গোপালগঞ্জে রাজনীতির আগুনে কারা পুড়লেন

২৫ পঠিত ০ ... ২০ ঘন্টা ২৭ মিনিট আগে

 

নভেম্বর মাস বাংলাদেশের খুব ভদ্র একটা মাস। গরম কমে আসে, বৃষ্টি হয় মাঝেমধ্যে, ভোরে হালকা কুয়াশা পড়ে। এই সময় মানুষের খেজুরের রস খাওয়ার কথা ভাবে, শীতের কাপড় বের করার কথা ভাবে। কিন্তু গোপালগঞ্জের মানুষ নভেম্বর মাসে অন্য অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলেন।

কিছু জেলার নাম শুনলে মানুষ জায়গার কথা ভাবে না, রাজনীতির কথা ভাবে। গোপালগঞ্জ তেমন একটা জেলা। অথচ এই জেলাতেও সকালে ভাতের হাঁড়ি চড়ে, কেউ ছেলের পড়ার খরচ পাঠায়, কেউ দোকান খুলে বসে, কেউ ধানের বীজ কেনার হিসাব করে। রাজনীতির বাইরে মানুষের এই সাধারণ জীবনটাও আছে। নভেম্বরের কয়েকটা ঘটনা সেই জীবনটাকেই ওলটপালট করে দিল।

ঘটনার শুরু ১৫ নভেম্বর, রবিবার। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নামলেন। তখন দলটির কার্যক্রম নিষিদ্ধ। মিছিলে অনেকের হাতে দা, লাঠি, বৈঠা ও আগ্নেয়াস্ত্র ছিল বলে খবর প্রকাশিত হয়। একপর্যায়ে পুলিশের একটি এপিসি পুড়িয়ে দেওয়া হয়। আগুন দেওয়া হয় বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িতেও।

বৈঠা জিনিসটা সাধারণত নৌকা চালানোর কাজে লাগে। কিন্তু সেদিন গোপালগঞ্জের রাস্তায় বৈঠা হাতে মানুষ দেখে বোঝা গেল, তাদের গন্তব্য নদী নয়।

এরপর ১৭ নভেম্বর, মঙ্গলবার। ১৫ নভেম্বরের ঘটনার পর টুঙ্গিপাড়া থানা পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। মঙ্গলবার সন্ধ্যায় থানায় হামলা হয়। অভিযোগ ওঠে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় ঢুকে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিয়ে যান। শুধু তা-ই নয়, থানায় আগুন দেওয়া হয় এবং অস্ত্র লুটের ঘটনাও ঘটে।

এদিকে পরিস্থিতি সামাল দিতে পুলিশ, আনসার ও বিজিবির একটি বহর জেলা শহর থেকে রওনা হয়। কিন্তু নিলফা বাজার এলাকায় সেই বহরও হামলার শিকার হয়। পুড়িয়ে দেওয়া হয় বিজিবির একটি সাঁজোয়া যান ও একটি জিপ।

সেদিন রাতেই আগুন লাগে সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়িতে। পরিবারের সদস্যরা ঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে বাধ্য হন। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে খবর পেয়েও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যেতে পারছিলেন না।

একটু চিন্তা করে দেখেন, আগুন লাগছে, অথচ আগুন নেভানোর গাড়ি ঘটনাস্থলে যেতে ভয় পাচ্ছে। আগুনের জন্য এর চেয়ে সুবিধাজনক পরিস্থিতি আর কী হতে পারে!

১৮ নভেম্বর থেকে পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে। সড়কে অবরোধ, যানবাহন চলাচল বন্ধ, একের পর এক সহিংসতার ঘটনা। পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচল করা ১৯টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। একই দিনে সংসদ সদস্য কে এম বাবরের ক্লিনিকেও আগুন দেওয়ার খবর আসে।

পরদিন ১৯ নভেম্বর, বৃহস্পতিবার সকালে মহাসড়কের বিভিন্ন জায়গায় অবরোধ তৈরি করা হয়। মোল্লাহাট থেকে হরিদাসপুর সেতু পর্যন্ত প্রায় দশ কিলোমিটার এলাকায় একশর বেশি গাছ কেটে ফেলা হয় বলে খবর প্রকাশিত হয়। কোথাও মাইকে স্লোগান, কোথাও বাজানো হচ্ছিল সাতই মার্চের ভাষণ। মিয়াপাড়ায় পাঁচশর বেশি মানুষ রাস্তায় নেমেছিলেন। কারও হাতে লাঠি, কারও হাতে বর্শা, কারও হাতে ঢাল।

