লিওনেল মেসিকে তৃতীয় শ্রেণীর ফুটবলার বললেন সলিমুল্লাহ খান, ব্রাজিল ফ্যানদের সংহতি

৩৫৫ পঠিত ... ১৪:৩৮, জুন ২৭, ২০২৬

ফুটবল বিশ্ব যখন লিওনেল মেসির বিধ্বংসী ফর্মে মন্ত্রমুগ্ধ, ঠিক তখনই এক বিস্ফোরক মন্তব্য করে ফুটবল পাড়ায় রীতিমতো ভূমিকম্প ঘটিয়েছেন প্রখ্যাত চিন্তাবিদ সলিমুল্লাহ খান। এক অনানুষ্ঠানিক আড্ডায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন, লিওনেল মেসিকে তিনি বিশ্বের প্রথম তো দূরের কথা, তৃতীয় শ্রেণীর ফুটবলারও মনে করেন না।

তিনি মন্তব্য করেন, মেসির ফুটবল আমি দেখি না, কিন্তু যা শুনি তাতে মনে হয় তার খেলা বোরিং। এই যে ড্রিবলিং-পাশ এগুলো আসলে সব গতানুগতিক। ফুটবলকে তিনি যে উচ্চতায় নিতে চেয়েছেন তা আমার কাছে ‘ফলস’ বা কৃত্রিম মনে হয়। সলিমুল্লাহ খানের এই পর্যবেক্ষণে রীতিমতো বিস্ময়ের ঢেউ লেগেছে ফুটবল প্রেমীদের মাঝে। বিশেষ করে, যখন মেসি চলতি বিশ্বকাপে হ্যাট্রিক করে মাঠ মাতাচ্ছেন, তখন তার খেলাকে বিরক্তিকর আখ্যা দেওয়ায় সাধারণ সমর্থকরা হতবাক।

তবে সলিমুল্লাহ খানের এই তীর্যক মন্তব্যে আশার আলো দেখছেন বাংলাদেশের ব্রাজিল সমর্থক গোষ্ঠী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিল ফ্যানদের বিভিন্ন গ্রুপে এই মন্তব্যটি রীতিমতো পার্লামেন্টারি বিল-এর মর্যাদা পেয়েছে। এক কট্টর ব্রাজিল সমর্থক ফেসবুকে লিখেছেন, অবশেষে একজন দার্শনিক পাওয়া গেল যিনি সত্যটা সাহস করে বলেছেন! মেসির ফুটবল যে তিন নম্বর মানের, এটা তো আমরা বহু আগে থেকেই বলে আসছি। আরেকজন সমর্থক সংহতি জানিয়ে মন্তব্য করেছেন, সলিমুল্লাহ স্যারের মত উচ্চমার্গীয় চিন্তাবিদরা যখন বলেন, তখন বুঝতে হবে এর পেছনে নিশ্চয়ই গভীর কোনো গাণিতিক বা শৈল্পিক যুক্তি আছে। ফুটবলটা আসলে পেলেরই, বাকিরা তো সব থার্ড ক্লাস।

এদিকে, মেসি ভক্তরা এই মন্তব্যকে দেখছেন বৌদ্ধিক বিনোদন হিসেবে। তাদের মতে, সলিমুল্লাহ খান সম্ভবত মাঠের ঘাসের ফ্রিকোয়েন্সি আর বলের বায়ুগতিবিদ্যার সাথে তাল মেলাতে না পেরে এমনটা বলেছেন।

এখন পর্যন্ত সলিমুল্লাহ খানের কার্যালয় থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে শোনা যাচ্ছে, আগামী বইমেলায় মেসি: একটি তৃতীয় শ্রেণীর ফুটবল দর্শন নামে কোনো প্রবন্ধ সংকলন বের হলে অবাক হওয়ার কিছু থাকবে না। আপাতত, বাংলাদেশের ফুটবল প্রেমীরা মাঠের বল আর সলিমুল্লাহর শব্দের লড়াই—দুটোকেই সমান তাগিদে উপভোগ করছেন।

৩৫৫ পঠিত ... ১৪:৩৮, জুন ২৭, ২০২৬

Top