এই সবাই হরমুজে আয়: ডোনাল্ড ট্রাম্প

৪০ পঠিত ... ৫ ঘন্টা ০ মিনিট আগে

)

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল বহনকারী রুট হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়তে হচ্ছে বহু দেশকে। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় খোদ ডোনাল্ড ট্রাম্প নিজেই। 

এবার বাংলাদেশ থেকে অনুপ্রাণিত একটা মব না করলে কাজ হচ্ছে না ভেবে সবাইকে মধ্যপ্রাচ্যের ‘রাজু’ খ্যাত হরমুজ প্রণালীতে নৌবাহিনীর জাহাজ নিয়ে আসার আহ্বান জানিয়ে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম নট অনলি ট্রুথ বাট অলসো আনসোশ্যালে লিখেছেন, এই, তোরা সব দলে দলে হরমুজে আয়। 

পোস্টে ট্যাগ দিয়েছেন চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া  ও যুক্তরাজ্যেকে। যেসব দেশ হরমুজ দিয়ে তেল পায় তারা কেন হরমুজে যুদ্ধজাহাজ পাঠাবে না মর্মে উল্লেখ করে ট্রাম্প বলেন, তোরা তেল নেসনি? তাহলে এখন দূরে কেন আছিস! আমি একা একা কি পারি? না মানে তেল কি আমি একাই নেব যুদ্ধে জিতলে? তোরাও তো নিবি। তাহলে যুদ্ধজাহাজ পাঠা! কিন্তু এখনও কোনো দেশ সরাসরি এ ব্যাপারে ইতিবাচক কোনো মন্তব্য করেনি। 

ট্রাম্পও হাল ছাড়ার পাত্র নন। শোনা গেছে তিনি দেশগুলোর সেনাপ্রধানদের ইনবক্সে রিল পাঠাচ্ছেন, আয় আয় কে যাবি, আয় কে মন নাড়াবি; এক কৌটো তেল ধরতে।

একটা খুব গোপন ও অবিশ্বস্ত সূত্র অবশ্য জানিয়েছে, এভাবে কাজ না হলে এই মব সফল করতে ট্রাম্প শরণাপন্ন হতে পারেন বাংলাদেশী মবস্টারদের। তিনি বাংলাদেশের ভূয়সি প্রশংসা করে বলেন, ঐদেশে সামান্য ফেসবুক পোস্ট দিয়েই লঙ্কাকাণ্ড বাঁধিয়ে সব ছারখার করে দেওয়া যায়, লুটপাট করা যায়, জ্বালানো-পোড়ানো যায়। আহারে! এমন সম্ভাবনাময় একটা দেশ আমার নাই।

ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আরও বলেন, যুদ্ধে জয়ী হতে না পারলেও মব দিয়ে সব জয় করে ফেলব, সি ইউ নট ফর মাইন্ড!

৪০ পঠিত ... ৫ ঘন্টা ০ মিনিট আগে

Top