এই জায়গায় এসে একটু থামতে হয়। যে ভাষণ একদিন মানুষকে মুক্তির কথা শুনিয়েছিল, সেই ভাষণই বাজছে অবরোধের রাস্তায়। ইতিহাসেরও একটা সম্মান আছে। রাজনৈতিক প্রয়োজনে ইতিহাসকে ঢাল হিসেবে ব্যবহার করতে করতে একসময় সেই ঢালেই দাগ পড়ে যায়।

এদিকে দোকানপাট প্রায় সব বন্ধ। সোনালী ব্যাংকের একটি শাখায় প্রতিদিন তিনশর বেশি গ্রাহক আসেন। অথচ সেদিন দুপুর দুইটা পর্যন্ত এসেছিলেন মাত্র দুজন। একজন সাংবাদিক প্রায় ৩৫ কিলোমিটার রাস্তা ঘুরে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দেখতে পাননি।

একই দিনে কাশিয়ানীতে আরেক সংসদ সদস্য সেলিমুজ্জামানের বাড়িতে আগুন দেওয়া হয়। মুকসুদপুরে আগুন লাগে থানায় ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায়।

একটা গাছ বড় হতে বিশ বছর লাগে। কাটতে লাগে বিশ মিনিট। আবার একটা ব্যাংকের শাখা পুড়িয়ে কোন রাজনৈতিক দাবি আদায় হয়, সেই হিসাব আমার মাথায় ঢোকে না।

এরপর ধীরে ধীরে অবরোধ শিথিল হয়। শুক্রবার থেকে সড়কের ব্যারিকেড সরতে থাকে, বাস চলাচল শুরু করে। কয়েক দিনের মধ্যে দোকানপাট, অফিস ও ব্যাংকও খুলতে শুরু করে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। রবিবারও টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় বিক্ষোভের খবর আসে।

কয়েক দিনের সহিংসতার পর ক্ষয়ক্ষতির একটা হিসাব সামনে আসে। প্রায় একশ বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত পনেরোটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল।

এখন প্রশ্ন হলো, রাজনৈতিক ক্ষোভ থাকতেই পারে। কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের সঙ্গে কেউ একমত না-ও হতে পারেন। কিন্তু একটা দোকান পুড়িয়ে কী পাওয়া যায়? সুপারশপ লুট করে কোন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হয়? যে মানুষটা সারাজীবনের সঞ্চয় দিয়ে ব্যবসা দাঁড় করিয়েছেন, তিনি কোন সরকারের পক্ষে ছিলেন, সেটাও কি আগে জেনে নিতে হয়?

আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল। বিরোধীরা রাস্তা আটকালে, গাড়ি পোড়ালে কিংবা সরকারি স্থাপনায় হামলা করলে দলটি এসবের নাম দিয়েছিল নাশকতা। নামটা ঠিকই ছিল। নিজের দলের লোকজন একই কাজ করলেও নাম বদলে যাওয়ার কথা না। আর ছাত্রলীগের হাতে বই থাকার কথা। অথচ বছরের পর বছর তাদের হাতে বইয়ের চেয়ে লাঠি, অস্ত্র আর ক্ষমতার দাপটই বেশি দেখা গেছে।

আগুনের ঘটনার পর এবার এল তালা।

২৫ নভেম্বর রাতে বহু মানুষের বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার খবর আসে। সরকারি সূত্রের বক্তব্য, সন্দেহজনক আর্থিক লেনদেন ঠেকাতেই এই ব্যবস্থা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও সন্দেহজনক হিসাব বন্ধ করার বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করা হয়।

কিন্তু এখানে একটা সাধারণ প্রশ্ন আছে। একজন অপরাধী সন্দেহজনক লেনদেন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু যে মানুষটা সারাদিন কাজ করে রাতে ছেলের মেসের বিল পাঠান, তার টাকা আটকে যাবে কেন? যে কৃষক ধানের বীজ কেনার জন্য টাকা জমিয়ে রেখেছেন, তার অপরাধটা কী? কোটালীপাড়ার হেলেনা কাস্টমার কেয়ারে গিয়ে দেখলেন, সেটাও বন্ধ।

