বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর পর্দা উঠতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। ক্যাটলি পেরি, জে বালভিন আর লিসার মতো বিশ্বখ্যাত তারকাদের লাইনআপ ঘোষণা করেছে ফিফা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে ভিন্ন এক ঝড়। ফুটবলপ্রেমী এবং সংগীতবোদ্ধা নেটিজেনদের দাবি, সব আয়োজন বৃথা যাবে যদি সেখানে না থাকেন বাংলা গানের লিভিং লেজেন্ড ড. মাহফুজুর রহমান।
ফেসবুক ও এক্স-এ ছড়িয়ে পড়া একটি পিটিশনে দাবি করা হয়েছে, মেক্সিকো বা লস অ্যাঞ্জেলেসের উদ্বোধনী মঞ্চে মাহফুজুর রহমানের উপস্থিতি ছাড়া বিশ্বকাপের এই মেগা আসর পূর্ণতা পাবে না।
শোনা যাচ্ছে, ভক্তদের এই আবদারের কথা মাথায় রেখে ড. মাহফুজুর রহমান ইতোমধ্যেই একটি বিশেষ থিম সং তৈরি করেছেন। গানের কথাগুলো লিক হয়ে যাওয়ায় নেট দুনিয়ায় রীতিমতো কম্পন শুরু হয়েছে। তার সেই কালজয়ী সুরের মূর্ছনায় গানের শুরুটা নাকি হবে এমন:
ঘুমাতে পারি না সারারাত ধরে,
বুকের ভেতর বিশ্বকাপ বিশ্বকাপ করে!
স্টুডিও সূত্র জানিয়েছে, এই গানে তিনি বিশেষ অটো-টিউন বর্জন করে তার চিরচেনা সেই ন্যাচারাল ভাইব ধরে রেখেছেন, যা শুনলে গোলরক্ষকরাও গোলপোস্ট ছেড়ে নাচতে শুরু করবেন বলে দাবি ভক্তদের।
একজন নেটিজেন মন্তব্য করেছেন, যদি কানাডায় নোরা ফাতেহি নাচতে পারেন, তবে ড. মাহফুজুর রহমান কেন স্টেজ কাঁপাতে পারবেন না?অন্য এক ভক্ত লিখেছেন, ক্যাটি পেরি আর শাকিরা তো প্রতিবারই গান। এবার আমরা চাই এমন কাউকে, যার গান শুনলে প্রতিপক্ষ দলের ডিফেন্ডাররা ভ্যাবাচ্যাকা খেয়ে যাবে।
গুঞ্জন উঠেছে, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নাকি ব্যক্তিগতভাবে এটিএন বাংলার চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা করছেন। যদিও মাহফুজুর রহমান বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে কিছুটা বিশ্রামে আছেন, তবুও ভক্তদের বিশ্বাস, বিশ্বকাপের টানে তিনি ফিরবেনই। তার জন্য বিশেষ কোনো স্যুট বা ড্রেস ডিজাইন করা হচ্ছে কি না, তা নিয়ে ডিজাইন পাড়ায় চলছে ব্যাপক কানাঘুষা।
উল্লেখ্য যে, যদি তিনি শেষ পর্যন্ত রাজি হন, তবে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে লিসা (ব্ল্যাকপিংক) এর সাথে তার একটি ডুয়েট পারফরম্যান্স দেখার স্বপ্নও দেখছেন অনেক নেটিজেন।


