একটা কার্টুন দেখে এত ভয় কীসের, ফুয়াদ সাহেব?

২৫৯ পঠিত ০ ... ১৩ ঘন্টা ৫২ মিনিট আগে



ছোটবেলার একটা গল্প দিয়া শুরু করি। গল্পটা কার্টুনের না, মুরগির।

আমাদের গ্রামে এক চাচা আছিলেন। সবাই ডাকত খালেদ বেপারি। তার একটা লাল মোরগ আছিল। মোরগটা প্রতিদিন ভোর চারটায় ডাক দিত। চাচার ঘুম ভাঙত, পাড়ার সবারও ঘুম ভাঙত। সবাই বিরক্ত, কিন্তু কেউ কিছু কয় না।

একদিন পাড়ার এক পোলা খাতায় মোরগের একটা ছবি আঁকল। মোরগের চেহারাটা খালেদ বেপারির মতো, গোঁফ-টোঁফসহ। সেই ছবি ঘুরতে ঘুরতে একসময় চাচার হাতেও গেল। চাচা সবার সামনে হাইসা দিলেন। কইলেন, পোলাডা তো ঠিকই ধরছে। আমিও তো ভোরবেলা চিল্লাই।

গল্পটা বললাম একটা জিনিস বোঝানোর লাইগা। নিজেরে নিয়া কেউ মজা করলে সেইটা হজম করার ক্ষমতাও একটা শক্তি। যার নিজের ওপর বিশ্বাস আছে, তিনি অনেক সময় নিজের ব্যঙ্গচিত্র দেখেও হাসতে পারেন। আর যিনি পারেন না, তার সমস্যাটা অন্য জায়গায়।

 

এবার আসল গল্পে আসি।

একাত্তর সালের কথা। শিল্পী কামরুল হাসান একটা পোস্টার আঁকলেন। ইয়াহিয়া খানের চেহারা, কিন্তু মানুষের মতো না। একেবারে দানবের মতো, জানোয়ারের মতো। নিচে লেখা, এই জানোয়ারদের হত্যা করতে হবে।

একবার চিন্তা করেন, ইয়াহিয়া তখন একটা সেনাবাহিনীর প্রধান। তার হাতে ট্যাংক, কামান, বন্দুক; সবকিছু। আর শিল্পীর হাতে কী? একটা তুলি। এই দুইজনের মধ্যে কে কাকে ভয় পাইছিল, ইতিহাস সেইটার সাক্ষী।

ট্যাংকওয়ালা যদি তুলিওয়ালার একটা ছবি নিয়া এত মাথা ঘামায়, তাইলে বুঝতে হবে ছবিটার শক্তি কতটুকু ছিল। ভয় না পাইলে কেউ একটা ছবির ওপর এত রাগ করে না।

এর আগে বায়ান্নতে 'হরফ খেদাও' নামে একটা কার্টুন আসছিল, এঁকেছিলেন কাজী আবুল কাশেম। তার দোপেঁয়াজা নামটাও বেশ মজার। তখন তাঁর পেছনে কোনো রাজনৈতিক দল ছিল না, কোনো ফেসবুক পেজ ছিল না, লাখ লাখ ফলোয়ারও ছিল না। ছিল শুধু কাগজ আর কালি।

এই পুরোনো শিল্পীদের একটা ব্যাপার খেয়াল করেন। তারা যাদের নিয়া কার্টুন আঁকছেন, সেই লোকজন বেশির ভাগ সময় খুশি হয় নাই। কিন্তু তাই বইলা ছবি পাল্টানোর দাবি নিয়া বসেন নাই।

কারণ কার্টুন আর পাসপোর্টের ছবি এক জিনিস না। কার্টুনে একটু বাড়াইয়া দেখানো হবে, একটু বাঁকাইয়া দেখানো হবে। এইটাই কার্টুনের কাজ। সবকিছু যদি হুবহু দেখাইতে হয়, তাইলে কার্টুন আঁকার দরকার কী? ছবি তোলার দোকানেই যাওয়া যায়।

এবার ফুয়াদ সাহেবের ঘটনায় আসি।

 

মেহেদী হক একটা কার্টুন আঁকলেন। সেখানে ব্যারিস্টার ফুয়াদের কপালের দিকে একটা বন্দুক দেখানো হয়েছে। ফুয়াদ সাহেব ছবিটা দেখে ফেসবুকে লিখলেন, তাঁর কাছে এটা হত্যার হুমকির মতো মনে হয়েছে। তিনি আরও বললেন, আওয়ামী লীগের লোকজন তাকে প্রতিদিন এই ধরনের হুমকি দেয়, আর এই কার্টুনও তার কাছে সেই ঘটনারই প্রতিফলন মনে হয়েছে।

