ফিরবে।

৫২ পঠিত ... ১০:৩৭, মে ০১, ২০২৬

Top