রইদের সোদনে ‘রইদ’ দেখতে যেতে পারছেন না এক ভক্ত

১৪ পঠিত ... ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে

 

চলছে তীব্র দাবদাহ। বাইরে এমন রইদ যে, রাস্তায় বের হলেই মনে হচ্ছে সূর্য ব্যক্তিগতভাবে সবার সঙ্গে শত্রুতা ঘোষণা করেছে। এর মধ্যেই মুক্তি পেয়েছে পরিচালক মেজবাউর রহমান সুমনের আলোচিত সিনেমা ‘রইদ’। কিন্তু সিনেমাটি নিয়ে আলোচনার চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছেন এক দুর্ভাগা ভক্ত, যিনি রইদের কারণে ‘রইদ’ দেখতে যেতে পারছেন না।

সে ভক্ত আমাদের বলেন, আমি অনেক দিন ধরেই ‘রইদ’-এর অপেক্ষায় ছিলাম। কিন্তু যেদিন থেকে ‘রইদ’ মুক্তি পেয়েছে, সেদিন থেকেই আসল রইদও ফুল ফর্মে নেমে এসেছে। এখন ‘রইদ’ দেখতে হলে আগে রইদের সঙ্গে যুদ্ধ জিতে হল পর্যন্ত পৌঁছাতে হবে।

জানা গেছে, গত তিন দিন ধরে তিনি সিনেমা হলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে বারান্দায় গিয়ে ফিরে এসেছেন। প্রথম দিন দরজা খুলতেই গরম বাতাসের চড় খেয়ে সিদ্ধান্ত বদলান। দ্বিতীয় দিন রিকশা ডাকতে গিয়ে দেখেন, রিকশাওয়ালা নিজেই ছায়ার নিচে বসে জীবন নিয়ে ভাবছেন। তৃতীয় দিন হলে যাওয়ার উদ্দেশ্যে বের হলেও মোড়ের মাথায় গিয়ে মনে হয়েছে, তিনি সম্ভবত মরুভূমির দিকে হাঁটছেন।

এদিকে ভক্তের এই করুণ অবস্থার খবর পেয়ে স্থানীয় রইদপ্রেমীরা সংহতি প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, একজন মানুষ রইদ দেখতে পারবে না শুধু রইদের কারণে, এটা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে, ভুক্তভোগী ভক্ত বর্তমানে ‘রইদ’-এর ট্রেলার চালিয়ে ফ্যানের নিচে বসে কল্পনায় পুরো সিনেমা দেখার চেষ্টা করছেন। তবে এতে খুব একটা লাভ হচ্ছে না।

এ বিষয়ে আবহাওয়া বিশ্লেষকেরা জানিয়েছেন, আগামী কয়েক দিনও রইদের তেজ অব্যাহত থাকতে পারে। ফলে ‘রইদ’ দেখতে হলে দর্শকদের আগে রইদের সঙ্গে সমঝোতা করতে হতে পারে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি দাবি উঠেছে। সিনেমা হল পর্যন্ত শীতাতপনিয়ন্ত্রিত টানেল নির্মাণ করা হোক, যাতে দর্শকরা রইদের হাত থেকে বেঁচে ‘রইদ’ উপভোগ করতে পারেন।

সবশেষে হতাশ ভক্ত বলেন, জীবনে অনেক কিছু হারিয়েছি। কিন্তু রইদের জন্য ‘রইদ’ দেখতে না পারার কষ্টটা আলাদা। মনে হচ্ছে, সূর্য নিজেই সিনেমাটার সবচেয়ে বড় স্পয়লার।

১৪ পঠিত ... ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে

Top