ফুটবল বিশ্বকাপের এখনও বেশ কয়েক মাস বাকি থাকলেও দেশের আকাশে বাতাসে ফুটবল ওয়ার্ল্ডকাপের সুবাস পাওয়া যাচ্ছে। আর সেই সুবাসে জেগে উঠছেন সিজনাল ফ্যানেরা। কিছুদিন আগেও যাদের কোনো অস্তিত্বই পাওয়া যেত না, তাদের কোলাহলে আস্তে আস্তে ভরে উঠছে চারপাশ। জানা গেছে তারা নিজেদের প্রিয় দলের প্লেয়ারদের নাম মুখস্ত করতে শুরু করেছেন। এছাড়া রাত জেগে খেলা দেখার জন্য কাঁথা-কম্বল কেনার পাশাপাশি ফোনে ও ল্যাপটপে ডাউনলোড করছেন খেলা দেখার বিভিন্ন অ্যাপ। প্রোফাইল পিকচারে জায়গা করে নিচ্ছে মেসি, রোনালদো, পেলে, ম্যারাদোনাসহ নাম করা সব প্লেয়াররা।
সরেজমিনে সিজনাল ফ্যানদের সাক্ষাৎকার নিতে আমাদের প্রতিনিধি নেমে পড়েছিল রাস্তায়। একজন সিজনাল ব্রাজিল ফ্যানের সাথে কথা হলে তিনি আমাদেরকে বলেন, ভাই যত যা-ই বলেন ব্রাজিল সেরা! কয়টা বিশ্বকাপ জিতছে এই পর্যন্ত বলেন? আমি সালসহ সব মুখস্ত করছি, প্লেয়ারদের নামও মুখস্ত করা শেষ। খালি পেলে যে খেলবে না এবার ম্যাচে এই নিয়ে একটু দুঃখে আছি। পেলে খেললে আমাদের জেতা কেউ ঠেকাইতে পারত না!
অন্যদিকে রাস্তায় দেখা হয়ে গেল হাফ ব্রাজিল, হাফ আর্জেন্টির জার্সি পরা এক পাগলা ফ্যানকে। তার এমন বিশেষ জার্সি পরার কারণ জিজ্ঞেস করলে তিনি জানান, ভাই আমার দুজন বান্ধবী আছে। তাদের একজনের পছন্দ ব্রাজিল, আরেকজনের আর্জেন্টিনা। আমি কারও মনে কষ্ট দিতে চাই না তাই দুটোই একসাথে পরেছি! এমনিতে আমার ফেভারিট দল হইল বাংলাদেশ! শুনলাম এবার নাকি মেসি বাংলাদেশের হয়ে খেলবে! বিশ্বকাপটা এবার আমাদের হবেই!
চায়ের দোকানে যেয়ে একজন আর্জেন্টাইন ফ্যানকে পেয়ে কথা বলতেই উনি বেশ ঝাঁঝালো কন্ঠে জানালেন, সিজনাল ফ্যান আবার কী? জন্মের পর থেকেই আমি আর্জেন্টাইন সাপোর্টার! সিজনাল ফ্যান বলবেন না! আমরা যা খেলা বুঝি, আপনারাও তা বোঝেন না! এই যে খেলার সব নিয়ম কানুন রিভাইস করে ফেলছি! কিন্তু ব্রো, একটা জায়গায় বেশ কনফিউশনে আছি, আর্জেন্টিনা জিতলে ভ্যামোস আর্জেন্টিনা বলব নাকি ব্রাভো ব্রাজিল বলে ব্রাজিলকে গালি দেব?
আরেকজন প্রভাবশালী সিজনাল ফ্যান হুমকি দিয়ে বলেছেন, এবারের বিশ্বকাপ যদি আমার দল না জেতে, তবে আমি ফিফা আনইনস্টল করে দেবো! তার দল কোনটা জিজ্ঞেস করতে তিনি জানান, সান মারিনো!
এদিকে আরেকজন ফ্যান আমাদেরকে বেশ প্রতিবাদের সুরে জানান, ফিফার এইসব সিস্টেম আমি বুঝি না! প্রতিবার নতুন নতুন প্লেয়ার নেওয়া লাগে কেন? প্লেয়ারদের নাম মুখস্ত করতে করতে মাথা নষ্ট! ফেসবুকে ঝগড়ার সময় নাম মনে করতে পারি না! নতুন প্লেয়ার নিলেও তাদের ডাকনাম দিয়ে দিক মেসি-১, মেসি-২ এভাবে! এই সিস্টেমের তীব্র প্রতিবাদ জানিয়ে গেলাম!
এদিকে, পাড়ার চায়ের দোকানগুলোতেও উত্তেজনা তুঙ্গে। যারা নিয়মিত প্রিমিয়ার লিগ বা লা লিগা দেখেন, তারা এখন বেশ কোণঠাসা। তাদের একজন দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভাই, সারা বছর লিগ দেখে শেষ করলাম আমরা, আর এখন বিশ্বকাপের নাম শুনলেই যারা মেসি-রোনালদোর বানান ভুল করে, তারা এসে আমাদের ট্যাকটিকস শিখাচ্ছে!