রাষ্ট্রের হাতে টর্চ থাকার কথা। অপরাধীর মুখে আলো ফেলবে। পুরো পাড়ার বাতি নিভিয়ে দিয়ে চোর খুঁজতে গেলে চোরেরই সুবিধা হয়।

এর বাইরে ট্রেন চলাচল বন্ধ ছিল। দিনে পাঁচটি ট্রেন চলাচল করত, সেগুলোও বন্ধ হয়ে যায়। স্থানীয় সরকারের উন্নয়ন বরাদ্দের তৃতীয় কিস্তি আটকে যাওয়ার খবর আসে। বিশ্ববিদ্যালয় বন্ধ, প্রায় ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ অনিশ্চিত। দুই থানার কার্যক্রমও সদর থেকে পরিচালিত হওয়ার কথা জানা যায়। ১৯ নভেম্বর বিদ্যুৎ অফিসে হামলার পর বিদ্যুৎ সরবরাহ নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়।

এদিকে সহিংসতার ঘটনায় মামলা হতে থাকে। টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিজিবির পক্ষ থেকেও আরেকটি মামলায় পাঁচ হাজার জনকে আসামি করার খবর আসে। দুই মামলায় একই ব্যক্তির নাম কতবার আছে, কিংবা প্রকৃত হামলাকারীদের কতজন শনাক্ত হয়েছেন, তা পরিষ্কার নয়।

আট হাজার মানুষকে আসামি করে মামলা হলে একটা সমস্যা থেকেই যায়। প্রকৃত অপরাধী অনেক সময় এই বিশাল তালিকার ভেতরে লুকিয়ে যায়। আর নিরীহ মানুষও রাতে ঘুমাতে যাওয়ার আগে চিন্তা করেন, কাল সকালে পুলিশ এসে দরজায় কড়া নাড়ে কি না।

সামনে ১৬ ডিসেম্বর। শেখ হাসিনা ওই দিন দেশে ফিরতে চান বলে ঘোষণা দিয়েছেন। সরকারও জানিয়েছে, দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে।

নেতারা অনেক দূর থেকে তারিখ ঘোষণা করেন। সেই তারিখের ভার বইতে হয় কাছের মানুষকে। থানা পোড়ে টুঙ্গিপাড়ায়, মামলা হয় টুঙ্গিপাড়ার মানুষের নামে, বিকাশ বন্ধ হয় টুঙ্গিপাড়ার কোনো মায়ের। নেতার রাজনৈতিক হিসাবের সঙ্গে সাধারণ মানুষের বাজারের হিসাব মেলে না।

আওয়ামী লীগেরও একবার হিসাব করা দরকার, এই নভেম্বরের সহিংসতা থেকে তাদের কী লাভ হলো। থানা পুড়ল, সরকারি স্থাপনা পুড়ল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ল, নিজেদের কর্মীরাও মামলার আসামি হলেন। আর সাধারণ মানুষ হারালেন স্বাভাবিক জীবনযাপনের সুযোগ।

সরকারেরও হিসাব করা দরকার। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি, কিন্তু সেই ব্যবস্থা নিতে গিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা অচল করে দিলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হওয়াটাও স্বাভাবিক। রাষ্ট্রের দায়িত্ব অপরাধীকে চিহ্নিত করা, পুরো জেলার মানুষকে সন্দেহের চোখে দেখা নয়।

গোপালগঞ্জ কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি না। এই জেলার মানুষ আওয়ামী লীগও করেন, বিএনপিও করেন, আবার কোনো দলই করেন না। কারও রাজনীতি আছে, কারও শুধু একটা দোকান আছে, কারও আছে ছোট্ট একটা চাকরি। সবার জীবনকে এক রাজনৈতিক পরিচয়ে আটকে দেওয়া অন্যায়।

নভেম্বর মাসে ভোরের কুয়াশা ধীরে ধীরে কেটে যায়। রোদ ওঠে, মানুষ কাজে বের হয়। গোপালগঞ্জের মানুষের জীবনেও সেই স্বাভাবিক সকালটা ফিরে আসুক।

কুয়াশা কেটে যাওয়ার জন্য সূর্যের অপেক্ষা করতে হয়। কিন্তু রাজনৈতিক কুয়াশা কাটানোর দায়িত্ব মানুষেরই।

২৫ পঠিত ০ ... ২০ ঘন্টা ২৭ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top ​