এই জায়গায় একটা কথা বলি। কেউ যদি সত্যিই হুমকি পেতে থাকেন, তার মনে ভয় কাজ করতেই পারে। এই ভয়কে ছোট করে দেখার কিছু নাই।

কিন্তু এরপর যা ঘটছে বলে অভিযোগ উঠেছে, সেই জায়গাটা নিয়া কথা বলা দরকার। অভিযোগ আছে, শিল্পীকে ফোন দেওয়া হয়েছে, ফেসবুকে লোকজন জড়ো হয়েছে, শেষ পর্যন্ত কার্টুনটাও বদলাতে হয়েছে। ঘটনাগুলা যারা যাচাই করতে চান, তারা নিজেরাও খোঁজ নিতে পারেন।

এখন একটা সহজ প্রশ্ন করি। কেউ যদি বলেন, আমি হুমকির শিকার, তারপর নিজেই এমন কিছু করেন যাতে আরেকজন মানুষ চাপে পড়ে বা ভয় পায়, তাইলে ব্যাপারটা কী দাঁড়াইল?

ধরেন, খালেদ বেপারির মোরগের ছবি আঁকার পর খালেদ বেপারি যদি পোলাডার বাড়িতে গিয়া বলেন, ছবি মুছ, নাইলে খবর আছে। তখন আর গল্পটা হাসির থাকে না। তখন খালেদ বেপারি নিজেই সেই গল্পের খলনায়ক হইয়া যান।

বন্দুক আঁকা আর হাতে বন্দুক নিয়া দাঁড়ানো এক জিনিস না। একটা ছবি একটা প্রতীক, আরেকটা বাস্তব কাজ। একটা কার্টুনের জবাব আরেকটা কার্টুন দিয়া দেওয়া যায়, লেখা দিয়া দেওয়া যায়, কথার মাধ্যমে দেওয়া যায়। চাইলে খালেদ বেপারির মতো হাইসাও উড়ায় দেওয়া যায়।

কিন্তু জবাব যখন ফোন, চাপ আর ফেসবুকের দলবদ্ধ আক্রমণের মাধ্যমে আসে, তখন প্রশ্ন জাগে, ভয় আসলে কে কাকে দেখাইতেছে?

ছবির বন্দুক কাউরে গুলি করে না। কিন্তু ফোনের ওপাশের চাপ, আর ফেসবুকের কমেন্টে একদল লোকের একসাথে ঝাঁপায়া পড়া, এইগুলাও একজন শিল্পীর জন্য কম চাপের বিষয় না।

যিনি আঁকেন, তার হাতে কলম। আর যিনি লোকজন জড়ো করেন, তার হাতে একটা ভিড়। কোনটা বেশি ভয়ংকর হইতে পারে, সেইটা পাঠকই বিচার করেন।

 

শেষ কথা।

ফুয়াদ সাহেব ভবিষ্যতে কতটুকু ক্ষমতা পাবেন, সেটা আমি জানি না। জানার কথাও না। তবে একটা কথা ঠিক, ক্ষমতা মানুষকে সবসময় নতুন করে তৈরি করে না, অনেক সময় মানুষের ভেতরে আগে থেকেই যা থাকে, সেটাই প্রকাশ করে।

যিনি সামান্য একটা কার্টুনের সমালোচনা সহ্য করতে পারেন না, তিনি ভবিষ্যতে আরও বড় ক্ষমতার জায়গায় গেলে কী করবেন, এই প্রশ্ন করাটা নিশ্চয়ই অন্যায় না।

আর মেহেদী হকের কথা কী বলব! বিশ বছর ধরে যিনি কার্টুন আঁকছেন, একটা ঘটনায় তার কলম থেমে যাওয়ার কথা না। তিনি আবার আঁকবেন। মোরগ আঁকবেন, বন্দুক আঁকবেন, বাঘ আঁকবেন।

খালেদ বেপারির মোরগটা সাড়ে পাঁচটায় ডাকতে শুরু করছিল, কিন্তু ডাকা বন্ধ করে নাই।

কারণ মোরগের কাজই হইল ডাকা। আর শিল্পীর কাজ হইল আঁকা।

২৫৯ পঠিত ০ ... ১৩ ঘন্টা ৫২ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top ​