অক্সফোর্ড ইউনিভার্সিটি কমিউনিটি সেন্টারে এক বিয়ের আমন্ত্রণ পেলেন মেধাবী ছাত্রনেতা শাহেদ করিম

৫০ পঠিত ... ২ ঘন্টা ২৬ মিনিট আগে

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পাতায় যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। তবে কোনো থিসিস পেপার বা সেমিনার নয়, বরং অক্সফোর্ড ইউনিভার্সিটি কমিউনিটি সেন্টারের এক রাজকীয় বিয়ের দাওয়াত কার্ড পৌঁছেছে বাংলার প্রথিতযশা, বহুবিদ্যায় পারদর্শী এবং মেধাবী ছাত্রনেতা শাহেদ করিমের ড্রয়িংরুমে।

এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অক্সফোর্ডের চ্যান্সেলর থেকে শুরু করে ক্যান্টিনের বাবুর্চি, সবার মধ্যেই এক টানটান উত্তেজনা বিরাজ করছে। শাহেদ করিম আসবেন, এই খুশিতে চ্যান্সেলর তিনবার বেহুশ হয়ে পড়ে গিয়েছেন! বাবুর্চি দুইবার মাংস পুড়িয়ে তৃতীয়বারের মতো রান্না শুরু করেছেন।

অক্সফোর্ডের একাডেমিক সার্কেলে গুঞ্জন উঠেছে, শাহেদ করিমের উপস্থিতি অক্সফোর্ড ইউনিভার্সিটিকে পূর্ণতা দিয়েছে। কমিউনিটি সেন্টারের ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, শাহেদ করিম কেবল অতিথি হিসেবে যাচ্ছেন না, বরং বিয়ের বর-কনেকে তাত্ত্বিক ছাত্ররাজনীতি ও জীবনসংগ্রামের রসায়ন বিষয়ে একটি সংক্ষিপ্ত (মাত্র ৩ ঘণ্টার) দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। পাশাপাশি তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এক মাস ক্লাস নেবেন বলেও জানা গেছে। ইতোমধ্যে এই ছাত্রনেতাকে অক্সফোর্ডে শিক্ষক হিসেবে যোগ দেওয়ার অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু এই ছাত্রনেতা জানিয়েছেন, অক্সফোর্ড নয়, আমার প্রথম প্রেম ইউনিভার্সিটি অব চানখারপুল!

ঘনিষ্ঠ মহলে শাহেদ করিম জানিয়েছেন, তিনি অক্সফোর্ড কমিউনিটি সেন্টারের পরিবেশের কথা মাথায় রেখে বিশেষভাবে একটি ব্লেজার-সাদা শার্ট ফিউশন তৈরি করিয়েছেন। তাঁর পিএস (Personal Secretary) সংবাদমাধ্যমকে বলেন, ভাইজান অক্সফোর্ড যাচ্ছেন, এটা কেবল একটা দাওয়াত নয়, এটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বুকে আমাদের রাজনৈতিক মেধার এক পিনিক!

এদিকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই হাই-প্রোফাইল অতিথিকে বরণ করে নিতে কমিউনিটি সেন্টারের সামনে লাল গালিচা বিছিয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে এই নেতার প্রথম পায়ের ছাপ ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষণ করার কথাও জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শাহেদ-ভক্তরা উল্লাসে ফেটে পড়েছেন। জনৈক অনুসারী লিখেছেন, অক্সফোর্ড তো কেবল শুরু, আগামীতে হোয়াইট হাউস, এমআইটি, হার্ভার্ডের কিচেনেও শাহেদ ভাইয়ের পদচারণা দেখতে চাই।

৫০ পঠিত ... ২ ঘন্টা ২৬ মিনিট আগে

Top