পশ্চিমবঙ্গে চলছে বুলডোজার ফেস্টিভ্যাল, বাংলাদেশ থেকে যোগ দিতে পারে ছাত্র সংসদ মবস্টাররা

১১ পঠিত ... ৪ ঘন্টা ২৩ মিনিট আগে

WhatsApp Image 2026-05-07 at 5.03.47 PM

পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপির জয়ের পর  শুরু হয়েছে এক জমকালো বুলডোজার উৎসব। পাড়ায় পাড়ায় এখন থিম সং বাজছে, মেরা বুলডোজার আয়েগা। ভারতের এই মেগা ইভেন্টে অংশ নিতে বাংলাদেশ থেকে কয়েকশ অভিজ্ঞ মবস্টার এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার (যারা হাতুড়ি ও বুলডোজার দিয়ে স্ট্রাকচার ভাঙতে পারদর্শী) ভিসা আবেদন করেছেন।

প্রতিনিধি দলের প্রধান, যিনি এক সময় একটি ছাত্র সংসদের ভিপি অফ মবিং ছিলেন, তিনি বলেন, দেখুন, বুলডোজার দিয়ে ভাঙচুর করা তো আর শুধু একটা কাজ নয়, এটা একটা আর্ট। আমাদের দেশেও এক সময় আমরা মানুষের ঘর বাড়ি, দোকানপাট—সবই বুলডোজার দিয়ে সমান করে দিতাম। ভারতে এখন উৎসব চলছে, তাই আমরা ভাবলাম আমাদের স্কিলটা সেখানে গিয়ে একটু ঝালাই করে আসি।

জানা গেছে, এই সফরের মূল উদ্দেশ্য হলো নলেজ শেয়ারিং। ভারতের বুলডোজার চালকরা কীভাবে একদম নিখুঁতভাবে টার্গেট খুঁজে বের করে, আর বাংলাদেশের মবস্টাররা কীভাবে এক নিমেষে একটি সাজানো সংসদ বা ক্যাম্পাসকে ধ্বংসস্তূপে পরিণত করে—তা নিয়ে দুই দেশের মধ্যে সেমিনার হবে। সেমিনারের শিরোনাম—ফ্রম মব টু বুলডোজার: সাকসেস স্টোরি অফ ডেমোলিশন।

উৎসবে একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে দেখা হবে, কত দ্রুত একটি ৩ তলা ভবনকে মবে পরিণত করা যায়। বাংলাদেশ দল আত্মবিশ্বাসী যে, তারা এবার বেস্ট মবস্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি ছিনিয়ে আনবে। দলের এক সদস্য হাতুড়িতে শাণ দিতে দিতে বললেন, আমাদের তো প্র্যাকটিস অনেক দিনের। আগে তো শুধু হাতুড়ি-হেলমেট ছিল, এখন বুলডোজার পাইলে তো ইন্ডিয়ার রাস্তাঘাট আয়না বানাইয়া দিয়া আসমু!

সফরের প্যাকেজে যা থাকছে:

  • বুলডোজার সাফারি: ভারতের বিভিন্ন গলি দিয়ে বুলডোজার চালিয়ে যাওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা।
  • ইনস্ট্যান্ট জাস্টিস ওয়ার্কশপ: কীভাবে আইন-কানুনের তোয়াক্কা না করে সরাসরি একশনে যাওয়া যায়।
  • সেলফি উইথ ডেব্রিস: ভাঙা ইটের স্তূপের ওপর দাঁড়িয়ে লেন্সের দিকে তাকিয়ে একটা ভিক্টরি সাইন দিয়ে ছবি তোলা।

তবে পরিবেশবাদীরা এই উৎসব নিয়ে চিন্তিত। তাদের মতে, বুলডোজারের ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। কিন্তু মবস্টার প্রতিনিধি দল পাল্টা যুক্তি দিয়ে বলেছে, পরিবেশের কথা ভাবলে তো আর প্রগতি (ভাঙা) সম্ভব না। ভাঙার আনন্দ যে কত, সেটা বুলডোজারের স্টিয়ারিংয়ে না বসলে বুঝবেন না!

এদিকে ভারতের আয়োজক কমিটি জানিয়েছে, বাংলাদেশের মবস্টারদের জন্য বিশেষ স্পাইসি মোমো ও বুলডোজার শরবত-এর ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিনিধি দলটি কাল সকালেই মব স্পেশাল বাসে করে সীমান্তের দিকে রওনা দিবে।

১১ পঠিত ... ৪ ঘন্টা ২৩ মিনিট আগে

Top