গতকালের ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচজুড়ে নানা নাটকীয়তার পরও শেষরক্ষা হয়নি। লাল কার্ড পাওয়া খেলোয়াড়কে নাকি বিশেষ অনুরোধে মাঠে ফিরিয়ে আনার চেষ্টা হয়েছিল, তবুও বেলজিয়াম এতটুকুও ভদ্রতা দেখায়নি। এতে ক্ষুব্ধ ট্রাম্প এক ফেক টুইটার বার্তায় দাবি করেন, বেলজিয়াম একটা অসভ্য দেশ। হোস্ট নেশনকে সম্মান করতে জানে না। ওদের মধ্যে গণতন্ত্র নেই। আমি ওদের ওখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।
এদিকে বেলজিয়াম সরকারও বিষয়টি হালকাভাবে নেয়নি। দেশটির এক মুখপাত্র বলেন, আমরা এতদিন ভেবেছিলাম ফুটবল ম্যাচ জিতেছি। এখন বুঝতে পারছি, অজান্তেই আন্তর্জাতিক গণতন্ত্র সংকটে পড়ে গেছি। ফিফার পক্ষ থেকেও নাকি নতুন নিয়ম আনার চিন্তা চলছে। কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রকে হারায়, তাহলে ম্যাচ শেষে তাদের বাধ্যতামূলকভাবে একটি বিবৃতি দিতে হবে, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। দয়া করে আমাদের ওপর কিছু প্রতিষ্ঠা করবেন না।
অন্যদিকে ট্রাম্প-সমর্থকদের দাবি, ম্যাচের ফলাফল পুনর্গণনা করা হোক। সবশেষে জানা গেছে, ট্রাম্প নাকি বেলজিয়ামে যাওয়ার আগে দেশটির ওপর ১০০ শতাংশ 'ডেমোক্রেসি ট্যারিফ' আরোপের কথাও ভাবছেন। তবে হোয়াইট হাউসের এক সূত্র জানিয়েছে, মানচিত্রে বেলজিয়াম খুঁজে পাওয়া গেলেই কেবল সেই সিদ্ধান্ত কার্যকর হবে।


