তোমরা ভুলেই গেছ সেই বিখ্যাত নাম!
‘১৯৯০’ সালটির দেশি কপিরাইট হোল্ডার, দুর্দান্ত টগবগে ‘বেস্ট টিচার’ যুবক তারেক মনোয়ারকে তোমরা ভুললেও ভোলেনি ইংল্যান্ড বিশ্বকাপ দল। আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তারা এক যুগান্তকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এবারের বিশ্বকাপে ইতোমধ্যেই যেহেতু কয়েকটা অঘটন ঘটে গেছে, তাই ইংল্যান্ড দলের কোচ টমাস টুখেল আর কোনো রিস্ক নিতে চান না।
তিনি ষাট বছরের দীর্ঘ বিশ্বকাপ ট্রফি খরা কাটাতে এবার দলে টানতে চান ১৯৯০ সালে ইংল্যান্ডের লিগে খেলা দুর্দান্ত খেলোয়াড় তারেক মনোয়ারকে।
টুখেল বলেন, ‘আমরা টাকা নয়, ডলার দিয়ে তাকে আনতে চাই। যদি তিনি রাজি হন, ইনকাম ভালোই। আর ষাট বছরের এই খরা কাটাতে ষাট বছরের আশেপাশেই কাউকে আমার দরকার। তাছাড়া উনি ছিলেন ১৯৯০ সালের অক্সফোর্ডের বেস্ট টিচার। আমার খেলোয়াড়দের একটু শিখিয়ে-পড়িয়ে নিতে পারবেন তিনি। এমন একজন বুঝদার মানুষ আমার দলে থাকলে আমি একটু স্বস্তিই পাবো, সাথে পেতে পারি ট্রফি। সেই ২০১৮ সালে ক্রোয়েশিয়ার কাছে হেরেছিলাম, উনি দলে থাকলে এবার জিতবই। এতদিন বলি নাই, আজ ফট করে বলে ফেললাম।’
ইংল্যান্ড দলের ক্যাপ্টেন হ্যারি কেইন এই কথায় সমর্থন করে জানিয়েছেন, ‘আমার চাচা আর তারেক স্যার একসাথে খেলেছিলেন। আমি ছোটবেলায় ওনার খেলা দেখেছি; সে কী শট, কী কিক, কী ফ্রি কিক! ওনাকে দলে চাওয়াটা এই মুহূর্তে সবচেয়ে যৌক্তিক। স্যারকে চাই, চাই, চাই!’
ইংল্যান্ডে খেলার ব্যাপারে তারেক মনোয়ারের সিদ্ধান্ত জানতে আমাদের প্রতিনিধি তার সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।
তবে একটি গোপন সূত্র ফুটবলের কসম দিয়ে বলেছে, তাকে আয়নার সামনে পায়ের ড্রিবলিং এবং রেইনবো ফ্লিক অনুশীলন করতে দেখা গেছে।


